০৮:৫৩ পি.এম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বিএনপি যদি ৫ বছর ক্ষমতায় থাকে, তাহলে ইনশাআল্লাহ বিরোধী দলের কথা বলার মতো সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, আমি বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। আপনারা যদি আমাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে মেয়র বানান, ইনশাআল্লাহ দুই বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পাল্টে দেব।
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ, বংশাল থানা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, তবারক বিতরণ এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, এই ঢাকা শহর আগে আবর্জনার শহর ছিল। তবে এখন জনগণ প্রত্যহ এই ঢাকা শহরের পরিবর্তন দেখতে পাচ্ছে। তিনি জনগণকে অনুরোধ করেন যে, শুধুমাত্র সিটি করপোরেশনের পক্ষে ঢাকা শহরটি পাল্টানো সম্ভব নয়; যদি আপনারা সহযোগিতা না করেন। চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগ সামনে আসছে। তাই এখন থেকেই যার যার বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন কোনো পানি দুই দিনের বেশি জমে না থাকে, সেটি পরিষ্কার করতে হবে আপনাদের। তাহলেই দেখবেন এই ডেঙ্গু রোগ থেকে আমরা বাঁচতে পারব। বলেন, সর্বোপরি এই দেশ আমাদের, এই শহর আমাদের। এই শহরকে বাঁচাতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাই আপনাদের সহযোগিতা আমরা চাই।
আরও পড়ুন: স্থানীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: শাহে আলম
তিনি আরও মন্তব্য করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল জনগণের দল ছিল। তাই যখন যখন এই দেশে সংকট এসেছে, মানুষ সেই শহীদ জিয়ার দলকেই ভোট দিয়েছে। তিনি বলেন, আমরা বলতে পারি, তারেক রহমান প্রতিদিন কষ্ট করে যাচ্ছেন মানুষের জন্য এবং তিনি ছুটির দিনেও কাজ করে যাচ্ছেন। এভাবে যদি আরো কাজ করা যায়; জিয়াউর রহমান যেমন বলেছিলেন ‘মানি ইজ নো প্রবলেম’ আমাদের নেতা তারেক রহমানও আজকে জনগণের কল্যাণে কাজ করছেন। তিনি আরও বলেন, জনগণ যদি সহযোগিতা করে, যদি চুরিটা বন্ধ করা যায়, দুর্নীতিটা বন্ধ করা যায় এবং রাহাজানিটা বন্ধ করা যায়, তাহলে এই দেশে টাকার কোনো সমস্যা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন