ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ, নতুন চুক্তি বা নবায়ন হচ্ছে না


গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ, নতুন চুক্তি বা নবায়ন হচ্ছে না

এক মাসও বাকি নেই। ১২ ডিসেম্বর আসন্ন, যখন শেষ হচ্ছে বহুল আলোচিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি। পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সম্প্রতি দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন একটি চুক্তি হবে। কিন্তু তার প্রত্যাশা পূরণ হচ্ছে না। গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি বা বিদ্যমান চুক্তির নবায়নÑকোনোটিই হচ্ছে না।

পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় দুটির একাধিক কর্মকর্তা জানান, গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত। চুক্তির বিষয়ে আলোচনার জন্য পানিসম্পদমন্ত্রীর নেতৃত্বে গত এপ্রিল মাসে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করা হয়। গত জুন মাস থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার বিষয়টি ভারত সরকারকে অবহিত করার পাশাপাশি আলোচনার জন্য অনুরূপ কমিটি গঠনের জন্য অনুরোধ জানানো হয়েছে। সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে এখন পর্যন্ত ঢাকার অনুরোধে কোনো ধরনের সাড়া দেয়নি দিল্লি।

কর্মকর্তারা আরো জানান, ভারত আনুষ্ঠানিক আলোচনায় রাজি হলেও চূড়ান্ত চুক্তির জন্য যথেষ্ট সময় লাগবে। গঙ্গার পানিবণ্টন নিয়ে নেগোসিয়েশন বা আলোচনা চলবে ছয় মাস থেকে এক বছর। সব মিলিয়ে এই মুহূর্তে গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন কোনো চুক্তি স্বাক্ষর অথবা বিদ্যমান চুক্তির নবায়ন এক প্রকার অসম্ভব।

আরও পড়ুন: মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত, নতুন তারিখ শিগগিরই জানানো হবে

গত ৩ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, চুক্তির শর্তাবলি নিয়ে কাজ করার জন্য একটি কাঠামোগত ব্যবস্থা রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) আছে, যেখানে উভয় দেশে প্রবাহিত নদী নিয়ে আলোচনার কাঠামোগত ব্যবস্থা রয়েছে। তিনি জানান, গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে নতুন কোনো তথ্য নেই।

বিশ্লেষকরা মনে করছেন, গঙ্গা পানিবণ্টন চুক্তির বিষয়টি জটিল পরিস্থিতি ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। বিষয়টি বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় ইস্যু হলেও এটি এখন অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভূরাজনীতির গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে, যা ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশ্লেষকরা বলছেন, গঙ্গার পানিবণ্টন ইস্যুটি বাংলাদেশের রাজনীতির জন্য সংবেদনশীল হলেও বাংলাদেশ চাইছে নতুন একটি চুক্তির মাধ্যমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হোক। অন্যদিকে ভারত ইস্যুটিকে বাংলাদেশের সঙ্গে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করার পাশাপাশি ভূরাজনৈতিক সমীকরণকে বিবেচনায় নিচ্ছে।

ভারতীয় বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ গ্যারান্টি ক্লজসহ একটি দীর্ঘমেয়াদি চুক্তি চাইছে। দিল্লির পক্ষে এটা মানা সম্ভব নয়। ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে চলমান টানাপোড়েন, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি, সর্বোপরি চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের ঘনিষ্ঠতা গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ আরো জটিল করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন তারা।

আরও পড়ুন: কালীগঞ্জের বারবাজার রেলস্টেশনে পেট্রল বোমা হামলা, তদন্ত চলছে

গঙ্গার পানিবণ্টন নিয়ে উদ্ভূত এই জটিল পরিস্থিতি সম্পর্কে দিল্লির কূটনৈতিক সূত্র এবং ভারতে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক এক হাইকমিশনার আমার দেশকে বলেন, ইস্যুটিকে ভারত ঝুলিয়ে রেখে বাংলাদেশের ওপর নানাভাবে চাপ বাড়াবে। কোনোকিছুই তারা স্পষ্ট করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভবিষ্যৎ দিল্লি সফরে এ ব্যাপারে ভারত সরকারের বার্তা পাওয়া যেতে পারে। এখন ঢাকাকে চাপে রাখার কৌশল নিয়েছে দিল্লি।

তারা বলেন, গঙ্গার পানিবণ্টন ইস্যুটি ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় বিষয়। এখানে বিহার ও পশ্চিমবঙ্গকে দুটি পক্ষ হিসেবে হাজির করা হচ্ছে। মোদি সরকারের ঘনিষ্ঠ মিত্র জনতা দল (ইউনাইটেড) প্রকাশ্যে গঙ্গাচুক্তির বিরোধিতা করছে। দলটির সভাপতি সঞ্জয় কুমার ঝা বিহারের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি গঙ্গা পানিচুক্তি নিয়ে সম্পূর্ণ নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে পানি নিয়ে যেকোনো আলোচনায় বিহারের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে নেওয়া হবে।

সব মিলিয়ে গঙ্গা পানিচুক্তি নিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই ঢাকাকে চাপে রাখতে চাইছে দিল্লি।

আরও পড়ুন: ইতালির স্বপ্ন দেখিয়ে মানবপাচারের ভয়ংকর রুটে নির্যাতন

ভারতের সঙ্গে পানি নিয়ে বিরোধ শুরু সেই পাকিস্তান আমল থেকে। ১৯৬০-এর দশকে ফারাক্কা ব্যারাজকে কেন্দ্র করে যে বিরোধের সূত্রপাত হয়েছিল, পরবর্তীকালে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়। ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান সরকারের প্রবল বিরোধিতার মুখে সীমান্তের ১৮ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের কাজ শুরু হয় এবং ১৯৭৫ সালে এর নির্মাণকাজ শেষ হয়। ভারত ফারাক্কা ব্যারাজের মাধ্যমে গঙ্গার পানির একটি অংশ হুগলি নদীতে সরিয়ে নেয়। ফলে শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ কমে যায় এবং এর বিরূপ প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের পদ্মা নদীর ওপর।

১৯৭৫ সালের পটপরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় এলে ফারাক্কার বিরূপ প্রতিক্রিয়া নিয়ে সোচ্চার হয় বাংলাদেশ। ১৯৭৬ সালে মওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করায় তীব্র প্রতিবাদ জানানো হয়।

এছাড়া পানিবণ্টনের ইস্যুটি জিয়াউর রহমান সরকারের পক্ষ থেকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তোলা হয়। তখন জাতিসংঘের পক্ষ থেকে পানিবণ্টনের বিষয়ে একটি বিবৃতিও দেওয়া হয়েছিল। ১৯৭৭ সালে ভারত গঙ্গার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি চুক্তিতে সম্মত হয়। ওই চুক্তিতে বাংলাদেশের প্রাপ্যতা নিশ্চিতে একটি গ্যারান্টি ক্লজ যুক্ত করা হয়। তাতে বলা হয়, গঙ্গায় পানির প্রবাহ যাই হোক না কেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশের যে পরিমাণ পানি পাওয়ার কথা, তার ৮০ শতাংশ পানি বাংলাদেশকে দিতেই হবে।

১৯৮২ সালে স্বৈরাচার জেনারেল এরশাদ ক্ষমতায় আসার পর ভারতের অনুরোধে একটি সমঝোতা স্মারকের আওতায় ১৯৭৭ সালের চুক্তির গ্যারান্টি ক্লজ তুলে নিতে সম্মত হয় বাংলাদেশ, যা ছিল একটি চরম আত্মঘাতী সিদ্ধান্ত। পরে এরশাদ আমলে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষ থেকে আর তেমন কোনো তৎপরতা ছিল না।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আরো ৪৮০ জন আটক

১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর গঙ্গার পানি ইস্যুতে আবার সোচ্চার হয় বাংলাদেশ। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন ও ফারাক্কা বাঁধের বিষয়টি একাধিকবার তুলে ধরেন। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর ওপর দেশটির আইনগত ও ন্যায্য অধিকারের কথা জোরালোভাবে তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, শুষ্ক মৌসুমে ভারত ফারাক্কা বাঁধের উজানে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় বাংলাদেশে তীব্র খরা দেখা দেয় এবং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছাড়ায় ভয়াবহ বন্যা হয়। একই বছরের অক্টোবর মাসে কমনওয়েলথ শীর্ষ বৈঠকেও তিনি গঙ্গার পানি সমস্যার বিষয়টি উত্থাপন করেন এবং এটিকে বাংলাদেশের মানুষের জন্য ‘জীবন-মরণের প্রশ্ন’ হিসেবে বর্ণনা করেন। ১৯৯৫ সালের ২৩ অক্টোবর জাতিসংঘের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফারাক্কা সমস্যার কথা পুনর্ব্যক্ত করেন এবং এই সংকট সমাধানে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে গঙ্গার পানিবণ্টন নিয়ে কোনো চুক্তিতে স্বাক্ষর করতে ভারত তখন সম্মত হয়নি।

১৯৯৬ সালের নির্বাচনে দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসায় গঙ্গার পানিবণ্টন নিয়ে চুক্তিতে সম্মত হয় দিল্লি। তখন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন নিয়ে চুক্তিতে সমর্থন জানান।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষর করেন। ৩০ বছর মেয়াদি ওই চুক্তিটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নযোগ্য। এতে শুষ্ক মৌসুমে (১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত) ফারাক্কায় গঙ্গার পানিবণ্টনের নিয়ম নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক মো. জুয়েল নিহত

ফারাক্কা ব্যারাজে ১০ দিনের গড় প্রবাহের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় কে কতটুকু পানি পাবে। যদি পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হয়, তবে ভারত ও বাংলাদেশ ৫০ শতাংশ করে পানি পাবে। যদি প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে হয়, তবে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং বাকি অংশ পাবে ভারত। আর যদি প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হয়, তবে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং বাকি অংশ পাবে বাংলাদেশ।

শুষ্ক মৌসুমের সবচেয়ে সংকটপূর্ণ সময়ের জন্য একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়। ১১ মার্চ থেকে ১০ মে’র মধ্যবর্তী সময়ে তিনটি পর্যায়ক্রমিক ১০ দিনের মেয়াদে ভারত ও বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার নিশ্চয়তা পায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তিতে বাংলাদেশের জন্য কোনো নির্দিষ্ট ন্যূনতম বার্ষিক প্রবাহের কথা উল্লেখ নেই। চুক্তিতে কোনো গ্যারান্টি ক্লজও ছিল না।

এছাড়া চুক্তিতে সালিশিসংক্রান্ত ধারার (Arbitration Clause) অনুপস্থিতি পরবর্তীকালে বড় সমস্যা তৈরি করে। ভারত সে সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা বাংলাদেশের ভূখণ্ডে পদ্মা নদীর ওপর একটি ব্যারাজ নির্মাণ করবে। চুক্তিতে সালিশিসংক্রান্ত ধারা অন্তর্ভুক্ত না করার বিনিময়েই ওই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ভারত সে প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং বাংলাদেশ কখনোই চুক্তিমতো পানি পায়নি। গঙ্গার পানিবণ্টন চুক্তিটি এমন একটি সময়ে শেষ হচ্ছে, যখন ভারত পানি ইস্যুকে তার ভূরাজনৈতিক স্বার্থে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু পানিচুক্তি’ (Indus Waters Treaty) স্থগিত করে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সালিশি প্যানেল রায় দিয়েছে, ভারতকে অবশ্যই ওই চুক্তির শর্তাবলি মেনে চলতে হবে। তবে নয়াদিল্লি এ রায় প্রত্যাখ্যান করে বলেছে, প্যানেলটির এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই।

আরও পড়ুন: সৈয়দপুরে আগাছায় ভরা শহীদ স্মৃতিসৌধে নিয়মিত মাদকসেবীদের আড্ডা

সিন্ধু নদের ঘটনাটি প্রতিবেশীদের ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে এসেছে। ভারত প্রতিবেশীদের চাপে রাখতে আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতাকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। সিন্ধু পানিচুক্তির বিষয়ে ভারতের বেআইনি পদক্ষেপ বাংলাদেশের জন্যও এক ধরনের বার্তা হতে পারে।

বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন ইস্যুতে ভারত সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে তেমন কোনো বক্তব্য-বিবৃতি না এলেও ভারতীয় বিশ্লেষক এবং বিভিন্ন থিংকট্যাংক ব্যাপক সোচ্চার। তারা গঙ্গাচুক্তির ভবিষ্যৎ নিয়ে বহুমুখী বিশ্লেষণ করছে, যেখানে ভারত সরকারের মতামতই প্রতিফলিত হচ্ছে।

ভারতীয় থিংকট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ভাইস প্রেসিডেন্ট নীলাঞ্জন ঘোষ ‘গঙ্গাচুক্তির ৩০ বছর : কেন কেবল পানিবণ্টনই যথেষ্ট নয়’ শিরোনামে এক নিবন্ধে লিখেছেন, ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে এবং পরবর্তীকালে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তা ভূরাজনৈতিক পরিবেশকে বদলে দিয়েছে। ফারাক্কার বিষয়ে বিএনপির ঐতিহাসিক সমালোচনা এবং শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিশ্চিত করার ওপর তাদের জোর দেওয়ার বিষয়টি গঙ্গার পানিবণ্টন আলোচনাকে রাজনৈতিকভাবে সংবেদনশীল করে তুলতে পারে।

তিনি বলেন, ভারতে শেখ হাসিনার উপস্থিতি, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত দ্বিপক্ষীয় উত্তেজনা এ বিষয়ে চুক্তি স্বাক্ষরকে আরো জটিল করে তুলতে পারে। এছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা বিষয়টিতে নতুন একটি কৌশলগত মাত্রা যোগ করেছে। তবে প্রতিবেশী অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ভারতের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন এই বিশ্লেষক।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ’-এর রিসার্চ ফেলো ড. অমিত রঞ্জন ‘গঙ্গা পানিচুক্তি : নবায়নের অনিশ্চিত সম্ভাবনা’ শিরোনামে এক নিবন্ধে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা পানিচুক্তি ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি চায়, যাতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অন্যতম প্রধান মিত্র দল ‘জনতা দল (ইউনাইটেড)’ এই চুক্তি নবায়নের বিরোধিতা করেছে।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে নেওয়া যেকোনো সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে একটি বড় নিয়ামক হয়ে উঠতে পারে। তবে বিভিন্ন পক্ষের পরস্পরবিরোধী দাবিগুলোর মধ্যে সমন্বয় সাধন করাই এখন বড় চ্যালেঞ্জ।

এদিকে, গঙ্গার পানিবণ্টন ইস্যুতে নেগোসিয়েশনের ব্যাপারে সরকারকে সতর্ক করে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেছেন, গঙ্গাচুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। বিষয়টি নিয়ে সরকার কতটা সিরিয়াস, আমি জানি না। ভারতের মতো একটি দেশের সঙ্গে আমাদের নেগোসিয়েট করতে হবে, যারা আন্তর্জাতিক আইন বা রীতিনীতি কোনোকিছুই মানতে চায় না।

তিনি বলেন, এ ব্যাপারে সরকারের জোরালো কোনো পদক্ষেপ দেখছি না। গঙ্গার পানিবণ্টন নিয়ে তেমন কোনো আলোচনাই তো হচ্ছে না। জানি না এই চুক্তির ভবিষ্যৎ কী। আলোচনার মাধ্যমে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি। গঙ্গার পানিবণ্টনসহ ভারতের সঙ্গে যেসব ইস্যু রয়েছে, সেক্ষেত্রে সব রাজনৈতিক দলের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে যদি ঐকমত্য না হয়, তাহলে দেশ হিসেবে আমাদের বড় ধরনের মূল্য দিতে হতে পারে।

গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে নতুন চুক্তি স্বাক্ষরের জন্য সরকার দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সোচ্চার বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। গত ১০ নভেম্বর জাতীয় সংসদে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরব ভূমিকা পালন করছে। গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তি স্বাক্ষরের জন্য সরকার ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করে ভারতকে আলোচনার আহ্বান জানিয়েছে।

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন-সংক্রান্ত বর্তমান চুক্তিগুলো পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদনসহ ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে একটি সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা গ্রহণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে আগুনের লেলিহান শিখায় পুড়ল ১৮ দোকান, ২ বসতঘর ও মন্দির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


নেছারাবাদে আগুনের লেলিহান শিখায় পুড়ল ১৮ দোকান, ২ বসতঘর ও মন্দির

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর এবং একটি মন্দির সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের জীবনের সঞ্চয় ও স্বপ্ন মুহূর্তের মধ্যে আগুনের লেলিহানে নিঃশেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, এই অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও সড়কের সেতু ভাঙা থাকায় তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি খাবারের হোটেল এবং ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে।

বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসি থেকে প্রথমে আগুনের কুণ্ডলী দেখতে পান বাজারের কয়েকজন বাসিন্দা। তাঁদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারের খালের পাশের সারিবদ্ধ দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বাজারে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ভোর ৫টা পর্যন্ত স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁর দাবি, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারলে হয়তো পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল বলেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি পরিবারের বসতঘরসহ দোকানপাট পুড়ে যাওয়ায় তাঁরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। এগারগ্রাম এলাকায় সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সময়মতো পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতো।

নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রামের সড়কের সেতু ভাঙা থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, একটি খাবারের দোকান ও একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির স্বপ্ন দেখিয়ে মানবপাচারের ভয়ংকর রুটে নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


ইতালির স্বপ্ন দেখিয়ে মানবপাচারের ভয়ংকর রুটে নির্যাতন

পাকিস্তানে নিয়ে নির্যাতনের পর ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়া হয়ে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথে ঠেলে দেয়া হচ্ছে ইতালিগামীদের। ৭৩টি পাসপোর্টসহ এক দালালকে গ্রেফতারের পর আন্তর্জাতিক মানবপাচার চক্রের ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে।

ইতালিতে পাড়ি দিতে গিয়ে অনেকেই নির্যাতনের শিকার হচ্ছেন এবং এমনকি প্রাণও হারাচ্ছেন। এই ধরনের ঘটনা নতুন নয়, তবে মানবপাচারের কার্যক্রম থেমে নেই।

নওগাঁর ষাটোর্ধ্ব ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল আজিজ ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি ১২ লাখ ৫০ হাজার টাকা দালালকে দিয়ে ভিসা ও টিকিট পেয়েছিলেন। কিন্তু পাকিস্তানের করাচিতে বিমানে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন যে পাচার চক্রের খপ্পরে পড়েছেন। ইতালিতে নিয়ে যাওয়ার পরিবর্তে সেখানেই নির্যাতনের শিকার হন এবং মুক্তিপণ দাবি করা হয়। অনেক কষ্টে দেশে ফিরে আসেন আজিজ এবং দালাল চক্রের বিরুদ্ধে মামলা করেন।

বিদেশে পাঠানোর আগে আজিজকে রিকুইটিং এজেন্সি ফ্যামেক্স ট্রেড এসোসিয়েটসে নেয়া হয়েছিল। রাজধানীর নয়া পল্টনের সেই এজেন্সিতে গিয়ে দেখা যায় সাইনবোর্ড রয়েছে, কিন্তু অফিস নেই। সেখানে মারহাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস।

প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, ৫ বছর আগে মারহাবা ও ফ্যামেক্স একসঙ্গে কাজ করত, কিন্তু এখন তারা আলাদা।

ম্যানেজার ফ্যামেক্সের কর্ণধারের নম্বর দেন। তবে ফোন করে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। ফ্যামেক্সের কাউকে খুঁজে না পেয়ে ভুক্তভোগী এসআরবির কাছে সাহায্য চান। এরপর মূল অভিযুক্তের সন্ধান মেলে। যাত্রাবাড়ীর কাজলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দালাল মাসুদুর রহমানকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় ৭৩টি পাসপোর্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

২০২৭ সালের হজের জন্য সৌদি আরব কর্তৃক বাড়ানো কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৬ নভেম্বর থেকে। এই নিবন্ধন প্রক্রিয়া চলবে ২২ নভেম্বর পর্যন্ত। তবে, নির্ধারিত কোটার নিবন্ধন শেষ হয়ে গেলে আগেই কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে।

রোববার, ১৫ নভেম্বর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম সমাপ্ত হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট অনুমোদিত হজযাত্রী কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করেছে। এ ছাড়া, সরকারি মাধ্যমের কিছু কোটা অব্যবহৃত রয়েছে। এই বর্ধিত এবং অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে, যাতে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা যায়। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে বাংলাদেশে চীনা যুবক, গোয়ালন্দের তরুণীকে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে বাংলাদেশে চীনা যুবক, গোয়ালন্দের তরুণীকে বিয়ে

ভাইয়ের কর্মসূত্রে পরিচয় থেকে বন্ধুত্বের শুরু, এবং সেই বন্ধুত্বের পরিণতি ঘটে প্রেমে। ভালোবাসার আকর্ষণে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। দুই ভিন্ন সংস্কৃতির এই অনন্য বিয়েটি গোয়ালন্দে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

​

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ও জ্যাকি চেউং ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করতেন। সেখান থেকেই তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্বের সূচনা ঘটে। পরবর্তীতে জ্যাকির আগ্রহের কারণে সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন। এরপর জ্যাকি চীন ফিরে গেলেও মোবাইল ফোন ও অনলাইনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাঁদের সম্পর্ক গভীর প্রেমে পরিণত হয়। অবশেষে গত ১ নভেম্বর জ্যাকি বাংলাদেশে আসেন। ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয় এবং ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নার্গিস আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা এলাকার খোয়াজ খাঁনের মেয়ে।

অন্যদিকে, জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির ঝাংঝুয়াং এলাকার ঝাং সিনহাইয়ের ছেলে। জ্যাকি চীনে লড়ির চালক হিসেবে কর্মরত আছেন এবং তাঁর পরিবার কৃষি কাজের সঙ্গে যুক্ত। বিদেশি জামাইকে এক নজর দেখার জন্য প্রতিদিন কনের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ ও প্রতিবেশীরা। সবকিছু ঠিকঠাক থাকলে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী নার্গিস ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীন যাওয়ার পরিকল্পনা রয়েছে জ্যাকির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%