ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত


লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

সরকার লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মোহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দিয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে তাকে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে দুই বছর কার্যকর হবে।

আরও পড়ুন: মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ আব্দুল মুহিতের ভোগ না করা অবসরোত্তর ছুটি এবং এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত থাকবে। এছাড়া, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে, বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

পটুয়াখালীর কুয়াকাটার নিকটবর্তী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘ভোল পোয়া’। এই মাছটি ‘বড়চোখা পোয়া’ ও ‘সাদা পোয়া’ নামেও পরিচিত।

সোমবার (২৪ আগস্ট) সকালে প্রায় ৩ কেজি ওজনের মাছটি আলিপুর মৎস্য বন্দরের সিফাত ফিসে আনা হয়। এরপর স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম ১১ হাজার ১২৫ টাকায় মাছটি ক্রয় করেন।

তথ্য অনুযায়ী, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ‘এমএস সিফাত’ ট্রলারের মাঝি শাইখুলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নেওয়া হয়। সেখানে খোলা ডাকের মাধ্যমে প্রায় দেড় লাখ টাকা মণ দরে মাছটি বিক্রি হয়।

ট্রলারের মাঝি শাইখুল জানান, গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ জালে বড় আকৃতির মাছটি উঠে আসে। তিনি বলেন, "এত বড় ও দেখতে ব্যতিক্রমী মাছ আগে খুব একটা দেখিনি। জালে এমন মাছ উঠবে, তা আমরা ভাবতেও পারিনি।" মাছটি ঘাটে নিয়ে আসার পর অনেকেই দেখতে ভিড় করেন।

সিফাত ফিসের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, সাগরে এমন দুর্লভ মাছ পাওয়া আমাদের জন্য আনন্দের বিষয়। তিনি আরও জানান, "মাছটির আকার ও গঠন অন্যরকম। এ ধরনের মাছ ধরা পড়লে জেলেদের পাশাপাশি মৎস্য ব্যবসায়ীরাও উৎসাহিত হন।"

মাছটির ক্রেতা মো. রাকিবুল ইসলাম জানান, এ ধরনের মাছ সচরাচর কেনার সুযোগ পাওয়া যায় না। তিনি বলেন, "ঢাকার একজন ব্যবসায়ীর অর্ডারের ভিত্তিতে মাছটি কিনেছি। তিনি মাছটি বিদেশে রপ্তানি করবেন বলে জানিয়েছেন।"

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান ড. রাজিব সরকার বলেন, মাছটির বড় ও গভীর দেহ, বড় মাথা, প্রশস্ত মুখ এবং রুপালি-ধূসর বর্ণ পোয়া গোত্রের কয়েকটি প্রজাতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান, "বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এটিকে পোয়া মাছ বলে ধারণা করা গেলেও নির্দিষ্ট প্রজাতি নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন।"

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রে এ ধরনের ভোল পোয়া মাছ ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি ইতিবাচক দিক। তিনি উল্লেখ করেন, "বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। মাঝে মাঝে বিরল প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এসব তথ্য ভবিষ্যতে সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের বয়ান নিয়ে প্রশ্ন, তদন্তের দায়িত্ব পেল ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:২১ এম


পুলিশের বয়ান নিয়ে প্রশ্ন, তদন্তের দায়িত্ব পেল ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক বয়ান নিয়ে বিভিন্ন প্রশ্ন, আন্দোলন এবং অধিকতর তদন্তের দাবির প্রেক্ষিতে মামলার তদন্তভার পরিবর্তন করা হয়েছে। কোতোয়ালি থানার বদলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকতর স্বচ্ছ, পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দ্রুত চার্জশিট দেওয়ার উদ্দেশ্যে তদন্ত সংস্থার পরিবর্তন করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে মামলার পূর্ববর্তী তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি ডিবি কার্যালয়ে গিয়ে মামলার নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

এরপর পুরোনো ও নতুন দুই তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। সেখানে মিলন চ্যাটার্জি ঘটনাস্থলের বিভিন্ন বিষয় নতুন তদন্ত কর্মকর্তাকে অবহিত করেন।

ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, রোববার গভীর রাত পর্যন্ত গ্রেপ্তার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাদের বক্তব্য পুলিশের সংবাদ সম্মেলনে তুলে ধরা ঘটনার সঙ্গে মিল রয়েছে।

তিনি বলেন, আসামিরা পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলনে বর্ণিত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তবে জবানবন্দিতে তারা কিছু অতিরিক্ত তথ্যও যুক্ত করেছেন, যা আগে পুলিশকে জানাননি।

এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ দাবি করেন, ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যা করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই তরুণ ইয়াবা সেবনের উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে উঠেছিলেন। সেখানে শব্দ শুনে গণপতি চক্রবর্তী গেলে তাকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করা হয়।

তবে পুলিশের এই বক্তব্যের পর থেকেই হত্যাকাণ্ডের কারণ, ঘটনার ধারাবাহিকতা এবং প্রাথমিক তদন্ত নিয়ে নানা প্রশ্ন ওঠে। নিহত পরিবারের স্বজন, স্থানীয় বাসিন্দা, সচেতন নাগরিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষ অধিকতর তদন্তের দাবি জানায়। এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।

গ্রেপ্তার দুই তরুণের পরিবারও প্রশ্ন তুলেছে, মাত্র দুজন ব্যক্তি কীভাবে একই পরিবারের চার সদস্যকে হত্যা করলেন। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন তাঁরা।

আন্দোলনকারীদের প্রশ্ন, গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের একটি ভবনের ছাদে তুলনামূলক নিরাপদ পরিবেশ থাকা সত্ত্বেও অভিযুক্তরা কেন ঝুঁকি নিয়ে তার বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে গেলেন। ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও তাদের প্রশ্নের জন্ম দিয়েছে।

এ ছাড়া ঘুমন্ত ১২ বছর বয়সী আয়ুস চক্রবর্তী প্রিয়মকে কেন হত্যা করা হলো, হত্যার পর অভিযুক্তরা কেন দীর্ঘ সময় ঘটনাস্থলে অবস্থান করলেন এবং ঘটনার পেছনে পরিকল্পিত হত্যাকাণ্ড বা অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না এসব বিষয়ও খতিয়ে দেখার দাবি উঠেছে।

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ২০২৫ সালের ডিসেম্বরে অবসরে যান। অবসরের পর তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও রোগী দেখতেন। প্রায় দুই থেকে তিন বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজের নির্মিত দোতলা বাড়ির দোতলায় বসবাস করছিলেন তিনি।

গত শনিবার রাতে ওই বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।

ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, নতুন তদন্ত কর্মকর্তা ঘটনার প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ যুবলীগের বি-ক্ষোভ মিছিল, এক ফাঁড়ির ২৭ পুলিশ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:২২ এম


নিষিদ্ধ যুবলীগের বি-ক্ষোভ মিছিল, এক ফাঁড়ির ২৭ পুলিশ প্রত্যাহার

ময়মনসিংহে ২১ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলের প্রেক্ষিতে সমালোচনার মুখে নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তাদেরকে পৃথক অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

এই তথ্য সোমবার (২৪ আগস্ট) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই এবং ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে বদলি করা হয়েছে। দ্রুতই ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন গাঙ্গিনারপাড় এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফাঁড়ির ইনচার্জসহ সেখানে দায়িত্ব পালনকারী ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।

এদিকে, ২১ আগস্টের বিক্ষোভ মিছিলের ঘটনার পর গত চার দিনে পুলিশের টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, তানভীর ওরফে লিমন উল্লেখযোগ্য।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে উপপরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।

ওসি বলেন, ওই মামলায় গত চার দিনে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

কেরানীগঞ্জের কিছু অঞ্চলে পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমনটি জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তন কাজের জন্য জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও এবং কেরানীগঞ্জের কিছু অংশে সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও, কাজ চলাকালে এই এলাকার আশেপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। এর ফলে গ্রাহকদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%