১১:০৬ এম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বদরুন্নেসা ক্যাম্পাসের শিক্ষার্থী আফিফা বুশরা, কোনো সুপারভাইজারের সরাসরি সহযোগিতা ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে তাঁর কাজ উপস্থাপনের সুযোগ লাভ করেছেন। সম্মেলনটি শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে তিনি তাঁর গবেষণার বিষয়বস্তু তুলে ধরেন।
আফিফার গবেষণার অ্যাবস্ট্রাক্ট নম্বর ছিল ‘পিপি১৫৮’ (PP158)। গবেষণার শিরোনাম ছিল-‘স্পেশাল ভেরিয়েশন অ্যান্ড হিউম্যান হেলথ রিস্ক অ্যাসেসমেন্ট অব হেভি মেটাল কনসেন্ট্রেশন ইন ড্রিংকিং ওয়াটার অ্যাক্রস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মিউনিসিপ্যাল জোনস অব বাংলাদেশ: আ সেকেন্ডারি ডেটা-ড্রিভেন স্টাডি’। এই গবেষণায় বাংলাদেশের শিল্পাঞ্চল ও পৌর এলাকার পানীয় জলে ভারী ধাতুর ঘনত্বের পার্থক্য এবং মানুষের স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়েছে।
গবেষণাটি পূর্বপ্রকাশিত বিভিন্ন গবেষণা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিচালিত হয়েছে, যেখানে গাজীপুর, নারায়ণগঞ্জ ও খুলনা অঞ্চলের পানীয় জলে আর্সেনিক (As), সিসা (Pb), ক্রোমিয়াম (Cr), ক্যাডমিয়াম (Cd), আয়রন (Fe) ও ম্যাঙ্গানিজের (Mn) উপস্থিতি পর্যালোচনা করা হয়। সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিরূপণে ‘হ্যাজার্ড ইনডেক্স’ (HI) ও ‘এক্সেস লাইফটাইম ক্যানসার রিস্ক’ (ELCR) সূচক ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: জার্মানিতে শিক্ষার্থী ভিসায় নতুন ডিজিটাল পোর্টাল, আবেদন করবেন যেভাবে
গবেষণায় শিশুদের জন্য হ্যাজার্ড ইনডেক্সের মান ৩ দশমিক ৫৩ থেকে ২৩ দশমিক ৭৫ এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৬ দশমিক ০৩ থেকে ৭ দশমিক ৭৩ পাওয়া গেছে, যা গবেষণায় ব্যবহৃত নিরাপদ সীমা ১-এর তুলনায় অনেক বেশি। এছাড়া, শিল্পাঞ্চলগুলোতে কয়েকটি ভারী ধাতুর উচ্চ উপস্থিতি এবং খুলনা অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণের বিষয়টিও উঠে এসেছে।
এই তরুণ গবেষক স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে শিল্পাঞ্চলের বর্জ্য নিঃসরণ নিয়ন্ত্রণে কঠোর বিধিমালা বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ভূগর্ভস্থ পানির পরিশোধনব্যবস্থা উন্নত করার সুপারিশ করেছেন।
‘কেমিস্ট্রি ইনোভেশনস ফর ফিউচার চ্যালেঞ্জেস’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বিসিএসের এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। স্নাতক পর্যায়ে একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পাওয়া আফিফা বুশরার জন্য একটি উল্লেখযোগ্য একাডেমিক অর্জন। তাঁর এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে এবং পরিবেশ ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট সমস্যা নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।
আরও পড়ুন: দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন