০৭:৩৪ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান দুর্গাপূজার শিক্ষা থেকে সত্য প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচার দূর করার প্রেরণা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে এবং অন্যায়-অবিচার দূর করতে মানুষকে নিরন্তর সংগ্রাম করতে হয়।" মা দুর্গার শিক্ষা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা দেয়।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটির আয়োজনে দুর্গাপূজা পরিদর্শন ও মহাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী শারদ সংকলন ‘সৌহার্দ-১৪৩৩’-এর মোড়ক উন্মোচন করেন।
আরও পড়ুন: লালমোহনে রাস্তার পাশের দুই শতাধিক গাছ সাবাড় করলেন স্কুলশিক্ষক
ড. আবদুল মঈন খান আরও বলেন, দুর্গাপূজা বাংলার আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রবাহে দুর্গাপূজার ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। পূজার আয়োজনের পাশাপাশি সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের পরিচয় বহন করে। এসব ঐতিহ্য সংরক্ষণ করা সবার দায়িত্ব।
তিনি বলেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়ের ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। কে কোন ধর্মের বা বর্ণের, সেটি বড় কথা নয়; "আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের গর্বের পরিচয়।"
আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটি-২০২৬-এর সভাপতি বিশ্বজিৎ বৈশ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য সমর চন্দ্র পাল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সারোয়ার ভূইয়া।
আরও পড়ুন: চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা, একজনকে বাধ্যতামূলক অবসর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন