১২:১০ পি.এম
উত্তরা ব্যাংক বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, কারণ তারা নিজেদের ভবনের চারটি ফ্লোর ভাড়া দিয়েছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের ভবনে ২০১২ সালে আফতাব গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানকে প্রতি বর্গফুট মাত্র ৬৫ টাকা হারে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল। চুক্তিতে উল্লেখ ছিল যে, দুই বছর পর পর বাজারদর অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণ করা হবে, কিন্তু ১৪ বছরেও তা কার্যকর হয়নি। এর ফলে ব্যাংকের অন্তত ৬২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনেও বিষয়টি গুরুতর অনিয়ম হিসেবে চিহ্নিত হয়েছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উত্তরা ব্যাংকের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম। আজহারুল ইসলাম আফতাব গ্রুপের নির্বাহী চেয়ারম্যান এবং ইফতেখারুল ইসলাম গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকের এমন ভাড়া চুক্তি নিয়ে আপত্তি তুললেও কার্যকর সমাধান করতে পারেনি।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, উত্তরা ব্যাংকের ১৮ তলা নিজস্ব ভবনের চারটি ফ্লোরের প্রায় আট হাজার বর্গফুট জায়গা আফতাব গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়। ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি এসংক্রান্ত চুক্তি হলেও ভাড়া কার্যকর হয় ওই বছরের ১ জুলাই থেকে। প্রতি বর্গফুটের মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৬৫ টাকা।
আরও পড়ুন: নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা
এদিকে, একই ভবনে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ব্যাংকটি অনেক বেশি ভাড়া আদায় করেছে। গ্রামীণফোনের কাছ থেকে প্রতি বর্গফুটে ১৫৮ টাকা ৩৩ পয়সা, এক্স-নেট লিমিটেডের কাছ থেকে ২৫৮ টাকা ৮২ পয়সা এবং র্যাংকস আইটির কাছ থেকে ২৮০ টাকা নেওয়া হয়েছে।
এই হিসাবে আফতাব গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রতি বর্গফুটে মাসিক ভাড়ার ব্যবধান সর্বোচ্চ ২১৫ টাকা। আট হাজার বর্গফুট জায়গার হিসাবে মাসে সম্ভাব্য আয় কমেছে ১৭ লাখ ২০ হাজার টাকা। বছরে এ অঙ্ক দুই কোটি ছয় লাখ ৪০ হাজার টাকা। ১৪ বছরে ব্যবধান দাঁড়ায় ২৮ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা। ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব বিভাগের কর্মকর্তাদের দাবি, চুক্তি অনুযায়ী দুই বছর পরপর বাজারদরে ভাড়া সমন্বয় করা হলে ক্ষতির পরিমাণ ৬২ কোটি টাকা ছাড়িয়ে যেত।
১৯৮৯ সালে চালু হওয়া ব্যাংকটির প্রধান কার্যালয় ভবনে ২০১২ সালে আফতাব ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড ও গ্রুপের প্রধান কার্যালয়কে পঞ্চম তলায় জায়গা দেওয়া হয়। ষষ্ঠ তলায় স্থান পায় সি ট্রেড ফার্টিলাইজার লিমিটেড ও মিলনার্স পাম্পস লিমিটেড। দশম ও একাদশ তলায় বরাদ্দ দেওয়া হয় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সকে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গত অক্টোবরে ডেল্টা লাইফ ভবন ছেড়েছে।
চুক্তির মেয়াদ ছিল ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত। দুই বছর অন্তর বাজারদর বিবেচনায় ভাড়া পুনর্নির্ধারণের কথা থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল এ-সংক্রান্ত কোনো নথি পায়নি। বহিঃনিরীক্ষার হিসাবেও প্রকৃত আর্থিক ক্ষতি যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ।
আরও পড়ুন: ২২ উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ
প্রতিবেদন বলছে, ২০১৪ সালের ১৮ জুন উত্তরা ব্যাংকের কাছে ভাড়া দেওয়ার অনিয়ম নিয়ে ব্যাখ্যা চেয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে একই বছরের ১২ নভেম্বর ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ চুক্তির মেয়াদ পর্যন্ত ভাড়া বহাল রাখার অনুমতি দেয়। তবে ভবিষ্যতে কোনো পরিচালককে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাংকের জায়গা ভাড়া না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
২০১৫ সালের ২২ জানুয়ারি এবং ২০১৮ সালের বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। এরপরও নির্দেশনা বাস্তবায়িত হয়নি। ২০১৯ সালে জায়গা খালি না করার বিষয়ে আদালতের আশ্রয় নেয় উত্তরা ব্যাংক।
ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ১০ ধারা অনুযায়ী, নিজস্ব প্রয়োজনে ব্যবহার না করা স্থাবর সম্পত্তি সাত বছরের বেশি ধরে রাখার সুযোগ নেই। আমানতকারীদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সময় বাড়াতে পারে। কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংক কম্পানি আইনে নিজস্ব ভবন ভাড়া দেওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ রয়েছে। বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে সাময়িকভাবে জায়গা ভাড়া দেওয়া যেতে পারে। কোনো চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যদি নিজের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জায়গা বরাদ্দ দেন, তবে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। নির্দেশনা অমান্য করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ফ্যাসিস্ট আমলে জ্বালানি খাতে দুর্নীতি, অর্থনীতি ঝুঁকিতে
উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, কিছু জায়গা খালি করতে তালা লাগানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব জায়গা খালি করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে, চেয়ারম্যান আজহারুল ইসলামের বক্তব্য জানতে গত ২ ও ৮ নভেম্বর তার কার্যালয়ে যান প্রতিবেদক। প্রথমবার তার স্টাফ অফিসার জানান, চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না। দ্বিতীয়বার নিরাপত্তাকর্মীরা প্রতিবেদককে ভেতরে প্রবেশ করতে দেননি। ৯ নভেম্বর মুঠোফোনে যোগাযোগ করা হলে পরিচয় দেওয়ার পর তিনি কল কেটে দেন। পরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হলেও মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন