১১:১৩ এম
জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করার লক্ষ্যে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ চালু হবে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন এবং আবেদনের অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এই পরিস্থিতিতে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস। নতুন পোর্টালের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। জমা দেওয়া কাগজপত্র ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই করার ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
নির্ধারিত দিনে আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। এছাড়াও, পোর্টালে লগইন করে আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ থাকবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও থাকবে।
জার্মান দূতাবাসের আশা, নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে আবেদন যাচাইয়ের সময় হ্রাস পাবে এবং ভিসা কার্যক্রম আরও গতিশীল হবে। তবে আবেদনকারীর ধরন ও পরিস্থিতি অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
নতুন পোর্টাল চালুর ফলে আগের ব্যবস্থায় ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের নতুন করে আবেদন করতে হবে। এ জন্য পুরোনো ব্যবস্থায় নিবন্ধিত শিক্ষার্থীদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।
দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য বিষয়টি সাময়িক ভোগান্তির কারণ হতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমবে বলে দূতাবাস আশা করছে।
আরও পড়ুন: দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জার্মানিতে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে আবেদন করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন