১২:৩৭ পি.এম
সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় ঘটে যাওয়া আগুনের ঘটনায় ১৬ জন বাংলাদেশি মারা গেছেন। তবে ঘটনার সময় বাইরে থাকায় এক কর্মী বেঁচে গেছেন, যার নাম হাবিবুর রহমান।
গতকাল রবিবার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প অঞ্চলে আগুন ধরে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন।
বেঁচে যাওয়া হাবিবুর রহমানের বরাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে তিনি চুল কাটানোর জন্য একটি সেলুনে যান। ফিরে এসে দেখেন, কারখানায় আগুন জ্বলছে।
আরও পড়ুন: ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিন স্থগিত
ওই বাংলাদেশি কর্মীদের পরিচালিত কারখানাটিতে মোট ১৭ জন কাজ করতেন।
স্থানীয় ফায়ার সার্ভিসের সূত্রে দূতাবাসকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে আটজন সরাসরি আগুনে পুড়ে মারা গেছেন। আর বাকীজনেরা কালো ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা যান।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন নিহত হওয়ার তথ্য দিয়েছেন দেশটির ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
আগুনে পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় রাত ৮টার দিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে রাত ১১টার দিকে মরদেহগুলো কিং সৌদ হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়। এ সময় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন সায়েখ আফতাবউদ্দিন ফারুক।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন—নওগাঁর আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গণ্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন ও মো. সুমন, মিনহাজ, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল, এবং সাদনগর গ্রামের সাগর।
নাটোরের নলডাঙ্গা উপজেলার দীঘিরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহীর বাগমারা উপজেলার ডাংগাপাড়া গ্রামের শ্যামলও নিহতদের মধ্যে রয়েছেন।
এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে।
আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন