বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৮:৫৯ পি.এম
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আবারও মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমা দেড় মাস বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকার কর্তৃক মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আগে, মোটরসাইকেলের পেছনের অংশের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছিল বিআরটিএ’র পক্ষ থেকে। এজন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
নির্দেশনায় বলা হয়েছে, মালিকদের নিজেদের উদ্যোগে এ নম্বরপ্লেট বসাতে হবে। পূর্বে জানানো হয়েছিল, মোটরসাইকেল চালকদের ১৫ নভেম্বরের মধ্যে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৬ অক্টোবর বিআরটিএ একটি জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়।
সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এখন থেকে পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করতে হবে।
সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের আকার মোটরসাইকেলের ধরন অনুযায়ী নির্ধারণ করেছে বিআরটিএ। স্কুটারের জন্য নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
এসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় লেখা যাবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভে অংশ নেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরের পর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পুলিশ যখন তাদের মহাসড়ক থেকে সরাতে চেষ্টা করে, তখন বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কোনাবাড়ী ও কাশিমপুরে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেলের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কাতার ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ এবং ভোটের ফল প্রভাবিত করার জন্য অর্থায়নের অভিযোগকে ‘হাস্যকর ও বিপজ্জনক’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই অভিযোগকে ভিত্তিহীন হিসেবে নাকচ করেছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আল-আনসারি উল্লেখ করেছেন, ‘কাতার ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ করেছে কিংবা নির্বাচনের ফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ডে অর্থায়ন করেছে—এমন অভিযোগ আমরা দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করছি।’
তিনি আরও বলেন, ইসরাইলের কিছু রাজনীতিক এবং তাদের সঙ্গে যুক্ত গণমাধ্যমকর্মীরা কাতারের বিরুদ্ধে এসব অভিযোগ তুলছেন। এর আগে কাতারের বিরুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইলের রাজনৈতিক বামপন্থিদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছিল। সর্বশেষ প্রচারে আরব ভোটারদেরও প্রভাবিত করার অভিযোগ উঠেছে।
আল-আনসারি মন্তব্য করেন, ‘কাতারকে নিয়ে এসব অভিযোগ একই সঙ্গে হাস্যকর ও বিপজ্জনক।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হাল্ট প্রাইজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হোসেন গাজী এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হয়েছেন তাওহীদ আহমেদ।
কমিটিতে বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ খান, নাবিয়ান বিন খালিদ, ফারজানা জাহান, তাসমিয়া ইসলাম তিশা, ওবায়দুর রহমান ও রুহিন হোসেন রুমি।
এছাড়া ২৪ ব্যাচ থেকে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন রুকাইয়া আফিয়া নেহা, শাহরিয়ার ইসলাম শিহাব, আহনাফ তাহমিদ, জান্নাতুল ফেরদৌস মহিমা, আব্দুল মুকিত সৌরভ, ইথুন কুমার সাহা, আশরাফুল আলম, মুজাহিদ ইসলাম ও সাউদিয়া জামান সিনথী।
২৫ ব্যাচ থেকে সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদুল ইসলাম, ফারিহা জান্নাত, সাইফ রসুল খাঁন, মাইশা পারভিন, মোহাইমিনূর হাসান সানী, মো. ফাহিম ফয়সাল, মাহফুজ আহমেদ, মাসরুরুল হাসান তানজিম ও সাবিত হাসান অর্ক।
অন্যদিকে, ২৬ ব্যাচ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পেয়েছেন গালিব মোঃ আবদুল্লাহ্, মো. নাদিম হাসান, রাহুল কাঞ্জিলাল, মো. নাইমুল ইসলাম কাব্য, মো. ফারহান লাবীব, ওয়াসিয়া মুরসালাত মেধা ও আবিদ হাসান তালুকদার।
নতুন কমিটির ক্যাম্পাস ডিরেক্টর মো. নাজমুল হোসেন গাজী বলেন, "হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগের মাধ্যমে বিশ্বের বাস্তব সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার একটি অসাধারণ প্ল্যাটফর্ম।" হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে তাঁর লক্ষ্য হলো, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন কিছু করার সুযোগ তৈরি করা এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে উৎসাহিত করা।
তিনি আরও বলেন, "আমরা চাই, শিক্ষার্থীরা এমন কিছু আইডিয়া নিয়ে কাজ করুক, যা পরিবেশ রক্ষা, টেকসই উন্নয়ন এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই মেধা ও সক্ষমতা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমন কিছু উদ্যোগ উঠে আসবে, যা ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দূরপাল্লার ট্রেনে রাতের যাতায়াতের সময় মোবাইল ফোন চার্জ দেওয়ার অনুমতি থাকবে না নির্দিষ্ট ছয় ঘণ্টার জন্য। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় চার্জিং পয়েন্টগুলো বন্ধ থাকবে। ভারতীয় রেল বোর্ড রেলকর্মীদের কঠোরভাবে এই নিয়ম মানার নির্দেশ দিয়েছে। চলন্ত ট্রেনে পাওয়ার ব্যাংক বিস্ফোরণের ঘটনার পর বৈদ্যুতিক সুরক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষ নতুন করে সতর্ক হয়েছে।
রেলওয়ে বোর্ডের নির্দেশে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে সকল রেলওয়ে জোনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের সতর্ক করা হবে এবং রেলকর্মীদেরও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করতে হবে।
নির্দেশটি যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য রেলের আধিকারিক ও তত্ত্বাবধায়কদের আকস্মিক পরিদর্শন পরিচালনা করতে বলা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে সকল কোচের চার্জিং পয়েন্ট বন্ধ রাখা হচ্ছে কি না, তা তারা পরীক্ষা করবেন। নিরাপত্তাব্যবস্থা কার্যকরে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছে রেলওয়ে বোর্ড। নির্দেশ অমান্য বা অনিয়মের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রেলকর্মীকে জবাবদিহি করতে হবে।
এটি উল্লেখযোগ্য যে, চলন্ত ট্রেনে রাতে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নিয়মটি নতুন নয়। ২০১৪ সালে প্রথমবারের মতো এই নিয়ম চালু করা হয়েছিল। বেঙ্গালুরু–হজুর সাহিব নান্দেদ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার পর রেলওয়ে সেফটি কমিশনারের সুপারিশে এ ধরনের নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়। বর্তমানে ট্রেনে আগুন লাগার ঝুঁকি কমাতে নিয়মটি কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ