১২:১৩ পি.এম
॥ মলয় কুমার দত্ত ॥
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে সংরক্ষিত বিলুপ্ত পাঁচ প্রজাতির পাখি জীববৈচিত্র্য হারানোর করুণ স্মারক হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে, এই পাখিগুলো বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় বৈজ্ঞানিক গবেষণা ও সংরক্ষণ প্রচেষ্টার গুরুত্বকে তুলে ধরছে।
বিলুপ্ত পাখিগুলো অন্তর্ভুক্ত রয়েছে- বাখম্যানস ওয়ার্বলার, হিথ হেন, কাউয়াই ওও, ক্যারোলাইনা প্যারাকিট এবং প্যাসেঞ্জার পিজিয়ন। ‘ফ্রম দিজ ল্যান্ডস : শেয়ারিং আওয়ার ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ’ শীর্ষক প্রদর্শনীতে এই পাখিগুলোর সংরক্ষিত নমুনা প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুন: অগ্নিসংযোগে জড়িতদের ধরিয়ে দিলেই মিলবে ২০ হাজার টাকা পুরস্কার
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি এবং পাঁচটি মার্কিন অঞ্চলের প্রতিনিধিত্বকারী প্রাকৃতিক ইতিহাসের ৬০০টিরও বেশি নিদর্শন নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
দর্শনার্থীদের প্রজাতি বিলুপ্তির কারণ সম্পর্কে সচেতন করা এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের পরিবর্তনে মানুষের কর্মকাণ্ডের ভূমিকা তুলে ধরার উদ্দেশ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিলুপ্ত পাঁচ পাখি, পাঁচটি গল্প
পাঁচ প্রজাতির পাখির বিলুপ্তির পেছনে সংরক্ষণব্যবস্থার বিভিন্ন ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। আবাসস্থল ধ্বংস, অতিরিক্ত শিকার, আগ্রাসী বহিরাগত শিকারি প্রাণীর বিস্তার এবং রোগব্যাধি এসব প্রজাতির বিলুপ্তির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
আরও পড়ুন: মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু
বাখম্যানস ওয়ার্বলার : জলপাই রঙের সঙ্গে কালো ও হলুদ বর্ণের এই পাখিটির অস্তিত্ব বন্য পরিবেশে সর্বশেষ নিশ্চিত করা হয়েছিল ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের চার্লসটনের আশপাশে। এ প্রজাতির সর্বশেষ সংগৃহীত নমুনাটি ১৯৪৯ সালে মিসিসিপিতে পাওয়া যায়।
২০০২ সালে ৩ হাজার ৯০০ একর এলাকায় ১৬৬ ঘণ্টা ব্যাপক অনুসন্ধান চালিয়েও গবেষকেরা পাখিটির সন্ধান পাননি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস আনুষ্ঠানিকভাবে প্রজাতিটিকে বিলুপ্ত ঘোষণা করে। প্রজনন ও শীতকালীন আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়া এর বিলুপ্তির অন্যতম কারণ বলে মনে করা হয়।
হিথ হেন : গ্রেটার প্রেইরি-চিকেনের একটি উপপ্রজাতি হিথ হেন অতিরিক্ত শিকারের কারণে বিলুপ্তির পথে চলে যায়। এ প্রজাতির সর্বশেষ টিকে থাকা জনগোষ্ঠী ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মার্থাস ভিনইয়ার্ড দ্বীপে সীমাবদ্ধ ছিল। দাবানল, তীব্র শীত, শিকারি প্রাণীর আক্রমণ ও রোগব্যাধির সম্মিলিত প্রভাবে শেষ পর্যন্ত অবশিষ্ট পাখিগুলোও বিলুপ্ত হয়ে যায়।
কাউয়াই ওও : একসময় হাওয়াইয়ের কাউয়াই দ্বীপের বনাঞ্চলে পরিচিত কণ্ঠস্বর ছিল এই পাখিটির। আবাসস্থল ধ্বংস, মশাবাহিত রোগ এবং আগ্রাসী বহিরাগত স্তন্যপায়ী প্রাণীর শিকারের কারণে পাখিটি হারিয়ে যায়। এর বিলুপ্তির মধ্য দিয়ে দ্বীপটির প্রাকৃতিক শব্দভান্ডারেরও একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যায়।
আরও পড়ুন: প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু
ক্যারোলাইনা প্যারাকিট : উজ্জ্বল রঙের এই পাখিটি বন উজাড়, শিকার, রোগব্যাধি এবং পোষা পাখির বাণিজ্যের জন্য ধরে রাখার কারণে বিলুপ্ত হয়। এর বিলুপ্তি দেখায়, মানুষের কর্মকাণ্ড থেকে সৃষ্ট একাধিক চাপ একসঙ্গে কীভাবে স্থানীয় বন্যপ্রাণীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।
প্যাসেঞ্জার পিজিয়ন : একসময় উত্তর আমেরিকার সবচেয়ে বেশি সংখ্যায় থাকা পাখিগুলোর একটি ছিল প্যাসেঞ্জার পিজিয়ন। বিশাল ঝাঁকে উড়ে যাওয়ার সময় পাখিগুলো ঘণ্টার পর ঘণ্টা আকাশ অন্ধকার করে রাখত। কিন্তু অনিয়ন্ত্রিত শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে কয়েক দশকের মধ্যেই এদের সংখ্যা ধসে পড়ে। সর্বশেষ পরিচিত প্যাসেঞ্জার পিজিয়ন ‘মার্থা’ ১৯১৪ সালে সিনসিনাটি চিড়িয়াখানায় মারা যায়।
জীববৈচিত্র্য হ্রাসে মানুষের কর্মকাণ্ড
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে পাখির বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হওয়ার পেছনে মানুষের কর্মকাণ্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির পরিবেশবিষয়ক মডেল বিশ্লেষক রব কুকের মতে, ২০২৩ সালে প্রকাশিত এক গবেষণায় অনুমান করা হয়, গত ১ লাখ ৩০ হাজার বছরে অন্তত ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ প্রজাতির পাখি বিলুপ্ত হয়েছে।
গবেষণায় নথিভুক্ত বিলুপ্তির তথ্যের পাশাপাশি জীবাশ্ম রেকর্ড থেকে পাওয়া অনুমান যুক্ত করা হয়। এতে ইঙ্গিত পাওয়া যায়, বিলুপ্ত পাখির প্রকৃত সংখ্যা আগে ধারণা করা সংখ্যার প্রায় দ্বিগুণ।
পাখির প্রায় ৯০ শতাংশ বিলুপ্তির ঘটনা ঘটেছে দ্বীপাঞ্চলে। এসব এলাকায় প্রজাতিগুলোর ভৌগোলিক বিস্তৃতি সাধারণত সীমিত হওয়ায় বাইরে থেকে আসা শিকারি প্রাণীর কারণে সেগুলো বিশেষভাবে ঝুঁকির মুখে পড়ে।
সাম্প্রতিক গবেষণায় টিকে থাকা পাখিদের জন্যও ক্রমবর্ধমান হুমকির চিত্র উঠে এসেছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারিতে ৩০০ জন নির্বাচিত
বার্ডলাইফ ইন্টারন্যাশনালের ২০২৬ সালের সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে পরিযায়ী পাখির ৪৫ শতাংশ প্রজাতির সংখ্যা কমছে এবং প্রতি ৯টি প্রজাতির মধ্যে একটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন অঞ্চলে পাখিদের আবাসস্থল বদলে যাচ্ছে, যা তাদের অস্তিত্বের ঝুঁকি বাড়াচ্ছে।
সংরক্ষিত নমুনায় বৈজ্ঞানিক গবেষণার সুযোগ
শিক্ষামূলক গুরুত্বের পাশাপাশি সংরক্ষিত পাখিগুলো বৈজ্ঞানিক গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।
আরও পড়ুন: মার্কিন রাজ্য নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে ৪ বাংলাদেশি বংশোদ্ভূত বিজয়ী
সংরক্ষিত দেহের বিভিন্ন অংশের পরিমাপ নিয়ে গবেষকেরা বিলুপ্ত প্রজাতির শারীরিক বৈশিষ্ট্য পরীক্ষা করতে পারেন। পায়ের আঙুলের প্যাডসহ শরীরের বিভিন্ন অংশ থেকে নেওয়া ক্ষুদ্র টিস্যুর নমুনায় জিনগত উপাদান থাকতে পারে, যা দিয়ে বিজ্ঞানীরা সম্পূর্ণ জিনোম পুনর্গঠন করতে পারেন।
জাদুঘরটির উত্তর আমেরিকার প্রত্নতত্ত্ববিষয়ক কিউরেটর টরবেন রিক বলেন, জিনগত গবেষণার মাধ্যমে বিলুপ্ত ও বর্তমানে টিকে থাকা প্রজাতির বিবর্তনীয় সম্পর্ক জানা যায়। একই সঙ্গে বিলুপ্তির আগে কোনো প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তাও শনাক্ত করা সম্ভব।
বিজ্ঞানীরা স্থিতিশীল আইসোটোপ পদ্ধতি ব্যবহার করে পালকের নমুনা বিশ্লেষণের মাধ্যমে অতীতের খাদ্যাভ্যাস, পরিযানের ধরন এবং পরিবেশগত অবস্থা পুনর্গঠন করতে পারেন।
এ ধরনের গবেষণা অতীতের বাস্তুতন্ত্র সম্পর্কে মূল্যবান তথ্য দেয় এবং পরিবেশগত পরিবর্তন টিকে থাকা প্রজাতিগুলোর ওপর কী প্রভাব ফেলে, তা বুঝতে বিজ্ঞানীদের সহায়তা করে।
গুয়াম রেল দেখাচ্ছে পুনরুদ্ধারের সম্ভাবনা
প্রদর্শনীটি শুধু বিলুপ্তির চিত্র তুলে ধরেনি; গুয়াম রেলের উদাহরণের মাধ্যমে সফল সংরক্ষণ প্রচেষ্টার কথাও তুলে ধরা হয়েছে।
দ্বীপাঞ্চলের এই পাখিটি প্রায় ৪০ বছর ধরে বন্য পরিবেশে বিলুপ্ত হিসেবে শ্রেণিবদ্ধ ছিল। তবে সমন্বিত বন্দি প্রজনন ও পুনরায় বন্য পরিবেশে অবমুক্ত করার কর্মসূচির মাধ্যমে এর সংখ্যা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
প্যাসেঞ্জার পিজিয়ন ও গুয়াম রেলের বিপরীত অভিজ্ঞতা দেখায়, সময়মতো বৈজ্ঞানিক হস্তক্ষেপ এবং সংগঠিত সংরক্ষণ কর্মসূচি বিপন্ন প্রজাতির টিকে থাকার ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলতে পারে।
বন্দি অবস্থায় প্যাসেঞ্জার পিজিয়নের শেষ জীবিত পাখিগুলোর প্রজননের চেষ্টা ব্যর্থ হয়েছিল। অন্যদিকে, সংরক্ষণবিদদের উদ্যোগে গুয়াম রেলকে আবারও তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষের আশা, এ তুলনা দর্শনার্থীদের বুঝতে সাহায্য করবে যে, প্রতিটি বিপন্ন প্রজাতির বিলুপ্তি অবধারিত নয়।
সংরক্ষণে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ
বিশেষজ্ঞরা বলছেন, পাখির কোনো প্রজাতির বিলুপ্তি শুধু জীববৈচিত্র্যর ক্ষতি নয়; এর প্রভাব আরও বিস্তৃত। বীজের বিস্তার ও উদ্ভিদের পরাগায়ণসহ বাস্তুতন্ত্রে পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে কোনো প্রজাতির বিলুপ্তি বৃহত্তর বাস্তুতান্ত্রিক কার্যক্রমেও বিঘ্ন ঘটাতে পারে।
সংরক্ষিত নমুনাগুলো ইতোমধ্যে হারিয়ে যাওয়া জীববৈচিত্র্যর প্রমাণ বহন করছে। একই সঙ্গে এসব নমুনা থেকে পাওয়া বৈজ্ঞানিক জ্ঞান ভবিষ্যতের সংরক্ষণনীতি প্রণয়নে সহায়তা করতে পারে।
জাদুঘরের কিউরেটর টরবেন রিক বলেন, মানুষের কর্মকাণ্ড পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে। তবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নেতিবাচক প্রভাবের কিছুটা বিপরীতমুখী পরিবর্তন ঘটানোও সম্ভব।
তিনি আশা প্রকাশ করেন, বৈজ্ঞানিক গবেষণা, লক্ষ্যভিত্তিক সংরক্ষণ কর্মসূচি এবং যথাযথ হস্তক্ষেপের মাধ্যমে বিপন্ন বন্যপ্রাণীর ভবিষ্যৎ আরও সুরক্ষিত করা যাবে।
প্রদর্শনীটির মূল বার্তা হলো, পাঁচ প্রজাতির পাখির বিলুপ্তিকে শুধু অতীতের ঘটনা হিসেবে দেখলে চলবে না। এটি বর্তমানের জন্য সতর্কবার্তা এবং বিশ্বের অবশিষ্ট জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান।
সূত্র: তথ্যগুলো স্মিথসোনিয়ান ম্যাগাজিনের বিজ্ঞানবিষয়ক সহযোগী ওয়েব সম্পাদক কার্লিন ক্র্যাঙ্কিংয়ের লেখা একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। গত ৫ অক্টোবর ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন