ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

চীন-ওমান সম্পর্ক গভীর করতে চান শি চিনপিং


চীন-ওমান সম্পর্ক গভীর করতে চান শি চিনপিং

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং চান চীন ও ওমানের সম্পর্ককে আরো বিস্তৃত ও গভীর করতে। তিনি উল্লেখ করেছেন, দুই দেশের সম্পর্ককে জোরদার করা উভয় পক্ষের জন্য একটি অভিন্ন কৌশলগত সিদ্ধান্ত।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বেইজিংয়ে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল-সাইদের সঙ্গে বৈঠকের সূচনায় এ মন্তব্য করেন শি। তিনি জানান, চীন ও ওমানের সম্পর্ক এখন ইতিহাসের নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। বৈঠক সংক্রান্ত সংবাদমাধ্যমের প্রতিনিধিদলের একটি প্রতিবেদনে শিকে উদ্ধৃত করে বলা হয়, তিনি ওমানের সুলতানের সঙ্গে কাজ করতে চান যাতে দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।

শি আরও বলেন, এর মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় অবদান রাখা সম্ভব হবে। ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল-সাইদ রবিবার বেইজিংয়ে দুই দিনের সফরে পৌঁছান। ১৯৭৮ সালে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটি দেশটির কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টে রিটের অজুহাতে ঝুলে আছে এলিট টাওয়ারের অবৈধ অংশ অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

আবুসুফিয়ান, সিরাজগঞ্জ

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


হাইকোর্টে রিটের অজুহাতে ঝুলে আছে এলিট টাওয়ারের অবৈধ অংশ অপসারণ

সিরাজগঞ্জ শহরের দরগা রোডে নির্মিত এলিট টাওয়ারের অনুমোদনবহির্ভূত অষ্টম তলা অপসারণ নিয়ে দীর্ঘদিনের প্রশাসনিক উদ্যোগ কার্যত থমকে আছে। একাধিকবার নোটিশ ও অপসারণের নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়ন করতে পারেনি সিরাজগঞ্জ পৌরসভা। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানের দিনক্ষণ নির্ধারণ করেও শেষ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়নি। এর মধ্যে ভবনমালিকের পক্ষ থেকে হাইকোর্টে রিট করার কথা জানানোয় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

পৌরসভা সূত্রে জানা যায়, ভবনটির মালিক জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সাবেক স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম ও হিসাবরক্ষক হেদায়েত উল্লাহ গং। ভবনটির অনুমোদনবহির্ভূত অংশ অপসারণের জন্য ২০২৪ সালের ৯ জুলাই তৎকালীন পৌর মেয়র নির্দেশনা দেন। এরপর ২০২৫ সালের ২৩ এপ্রিল পৌর প্রশাসকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। একই বছরের ১১ আগস্ট পুনরায় অপসারণের নির্দেশনা জারি করা হয়। কিন্তু এসব নির্দেশনার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সর্বশেষ ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর পৌর প্রশাসক শাহাদাত হোসেইন স্বাক্ষরিত চূড়ান্ত নোটিশে ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় ভবনটির অনুমোদনবহির্ভূত অষ্টম তলা অপসারণে অভিযান পরিচালনার সিদ্ধান্ত জানানো হয়। এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অভিযান নির্বিঘ্নে পরিচালনার জন্য সিরাজগঞ্জ সদর থানার কাছে পুলিশ ফোর্সও চাওয়া হয়।

তবে নির্ধারিত দিনে অভিযান পরিচালনা না করেই ফিরে আসে পৌরসভার অভিযানকারী দল। ওই সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম জানিয়েছিলেন, পৌর প্রশাসকসহ তাঁরা ভবনটি অপসারণের উদ্যোগ নিতে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু ভবনমালিক স্ট্রোক করেছেন জানিয়ে তাঁর পক্ষ থেকে ১০ থেকে ১৫ দিনের সময় চাওয়া হয়।

তবে ওই সময়সীমা পেরিয়ে গেলেও ভবনটির অনুমোদনবহির্ভূত অংশ অপসারণে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে পৌরসভার প্রশাসক স্যারের সঙ্গে আমরা বসব। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ভবনটির মালিকানা, নির্মাণপ্রক্রিয়া ও প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ সুপারের কার্যালয়ের সাবেক স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম ও হিসাবরক্ষক হেদায়েত উল্লাহ নিজেদের সরকারি কর্মস্থলের পরিচয় এবং পুলিশ প্রশাসনের প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে অনুমোদিত নকশা ও নির্মাণবিধি উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করেছেন। তাঁদের এমন প্রভাববলয় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মধ্যেই ভবনটির অবৈধ অংশ অপসারণে পৌরসভার একাধিক নির্দেশনা কার্যকর না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

অন্যদিকে ভবনমালিক খাদেমুল ইসলাম জানিয়েছেন, ভবনটির বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিষয়টি এখন আদালতের বিবেচনাধীন।

সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হোসেইন বলেন, ভবনমালিকরা হাইকোর্টে রিট করেছেন। আমরা সেটির জবাব দেব। বর্তমানে আদালতে আছে। জবাব দেওয়ার পরই ব্যবস্থা নিতে পারব বলে আশা করছি।

একাধিকবার নোটিশ ও চূড়ান্ত নির্দেশনার পরও এলিট টাওয়ারের অনুমোদনবহির্ভূত অংশ অপসারণ না হওয়ায় পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা, আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত অবৈধ অংশ অপসারণে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন

সিলেটে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। বছরের প্রথম ৯ মাসে বিভাগে যত রোগী শনাক্ত হয়েছিলেন, অক্টোবরের এক মাসেই আক্রান্ত হয়েছেন তার চেয়েও বেশি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আক্রান্ত ছিলেন ৪১০ জন। অথচ অক্টোবরের ৩১ দিনেই নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন। অর্থাৎ চলতি বছরের মোট আক্রান্তের অর্ধেকেরও  বেশি রোগী শনাক্ত হয়েছেন শুধু অক্টোবর মাসে। সংক্রমণের এই ঊর্ধ্বগতির পাশাপাশি অক্টোবরে ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়েছে। সব মিলিয়ে ১০ মাসে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৭ জনে, মৃত্যু হয়েছে পাঁচজনের। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।
শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম সাত মাসে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছিলেন ১০৫ জন। আগস্টে নতুন করে আক্রান্ত হন ৮৫ জন। সেপ্টেম্বরে শনাক্ত হন ২২০ জন। এতে সেপ্টেম্বর শেষে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪১০ জনে। কিন্তু অক্টোবরেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। অর্থাৎ আগের নয় মাসের সম্মিলিত আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে অক্টোবরের সংক্রমণ।
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই বিভাগে ১৪৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন। তখন মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৪। ওই সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩০ জন। এক মাসের ব্যবধানে সংক্রমণের চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। অক্টোবরের ৩১ দিনে গড়ে প্রতিদিন ১৫ জনের বেশি রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও নতুন করে ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৭ জন।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে সিলেট বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে হবিগঞ্জ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেটে আক্রান্ত ২০৫ জন। সুনামগঞ্জ জেলায় ২০১ জন এবং মৌলভীবাজারে ৭৮ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
জেলা ভিত্তিক হিসাবে দেখা যায়, মোট আক্রান্তের প্রায় ৪১ শতাংশই হবিগঞ্জের বাসিন্দা। সুনামগঞ্জ ও সিলেট জেলাতেও সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও নতুন রোগী শনাক্ত হওয়ায়  ডেঙ্গুর বিস্তার এখন শুধু নগরকেন্দ্রিক নেই; ছড়িয়ে পড়েছে বিভাগের বিভিন্ন এলাকায়।
ওসমানীসহ বিভিন্ন হাসপাতালে ৫৭ রোগী : স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৭ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬, জালালাবাদ রাগীব-রাবেয়া  মেডিকেল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩, মাউন্ট এডোরা হাসপাতালে ২, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ এবং মৌলভীবাজার  জেলা সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান সোলার এক্সপো উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন।

এর আগে, রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ এই প্রতিপাদ্যে আগামী ৩ ও ৪ নভেম্বর দুই দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য এক্সপোটি উন্মুক্ত থাকবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এক্সপোর উদ্বোধন করবেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করেছে।

মন্ত্রী জানান, এক্সপো চলাকালে সৌরবিদ্যুতের বিভিন্ন দিক, দেশব্যাপী এর সম্প্রসারণ, জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানো এবং ছাদসহ অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে জনগণকে উৎসাহিত করার বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমানো এবং গ্রীষ্মকালে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করা এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এক্সপোতে সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ ও অংশীদারত্ব গড়ে তুলতে অর্থায়নের সুযোগ তুলে ধরা হবে। এতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তারা অংশ নেবেন।

প্রদর্শনীতে সরকারি প্রণোদনা, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের সাবেক সেনা কমান্ডারের সতর্কবার্তা: অনিবার্য পতনের মুখে দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


ইসরাইলের সাবেক সেনা কমান্ডারের সতর্কবার্তা: অনিবার্য পতনের মুখে দেশ

ইসরাইলের সাবেক মেজর জেনারেল ইতজাক ব্রিক একটি সতর্কবার্তা প্রদান করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে, দেশটির সামরিক বাহিনী, অর্থনীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘অনিবার্য পতনের’ শিকার হতে যাচ্ছে। তিনি মন্তব্য করেছেন যে, আন্তর্জাতিক বৈধতা ও মিত্রদের সমর্থন হারানোর কারণে দেশটি ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ব্রিক সতর্ক করেছেন যে, দীর্ঘকাল ধরে এই ধরনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বজায় রাখা ইসরাইলের পক্ষে সম্ভব হবে না।

রোববার ইসরাইলের দৈনিক মারিভে প্রকাশিত একটি মতামতধর্মী নিবন্ধে ব্রিক বলেন, বর্তমান পরিস্থিতি শুধুমাত্র একটি রাজনৈতিক সংকট নয়; বরং এটি রাষ্ট্রের সামগ্রিক পতনের একটি চিত্র তুলে ধরে। তিনি গত মঙ্গলবারের পার্লামেন্ট নির্বাচনকে ‘আমরা যে ইসরাইলকে চিনতাম, তার আনুষ্ঠানিক মৃত্যু সনদ’ হিসেবে অভিহিত করেছেন। ব্রিকের মতে, টেলিভিশন ভাষ্যকাররা আসনসংখ্যা ও সরকার গঠনের সমীকরণ নিয়ে ব্যস্ত থাকলেও দেশের গভীর সংকটগুলো উপেক্ষা করছেন।

তিনি এই ধরনের সংবাদ বিশ্লেষণকে টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার শেষ মুহূর্তে অর্কেস্ট্রা বাজিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। ইসরাইলি সামরিক কলেজগুলোর সাবেক কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাসদস্যদের অভিযোগবিষয়ক ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করা ব্রিক বলেছেন, ইসরাইল এখন আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। তিনি লেখেন, ‘আমরা আন্তর্জাতিক বৈধতা ও মিত্রদের সমর্থন হারিয়েছি।’ সম্পূর্ণ আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে দীর্ঘকাল ধরে টিকে থাকা দেশটির পক্ষে সম্ভব নয় বলেও তিনি সতর্ক করেছেন।

ইসরাইলের স্থলবাহিনীর কাঠামোগত বিপর্যয় এবং মনোবলের ভাঙন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিক। তার দাবি, দেশের ভেতরে ও বাইরে থেকে আসা একযোগে হুমকি মোকাবিলার সক্ষমতা ইসরাইলি বাহিনীর আর নেই। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘদিনের যুদ্ধে ক্লান্ত একটি সেনাবাহিনীর পক্ষে বড় ধরনের অনুপ্রবেশ ঠেকানো কিংবা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিক বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ইসরাইলের জাতীয় ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার কোটি শেকেলে (৪৪৫ বিলিয়ন ডলার)। তিনি অভিযোগ করেছেন যে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহে বিধিনিষেধ এবং ক্রমবর্ধমান আর্থিক বিচ্ছিন্নতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

দেশের অভ্যন্তরীণ বিভাজন প্রসঙ্গে ব্রিক বলেন, ইসরাইলি সমাজে এখন শুধু মেরুকরণ নয়, বরং একধরনের ‘নীরব গৃহযুদ্ধ’ চলছে। তার দাবি, চিকিৎসক, বিজ্ঞানী, প্রযুক্তি উদ্যোক্তা এবং অন্যান্য দক্ষ পেশাজীবীরা দেশ ছাড়ছেন। এর ফলে কয়েক দশকের প্রচেষ্টায় গড়ে ওঠা দক্ষ জনশক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান হারাচ্ছে ইসরাইল।

ব্রিক রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে আইনের শাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়ার অভিযোগও তুলেছেন। তার মতে, যোগ্যতা ও সততার পরিবর্তে রাজনৈতিক আনুগত্য এবং প্রশ্নহীন সমর্থনকে নিয়োগ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে।

এদিকে, ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টিসহ বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%