০৭:১৯ পি.এম
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এরই ধারাবাহিকতায়, জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-এর আদলে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) প্রতিষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
একইসঙ্গে, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রতিষ্ঠান দুটি এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করা যায়।
উদ্বোধন অনুষ্ঠানসমূহে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাণীশংকৈলের ঐতিহাসিক রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণে ২০০ কৃষ্ণচূড়া গাছ রোপণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন