ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি আন্তর্জাতিক দক্ষতা যাচাই পরীক্ষা কেন্দ্র হিসেবে চীনা ভাষার এইচএসকে পরীক্ষা চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এই পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে, যা চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে ঘোষণা করা হয়। এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চীনে উচ্চশিক্ষা ও সরকারি বৃত্তিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য চীনা ভাষার দক্ষতা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হবে।

গত ১৩-১৫ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। সম্মেলনে কনফুসিয়াস ইনস্টিটিউটকে এইচএসকে (হানইউ শুইপিং কাওশি) পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষার আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ঝাং শি।

আরও পড়ুন: জার্মানিতে শিক্ষার্থী ভিসায় নতুন ডিজিটাল পোর্টাল, আবেদন করবেন যেভাবে

সম্মেলনটি চীনের বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে বিভিন্ন দেশের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং চীনা ভাষা শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। দেড় হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব ছিল এই সম্মেলনে।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘চাইনিজ: মোর দ্যান আ ল্যাঙ্গুয়েজ’। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বক্তব্য রাখেন। সম্মেলনে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষা, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও আলোচনায় অংশগ্রহণ করে। সেখানে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা, এইচএসকে পরীক্ষা কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, "এইচএসকে চীনা ভাষায় দক্ষতা মূল্যায়নের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা।" তিনি আরও বলেন, "চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ, চীনা সরকারি বৃত্তির জন্য আবেদন এবং চীনা ভাষার দক্ষতা প্রয়োজন এমন পেশাগত ক্ষেত্রে এ পরীক্ষার সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"

আরও পড়ুন: দাবি আদায়ে আজও রাজপথে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা

তিনি উল্লেখ করেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইচএসকে পরীক্ষা আয়োজনের সুযোগ সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের চীনা ভাষা শিক্ষার্থীরাও উপকৃত হবেন।" বিশেষ করে চীনে উচ্চশিক্ষা ও বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতা অর্জন ও মূল্যায়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চীনের হংহে বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এ ইনস্টিটিউটের মাধ্যমে চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের বারবাজার রেলস্টেশনে পেট্রল বোমা হামলা, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


কালীগঞ্জের বারবাজার রেলস্টেশনে পেট্রল বোমা হামলা, তদন্ত চলছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে। তবে এই ঘটনার ফলে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে হঠাৎ করে দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভেতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

তিনি আরও জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত, নতুন তারিখ শিগগিরই জানানো হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত, নতুন তারিখ শিগগিরই জানানো হবে

মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে, যা তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, সোমবার সকালে বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সভাটি স্থগিত করা হয়েছে।

এতে আরো জানানো হয়েছে, শীঘ্রই সভার নতুন তারিখ পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ৩৪ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নিয়ন্ত্রণে ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ এম


বরিশালে ৩৪ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নিয়ন্ত্রণে ব্যর্থ

বরিশালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। জেলার অন্তত ৩৪টি পয়েন্টে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলছে এই কার্যক্রম। প্রশাসনের নিয়মিত অভিযান, জরিমানা এবং ড্রেজার জব্দ করার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর ফলে নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি কৃষিজমি ও নদীর জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।

সরজমিনে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে রাতের বেলায় বালু উত্তোলনের মহোৎসব চলছে। বৈধ ইজারা কিংবা নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে ড্রেজার বসিয়ে দিন-রাত অব্যাহত রয়েছে বালু উত্তোলন।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চললেও এটি বন্ধ হচ্ছে না।

তথ্য অনুযায়ী, বরিশালে শতাধিক ব্যক্তির সমন্বয়ে গড়ে উঠেছে অবৈধ বালু উত্তোলনের একটি শক্তিশালী সিন্ডিকেট। আড়িয়াল খাঁ, কালাবদর, গজারিয়া, সন্ধ্যা, জয়ন্তীসহ মেঘনার বিভিন্ন শাখা নদীর অন্তত ৩৪টি পয়েন্টে চলছে বালু উত্তোলন। এর ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের আশঙ্কা বাড়ছে। নদীপাড়ের বাসিন্দারা বসতভিটা ও ফসলি জমি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

নগরীর রুপাতলীর বাসিন্দা মাহিনুর বেগম বলেন, "নদী থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে নদীর পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। প্রশাসনের অভিযান হলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।"

কালিজিরা এলাকার বাসিন্দা মিজানুর বলেন, "দিন-রাত ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক অবস্থা নষ্ট হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বসতবাড়ি ও জমিজমা নিয়ে বিপদে পড়তে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে আবাসন প্রকল্পের নামে অর্পিত সম্পত্তি দখল করে প্লট বিক্রির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


কেরানীগঞ্জে আবাসন প্রকল্পের নামে অর্পিত সম্পত্তি দখল করে প্লট বিক্রির অভিযোগ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর মৌজায় সরকারের ওপর ন্যস্ত অর্পিত সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে আবাসন প্রকল্পের নামে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় এক বাসিন্দা জাতীয়তাবাদী শ্রমিক দল কোন্ডা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনির বিরুদ্ধে অভিযোগ করেছেন, যে তিনি ভুয়া ওয়ারিশ সনদ ও দলিলের মাধ্যমে জমি দখল এবং প্লট আকারে বিক্রির চেষ্টা করছেন।

সরকারি সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কায় ওই বাসিন্দা ঢাকা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনকারী হাজী দ্বীন ইসলাম জানিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে যাওয়া মনোরঞ্জন দাসের ৩০ শতাংশ জমি পরে সরকারের অর্পিত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। দীর্ঘদিন পতিত থাকা জমিটি জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে বিক্রির চেষ্টা চলছে। এতে সরকারের বিপুল পরিমাণ সম্পত্তি বেহাত হওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতারাও প্রতারণার শিকার হতে পারেন।

অনুসন্ধানে জানা গেছে, কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর মৌজার আরএস খতিয়ান নম্বর ৪৬৮, জেএল নম্বর ১১৭ এবং ৭৭১ নম্বর দাগে মোট ৩৯ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে মনোরঞ্জন দাসের নামে ৩০ শতাংশ এবং শেখ সমির উদ্দিন ও বোচা মিয়ার নামে ৯ শতাংশ জমির রেকর্ড রয়েছে।

এছাড়া, কেরানীগঞ্জের মনোরঞ্জন দাসের বাবার নাম রাধারাম দাস। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতে চলে যাওয়ার পর তার জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের ওপর ন্যস্ত হয়। সংশ্লিষ্ট খতিয়ানে ‘হাল সন ভারত’ এবং সরকারের ওপর ন্যস্ত অর্পিত সম্পত্তিসংক্রান্ত মন্তব্য এলাকাবাসীর।

স্থানীয়রা দাবি করেছেন, জাতীয়তাবাদী শ্রমিক দল কোন্ডা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনি নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়া গ্রামের মৃত মনোরঞ্জন দাসের দুই সন্তান রবীন্দ্র দাস ও মনিন্দ্র দাসকে কেরানীগঞ্জের মনোরঞ্জন দাসের সন্তান ও ওয়ারিশ হিসেবে উপস্থাপন করেছেন। তাদের দক্ষিণ কেরানীগঞ্জের বীর বাঘৈর গ্রামের বাসিন্দা দেখিয়ে কোন্ডা ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ নেন। এরপর তাদের কাছ থেকে ভুয়া দলিল রেজিস্ট্রি করেন। নারায়ণগঞ্জের মনোরঞ্জন দাসের বাবার নাম কালীপ্রসন্ন দাস। তিনি ২০১৪ সালের ৫ অক্টোবর মারা যান। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন বলে তার সন্তান রবীন্দ্র দাসের হলফনামায় উল্লেখ রয়েছে। দুই ব্যক্তির বাবার নাম ও পরিচয়ে পার্থক্য থাকা সত্ত্বেও তাদের একই ব্যক্তি হিসেবে উপস্থাপন করে ওয়ারিশ সনদ সংগ্রহ করা হয়েছে।

৩৩৭০ নম্বর দলিলে জমি রেজিস্ট্রি

আবেদনে বলা হয়েছে, কথিত ওয়ারিশ সনদের ভিত্তিতে চলতি বছরের ১৩ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ৩৩৭০ নম্বর দলিল রেজিস্ট্রি করা হয়। ওই দলিলের মাধ্যমে সরকারের ওপর ন্যস্ত অর্পিত সম্পত্তির মালিকানা দাবি করে জমি দখল ও বিক্রির তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন হাজী দ্বীন ইসলাম।

তার অভিযোগ, জমিটি বর্তমানে তিন-চার কাঠা আকারে ছোট ছোট প্লটে ভাগ করে আবাসন প্রকল্পের মতো বিক্রি করা হচ্ছে। প্রতি শতাংশ জমি আনুমানিক ১২ লাখ টাকা দরে বিক্রির তৎপরতা চলছে। এতে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে স্থানীয় বাসিন্দা হাজী দ্বীন ইসলাম ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি দীর্ঘদিন ধরে বসুন্ধরা হাউজিং কোম্পানির দখলে ছিল। তিনি মনোরঞ্জন দাসের ছেলের নাম কালীপ্রসাদ ওরফে রাধা রাম ওরফে বাঞ্জারাম দাস বলে দাবি করেন। মুক্তিযুদ্ধের সময় তারা কেরানীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যান। তার দাবি, নারায়ণগঞ্জের মনোরঞ্জন আর কেরানীগঞ্জের মনোরঞ্জন একই ব্যক্তি।

এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, কেরানীগঞ্জের বীর বাঘৈর মৌজার অর্পিত সম্পত্তিসংক্রান্ত একটি লিখিত আবেদন জেলা প্রশাসকের দপ্তরে জমা পড়েছে। আবেদনে সরকারি অর্পিত সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে বিক্রি ও হস্তান্তরের অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে অভিযোগের সত্যতা অনুসন্ধান করা হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল, বিক্রি বা হস্তান্তরের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%