১১:১৫ এম
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা হাসানুজ্জামানের শরীরে ফুটন্ত গরম পানি ঢালার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রদল নেতা হাসানুজ্জামানসহ সিরাজুল ইসলাম (৪২) এবং হাসান (৩২) নামের তিনজন দগ্ধ হয়েছেন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে জামালের চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
দগ্ধ ছাত্রদল নেতা হাসানুজ্জামান শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। অভিযুক্ত সুলতান ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসানুজ্জামান অভিযোগ করেন, শনিবার রাতে পুকুরপাড়ার চায়ের দোকানে বসে থাকার সময় আওয়ামী লীগ কর্মী সুলতান বিএনপি ও স্থানীয় দলীয় নেতৃত্ব এবং মসজিদে নামাজ পড়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। প্রতিবাদ জানালে রাজনৈতিক আক্রোশের কারণে সুলতান দোকানের কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি তার শরীরে ঢেলে দেয় এবং পালিয়ে যায়। তাকে রক্ষা করতে গিয়ে সিরাজুল ইসলাম ও হাসানও গরম পানিতে দগ্ধ হন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।
এদিকে জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত সুলতানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন