ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর


কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বৃদ্ধির সম্ভাবনা এবং বিষয়টি নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এ বিষয়টি জানান। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বৃদ্ধি করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

এছাড়া, তিনি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে ব্যাপক ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন। এ সময় তারেক রহমান কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি করার কথাও বলেন।

প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সভায় উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, যদি কার্বন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা যায়, তাহলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ অনেক বেড়ে যাবে।

উল্লেখ্য, কার্বন ক্রেডিট হলো পরিবেশ সুরক্ষার একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা। বায়ুমণ্ডলে এক মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড বা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো বা অপসারণের বিপরীতে একটি কার্বন ক্রেডিট প্রদান করা হয়।

অন্যদিকে, কার্বন ট্রেডিং হলো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ করার জন্য একটি বাজারভিত্তিক ব্যবস্থা। এই ব্যবস্থায় সরকার বা আন্তর্জাতিক সংস্থা কোনো দেশ, প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য নির্দিষ্ট পরিমাণ কার্বন নিঃসরণের সীমা নির্ধারণ করে। কেউ যদি নির্ধারিত সীমা চেয়ে বেশি কার্বন নিঃসরণ করে, তাহলে তাকে বাজার থেকে কার্বন ক্রেডিট কিনতে হয়। অন্যদিকে, যেসব দেশ বা প্রতিষ্ঠান বনায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি কিংবা পরিচ্ছন্ন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কার্বন নিঃসরণ কমায় বা বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে, তারা কার্বন ক্রেডিট অর্জন করতে পারে। পরে এসব কার্বন ক্রেডিট অতিরিক্ত কার্বন নিঃসরণকারী দেশ বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়।

আরও পড়ুন: হাসপাতালে স্বেচ্ছাসেবককে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা শহিদুল ইসলাম বহিষ্কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলে ধেয়ে আসছে 'অতি বিপজ্জনক' সুপার টাইফুন’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলে ধেয়ে আসছে

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের বাসিন্দারা রোববার জরুরি আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন। এই পরিস্থিতির মধ্যে তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। কয়েক ঘণ্টার মধ্যেই একটি 'সুপার টাইফুন' মার্কিন এই প্রশান্ত মহাসাগরীয় ভূখণ্ডের ওপর দিয়ে তাণ্ডব চালানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সোমবার ভোর থেকে সুপার টাইফুন বাভি ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে পশ্চিমমুখে অগ্রসর হচ্ছে। এটি ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য শক্তিশালী। দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্র থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) টাইফুনটিকে 'অত্যন্ত বিপজ্জনক' বলে সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, রোববার বিকেল বা সন্ধ্যা থেকে ক্রান্তীয় ঝড়ের তাণ্ডব শুরু হতে পারে। টাইফুন কেন্দ্রের কাছাকাছি এলাকায় 'ভয়াবিহ' ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এনডব্লিউএস জানিয়েছে, প্রবল বৃষ্টিতে ব্যাপক বন্যা এবং উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ ৩৫ ফুট (১০.৭ মিটার) উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে, যা প্রায় ১০ তলা ভবনের সমান। এই কারণে সাগরে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুয়ামে একটি খাবারের দোকানের মালিক ৫৫ বছর বয়সী পিঙ্কি কুবাকুব জানাচ্ছেন, তিনি দোকানের জানালা সুরক্ষিত রাখতে প্লাইউড দিয়ে বন্ধ করে দিচ্ছেন। এজন্য শনিবার খুব সকালে কাঠের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে ৫০০ ডলারের প্লাইউড কিনেছেন। তিনি এএফপিকে আরও জানান, 'আমি অনেক দিন ব্যবসা বন্ধ রাখার সামর্থ্য রাখি না। এতে ক্ষতি হবে। আমি নতুন ব্যবসা শুরু করেছি। এখন যা আয় হচ্ছে, তা শুধু ভাড়া, ইউটিলিটি বিল, কর্মীদের বেতন এবং সরঞ্জাম কেনার জন্যই ব্যয় হচ্ছে। এখনো নিজের জন্য কিছুই রাখতে পারিনি।' কল সেন্টারের কর্মী ৪৮ বছর বয়সী আরাবেলা পলিনো জানিয়েছেন, 'আমার মেয়েরা বলছিল, তারা ভয় পাচ্ছে। তবে সব ঠিক হয়ে যাবে।' তিনি বলেন, 'আমার বাড়ি কংক্রিটের। তাই সবচেয়ে সবচেয়ে বড় ক্ষতি বলতে জানালার কাচ ভেঙে যেতে পারে।' স্কুলবাসচালক ৫১ বছর বয়সী ডার্মা সোয়ালাদাওব জানিয়েছেন, তিনি একটি হোটেলে গিয়ে উঠবেন। তিনি বলেন, 'আমার বাড়ি কংক্রিটের হলেও ঝড়ের শব্দ আর বাতাস খুব ভয়ঙ্কর।' ২৫ বছর বয়সী জাপানি পর্যটক মিকু সাকুরাই রোববার বন্ধুদের সঙ্গে টোকিও ফেরার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারী বৃষ্টি শুরু হওয়ার সময় তিনি এএফপিকে বলেন, 'ঝড় এলে আমরা হোটেলেই থাকব। আমি খুব ভয় পাচ্ছি।' নিরাপত্তার জন্য প্রার্থনা পশ্চিম প্রশান্ত মহাসাগরের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস রয়েছে। কাছের গুয়ামও যুক্তরাষ্ট্রের একটি পৃথক অঞ্চল। তবে দুটি অঞ্চলই মারিয়ানা দ্বীপপুঞ্জের অংশ। গুয়ামে প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ বাস করেন। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে সুপার টাইফুন সিনলাকু এই অঞ্চলে আঘাত হানে। এতে কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। উপড়ে যায় অসংখ্য গাছ। উল্টে যায় গাড়ি। অনেক ভবনের টিনের ছাদ উড়ে যায়। সে সময় এমভি মারিয়ানা নামের একটি মালবাহী জাহাজের ইঞ্জিন বিকল হয়ে সেটি উল্টে যায়। তখন একজন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়। আরও পাঁচজন নিখোঁজ হন। তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। রোববার সকাল পর্যন্ত পাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বাভি সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করবে রোটা দ্বীপের পাশ দিয়ে। এটি গুয়াম ও নর্দার্ন মারিয়ার প্রধান দ্বীপ সাইপানের মাঝামাঝি অবস্থিত একটি ছোট দ্বীপ। সেখানে প্রায় ১ হাজার ৫০০ মানুষের বসবাস রয়েছে। রোটার মেয়র অউব্রি হোকোগ বলেছেন, 'আমরা সবাই একসাথে কাজ করে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে আমাদের পরিবার, প্রতিবেশী ও পুরো সম্প্রদায়কে সুরক্ষিত রাখতে পারব। আমরা আমাদের মানুষের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।' যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) দল ইতোমধ্যে গুয়ামে অবস্থান নিয়েছে। সংস্থাটির বিতরণকেন্দ্রে ১১ লাখ লিটার পানি, ১২ লাখ খাবার প্যাকেট, ৬ হাজার ৭০০টি খাট এবং ৯০টি জেনারেটর মজুত রাখা হয়েছে। এনডব্লিউএস জানিয়েছে, নিরাপদ স্থানে সরে যাওয়া বা আশ্রয় নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। এ কারণে গুয়ামে পাঁচটি স্কুলে মোট ১ হাজার ৯০০ জন ধারণক্ষমতার পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বাড়িতে বসবাসকারীদের জন্য এসব কেন্দ্র চালু করা হয়েছে। এল নিনোর প্রভাব ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস মেরিন সার্ভিস বুধবার জানিয়েছে, বিশ্বের মহাসাগরগুলোতে এ বছর জুন মাসে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের মাসগুলোতে নতুন রেকর্ডও হতে পারে। উষ্ণ সমুদ্রের পানি ক্রান্তীয় ঝড়কে আরো শক্তিশালী করে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতা বাড়ায়। পরে সেই আর্দ্রতা ভারী বৃষ্টির আকারে ঝরে পড়ে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) শুক্রবার সতর্ক করেছে যে, সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরপর দেখা দেওয়া এবং ৯ থেকে ১২ মাস স্থায়ী হওয়া এল নিনো ইতোমধ্যে ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে শুরু হয়েছে। এটি শক্তিশালী রূপ নিতে পারে। এই প্রাকৃতিক জলবায়ুগত ঘটনাটির কারণে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাতাসের প্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য রবিবার সকাল ১১.৩০ ঘটিকায় রাজশাহীর পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের প্যাকেট/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নওহাটায় অবস্থিত তাজ বেকারী এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ‘কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বায়া বাজার এলাকায় অবস্থিত সামিউল খালেক বেকারী প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

 

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথী এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

 

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের প্রশংসা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের প্রশংসা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দেওয়া ভাষণে আমেরিকাকে মানব ইতিহাসের 'সর্বোচ্চ অর্জন' হিসেবে বিবেচনা করেছেন। এই অনুষ্ঠানে তিনি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে 'কমিউনিস্ট' আখ্যা দিয়ে আবারও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন।

বজ্রপাত ও ঝড়ের কারণে ওয়াশিংটনে সমবেত জনতাকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ায় কয়েক ঘণ্টা বিলম্বের পর ট্রাম্পের ভাষণ শুরু হয়। এতে তিনি দাবি করেন যে, তিনি প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্র 'আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত'।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জাতীয় উদযাপনে নিজের রাজনৈতিক অবস্থানকে জোরালোভাবে তুলে ধরতে ট্রাম্প বড় ধরণের সমাবেশের ঘোষণা দেন। যদিও ৮০ বছর বয়সী এই রিপাবলিকান নেতা মূলত ঐতিহ্যগত দেশপ্রেমমূলক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকেন।

ন্যাশনাল মলে জড়ো হওয়া কয়েক হাজার মানুষের উদ্দেশে ট্রাম্প বলেন, 'আড়াই শতাব্দী ধরে আমাদের আমেরিকান প্রজাতন্ত্র মানব ইতিহাসের সর্বোচ্চ অর্জন হিসেবে দাঁড়িয়ে আছে।' মঞ্চে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরীয় যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনাসদস্যদের সম্মান জানান।

কিন্তু কোরীয় ও ভিয়েতনাম যুদ্ধকে তিনি 'কমিউনিস্টদের' বিরুদ্ধে লড়াইয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে শুক্রবার রাতে মাউন্ট রাশমোর স্মৃতিস্তম্ভে দেওয়া ভাষণের একই বার্তা পুনরায় তুলে ধরেন। তিনি বলেন, 'বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আমাদের যোদ্ধারা কমিউনিজমের বিরুদ্ধে লড়েছেন। শুধু যাতে সেই হুমকি আবার কুৎসিত রূপে আমেরিকাতেই ফিরে আসে, তার জন্য নয়। আমরা তা হতে দেব না।'

'আমেরিকান হতে গর্ববোধ করি' - এবার নভেম্বরের অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প এই বিষয়টি বারবার সামনে আনছেন। ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাবিরোধী বামপন্থি অংশ প্রাইমারি নির্বাচনে ধারাবাহিক সাফল্য পাওয়ার পর তিনি এ প্রচারণা আরও জোরদার করেন।

তিনি বলেন, 'এটা ক্যানসারের মতো। এটাকে কেটে ফেলতে হবে।' ট্রাম্প তার ভাষণে সম্প্রতি ইরান ও ভেনেজুয়েলায় চালানো সামরিক অভিযানের কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, ওয়াশিংটন তেহরানের সামরিক শক্তিকে 'সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।' তবে ট্রাম্পের স্বাভাবিক ভাষণের তুলনায় এ ভাষণ ছিল সংক্ষিপ্ত এবং এর দৈর্ঘ্য ছিল প্রায় ৪৫ মিনিট।

ভার্জিনিয়া থেকে স্ত্রী ন্যান্সিকে নিয়ে অনুষ্ঠানটিতে আসা ৭০ বছর বয়সী রিচার্ড সুলিভান বলেন, 'আমরা ট্রাম্পকে ভালোবাসি। তার ভাষণও আমাদের খুব ভালো লেগেছে।' তিনি 'ফ্রিডম ২৫০' লেখা টি-শার্ট পরেছিলেন এবং বলেন, 'তিনি আমাদের গৌরবময় ইতিহাস তুলে ধরেছেন। এখানে উপস্থিত প্রবীণ যোদ্ধাদেরও সম্মান জানান। তিনি আমাদের আমেরিকান হতে গর্ববোধ করান।'

ভাষণ শেষে শুরু হয় বিশাল আতশবাজির প্রদর্শনী। ট্রাম্প দাবি করেছেন, এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির আয়োজন।

১৭৭৬ সালে ব্রিটেন থেকে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ২৫০তম বার্ষিকী উদযাপনে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে উৎসবে অংশগ্রহণ করেন মানুষ। দেশের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, রাজধানী ওয়াশিংটনে তাপমাত্রা রেকর্ড ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। চার জুলাইয়ের ইতিহাসে এটি সর্বোচ্চ।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে নিউইয়র্কে আতশবাজির সময়সূচি এগিয়ে আনা হয়। ফিলাডেলফিয়ার একটি কনসার্ট এবং বোস্টনের চার্লস নদীর তীরে উদযাপন থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হয়। 'অসাধারণ দেশ' - বজ্রঝড়ের আশঙ্কায় ট্রাম্পের ভাষণের কয়েক ঘণ্টা আগে ন্যাশনাল মল খালি করার নির্দেশ দেওয়া হয়। এতে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেয়।

অনেকে বেরিয়ে যেতে শুরু করলেও, কেউ কেউ যেতে অস্বীকৃতি জানান। আবার কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় এএফপির সাংবাদিকরা 'চার্জ!' এবং 'ট্রাম্প! ট্রাম্প!' স্লোগান শুনতে পান। তবে ট্রাম্প ভাষণ দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি ফক্স নিউজকে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে অভিযানে অংশ নিয়েছিলেন প্রবীণ সেনারা যদি বৈরী আবহাওয়া মোকাবিলা করতে পারেন, তাহলে তিনিও পারবেন।

ওয়াশিংটনের অনুষ্ঠানে অংশ নেওয়া ৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা র‌্যান্ডি কোল বলেন, 'এই অসাধারণ দেশে আমাদের স্বাধীনতা নিশ্চিত করতে মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, তার তুলনায় সামান্য গরম সহ্য করা কিছুই নয়।' তবে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে নিজেকে এবং নিজের রাজনৈতিক পরিচয়কে তুলে ধরার ট্রাম্পের চেষ্টা তার দ্বিতীয় মেয়াদে সৃষ্টি হওয়া গভীর রাজনৈতিক বিভাজনকেই আরও স্পষ্ট করেছে। শনিবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলের কাছে সেই বিভাজনের চিত্রও দেখা যায়। মুখোশধারী কয়েকজন ব্যক্তি সেখানে জড়ো হন। তাদের কেউ কনফেডারেট পতাকা বহন করছিলেন, আবার কারও পোশাকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সংগঠন 'প্যাট্রিয়ট ফ্রন্ট'-এর লোগো ছিল। তারা 'রিক্লেইম আমেরিকা' স্লোগান দেন। যুক্তরাষ্ট্রের মানুষের কাছে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের নয়, আত্মসমালোচনারও একটি উপলক্ষ। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ আমেরিকান মনে করেন, স্বাধীনতার ঘোষণাপত্রে ঘোষিত আদর্শের সঙ্গে বর্তমান যুক্তরাষ্ট্রের বাস্তবতা সামঞ্জস্যপূর্ণ নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুফাতো ভাই সাকিব উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মাইজদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাকিব হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের মামাতো-ফুফাতো ভাইবোন। গত ৫ জুন ভুক্তভোগী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। সেদিন ফুফাতো ভাই সাকিব তাকে গ্রাম দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে যান। পরে ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান সাকিব। পরে স্বজনরা তাকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করেন। অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানান।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%