ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

যবিপ্রবির সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা


যবিপ্রবির সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুটি প্রবেশপথের মাঝখানে সড়কের পাশে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস বা তার বেশি সময় ধরে জমে রয়েছে ময়লা-আবর্জনা। এসব বর্জ্য দিন দিন জমতে থাকায় সেখানে সৃষ্টি হয়েছে একটি ময়লার ভাগাড়। এর ফলে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের জন্য এটি একটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সড়কের পাশে দীর্ঘ সময় ধরে এভাবে ময়লা-আবর্জনা জমে থাকার কারণে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ এবং শিক্ষার্থীদের আবাসস্থলের নিকটবর্তী এই পরিস্থিতি স্বাভাবিক চলাচল ও বসবাসের পরিবেশকে ব্যাহত করছে। দুর্গন্ধের কারণে অনেক শিক্ষার্থী ওই সড়ক এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। শিক্ষার্থীদের দাবি, দ্রুত ময়লা অপসারণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে ওই স্থানে আবারও ময়লার ভাগাড় গড়ে উঠতে না পারে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন হোটেলের মালিকেরা ড্রামে করে ময়লা-আবর্জনা এনে রাতের আঁধারে ওই স্থানে ফেলে যাচ্ছেন। এছাড়া আশপাশের বিভিন্ন মেসে কর্মরত অনেকে বালতিতে করে গৃহস্থালি বর্জ্য সেখানে ফেলছেন। বিভিন্ন উৎস থেকে প্রতিনিয়ত বর্জ্য জমতে থাকায় ভাগাড়টি ক্রমেই বড় হয়ে উঠছে। সেই সঙ্গে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং আশপাশের মানুষের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ, আহত দুই শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব ইকবাল বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের পাশে অবস্থিত ময়লার ভাগাড়ের কারণে চরম স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছি। এটি আমাদের প্রতিনিয়ত ভোগাচ্ছে। এমনকি দুর্গন্ধ ও পরিবেশদূষণ শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তাই শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ময়লার ভাগাড়টি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।’

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বিশ্বাস বলেন, ‘আমরা বন্ধুরা ওই রাস্তা দিয়ে চলাচলের সময় ময়লার ভাগাড়ের দুর্গন্ধের কারণে পাশ দিয়ে যেতে পারি না। ফলে বাধ্য হয়ে গেটের ভেতরের রাস্তা ব্যবহার করতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদারকিতে ওই স্থানে ময়লা ফেলা বন্ধ করা হলে আমরা স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে চলাচল করতে পারব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হামিদুর রহমান বলেন, ‘আমি ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। যেহেতু এটি পরিবেশসংক্রান্ত বিষয়, তাই পরিবেশ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বিষয়টি পাঠিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মঞ্জুরুল হক বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। যত দ্রুত সম্ভব ওই স্থানে যারা ময়লা-আবর্জনা ফেলছেন, তাঁদের সঙ্গে আলোচনা করে সমস্যাটি সমাধানের চেষ্টা করব। যেহেতু স্থানটি বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে, তাই সেখানে সরাসরি বল প্রয়োগ করে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে স্থানটি আমাদের শিক্ষার্থীদের নিয়মিত চলাচলের পথ হওয়ায় বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষ ১৩ ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশের সহায়তায় উদ্ধার, শিক্ষার্থীদের বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে ক্রীড়াবিদদের সাফল্য, পাসের হার কমলেও আনন্দের পরিবেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


এইচএসসিতে ক্রীড়াবিদদের সাফল্য, পাসের হার কমলেও আনন্দের পরিবেশ

বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদরা এবার মাঠের বাইরেও সাফল্যের নতুন গল্প গড়েছেন, যা খেলার মাঠে তাদের মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি। গতকাল প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার ৫২.১২ শতাংশে নেমে এলেও, জাতীয় পর্যায়ের একঝাঁক অ্যাথলেটের সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।

বিকেএসপি থেকে অংশ নিয়ে জাতীয় নারী হকি দলের যমজ বোন হিমাদ্রী বড়ুয়া ও নিলাদ্রী বড়ুয়া সাফল্যের দারুণ আলো ছড়িয়েছেন। ক্যাম্পের ব্যস্ততার মাঝেও, হিমাদ্রী জিপিএ ৫ অর্জন করেছেন এবং নিলাদ্রী পেয়েছেন ৪.৮৩। এ নিয়ে বিকেএসপির সাত হকি তারকার মধ্যে ছয়জন উত্তীর্ণ হয়েছেন।

ক্রীড়াঙ্গনের অন্যান্য শাখাতেও সাফল্যের এই রেশ ছড়িয়েছে। টেবিল টেনিসের ‘রানি’খ্যাত খই খই সাই মারমা বড় টুর্নামেন্ট মিস করার চ্যালেঞ্জ সত্ত্বেও, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৬৭ পেয়েছেন। ফুটবল অঙ্গনে আলো ছড়িয়েছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ (জিপিএ ৪.৭১) এবং অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মাহিন (জিপিএ ৪.২৫)। নারী ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ জিপিএ ৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন স্বর্ণা রানি মণ্ডল। ফুটবলারদের মধ্যে নবিরন, ঐশী, বন্যা, স্বপ্না ‘বি’ গ্রেড পেয়েছেন।

অন্যদিকে, পেস বোলিংয়ের মতো পড়াশোনার বাধা ডিঙিয়ে সাফল্য অর্জন করেছেন জাতীয় নারী ক্রিকেট দলের মারুফা আক্তার (জিপিএ ৩.১৭)। উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর এসব অ্যাথলেটের এমন কৃতিত্ব প্রমাণ করে যে, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাঠ ও পড়াশোনা দুই দিকেই জয়ী হওয়া সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি কর্মকর্তার হাতে কৃষকের ছদ্মবেশে দুই ‘মাটিখেকো’ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


ভূমি কর্মকর্তার হাতে কৃষকের ছদ্মবেশে দুই ‘মাটিখেকো’ আটক

পটুয়াখালীর গলাচিপায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. জাকির হোসেন দুই ব্যক্তিকে আটক করেছেন। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া স্লুইসসংলগ্ন নদীর তীরের সরকারি খাসজমিতে এই অভিযানটি পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় এবং গলাচিপা থানা পুলিশের সহযোগিতায় এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় তহশিলদার মো. জাকির হোসেন কৃষকের ছদ্মবেশ ধারণ করে মাথায় গামছা বেঁধে উপস্থিত হন। এই অবস্থায় সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর এলাকার মো. আলাউদ্দিন মৃধা এবং অন্যজন শেরপুর জেলার লালিতাবাড়ী উপজেলার নয়াবিল এলাকার রাকিব হাসান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় উভয়কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে অনুষ্ঠিত হলো ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড, অংশগ্রহণ ৬৩৮ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


কুবিতে অনুষ্ঠিত হলো ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড, অংশগ্রহণ ৬৩৮ জনের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের সহযোগী সংগঠন ‘রসায়ন সমিতি’র উদ্যোগে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের প্রার্থমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের রসায়নবিষয়ক জ্ঞান বৃদ্ধি, আগ্রহ সৃষ্টি এবং মেধার বিকাশে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

জানা যায়, প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চল থেকে মোট ৬৮০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাদের মধ্যে ৬৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

প্রাথমিক পর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমে প্রথম থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামী ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রাথমিক পর্বে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা এ পর্বে অংশগ্রহণ করবে।

অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবির রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিম্পিয়াডের সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী মোন্তাছির ভূঁইয়া বলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই পড়াশোনায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়ার মতো অবস্থানে ছিলাম না। নিজেকে একজন সাধারণ শিক্ষার্থী মনে করি। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ভালো করার সম্ভাবনাই বেশি মনে হয়েছিল। নিজের অবস্থান নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। কিন্তু ফলাফলে দ্বিতীয় হওয়ার পর অনুভূতিটা ছিল অসাধারণ। বাবা-মাকে যখন বিষয়টি জানাই, তখন আবেগ ধরে রাখতে পারিনি।’

অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘রসায়ন শুধু ল্যাবের বিভিন্ন বিক্রিয়া বা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে রসায়ন জড়িত। সকালে আমরা যে খাবার খেয়ে থাকি, তার উপাদান থেকে শুরু করে সুস্থ থাকার জন্য কী পরিমাণ খাবার গ্রহণ করা উচিত, সবকিছুতেই রসায়নের ভূমিকা রয়েছে।’

তিনি বলেন, ‘আজকের অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা নয়, বরং রসায়নকে জনপ্রিয় করা এবং এর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। এবারের অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের প্রায় সাড়ে ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এটা প্রমাণ করে, রসায়নের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, ‘রসায়নের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়া খুবই প্রশংসনীয় এবং এটি মেধা বিকাশে দারুণ ভূমিকা রাখবে। তবে বর্তমান পরীক্ষার ফলাফল আসলে খুবই হতাশাজনক, যা শিক্ষাব্যবস্থার অবস্থাকেই প্রকাশ করে। বিশেষ করে মোবাইল ফোন হলো বর্তমানে পড়ালেখার প্রধান শত্রু। আমি একে “শয়তানের বাক্স” বলি। এটি পড়ালেখা ও ভালো ফলাফল থেকে দূরে সরিয়ে রাখছে। শিক্ষার্থীদের দায়িত্ব হলো মোবাইল ফোন ব্যবহারে সচেতন হওয়া।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যেকোনো জ্ঞান অর্জনের জন্য প্রথমে ভালো টেক্সটবই এবং দ্বিতীয়ত ভালো শিক্ষক প্রয়োজন, কারণ তাঁরা হলেন জ্ঞানের বাতিঘর। এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে প্রতিদিন তোমাদের নিয়মিত ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতে হবে। তবেই তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল আসবে।’

অনুষ্ঠানে সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে রসায়ন ও বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তির বিকাশে কেমিস্ট্রি অলিম্পিয়াড একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পাঠ্যবইয়ের প্রচলিত শিক্ষার বাইরে এসে শিক্ষার্থীরা যেন রসায়নকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পারে এবং রসায়নের নতুন কিছু জানার ও আবিষ্কারের আগ্রহ অর্জন করে এ আয়োজনের মাধ্যমে আমরা সেই সুযোগ তৈরি করতে চাই।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। এ আয়োজন সফল করতে বাংলাদেশ রসায়ন সমিতি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং আয়োজক কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসনীয়। আমরা আশা করি, এ অলিম্পিয়াডের মধ্য দিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মতো মেধাবী শিক্ষার্থী তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞানসম্মত জীবনযাপনেই দীর্ঘায়ু : ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনার বনানীতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


বিজ্ঞানসম্মত জীবনযাপনেই দীর্ঘায়ু : ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনার বনানীতে

সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত কায়িক পরিশ্রম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘ ও সুস্বাস্থ্যকর জীবন নিশ্চিত করার উপায় নিয়ে বনানীর ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডে (সিএনবিএল) একটি বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনে ‘সায়েন্টিফিক লাইফস্টাইল অ্যান্ড দ্য সায়েন্স অব লিভিং লংগার’ শীর্ষক মূল আলোচনা করেন কোয়ান্টাম হার্ট কেয়ারের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। তিনি উপস্থিত সকলকে রোগমুক্ত ও দীর্ঘায়ু জীবনের জন্য বৈজ্ঞানিক উপায়ে ইতিবাচক জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে ক্লাবের ফাদার পিসেতো হল (লেভেল-৮)-এ অনুষ্ঠিত সেমিনারে ক্লাবের প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যসহ ১০০ জনের বেশি অংশগ্রহণ করেন।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞানসম্মত জীবনযাপনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা।

ডা. মনিরুজ্জামান সুস্থ ও দীর্ঘায়ু জীবনের বৈজ্ঞানিক ভিত্তি, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কার্যক্রম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, মেডিটেশন এবং ইতিবাচক জীবনধারার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার এবং অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি সদস্যদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

মূল আলোচনা শেষে প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যকর জীবনযাপন, রোগ প্রতিরোধ এবং মানসিক সুস্থতা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

ক্লাবের ইসি মেম্বার (ফুড অ্যান্ড হেলথ) ও হেলথ সাবকমিটির দায়িত্বপ্রাপ্ত ডা. মো. জোবায়ের হোসেন জানান, সদস্য ও তাঁদের পরিবারের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ধারণা ছড়িয়ে দেওয়াই এসব আয়োজনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে অস্টিওপোরোসিস, হৃদ্‌রোগ, কিডনি ও লিভারের স্বাস্থ্য, নারী ও শিশুর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ছুটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বক্তব্য, নৈশভোজ, র‍্যাফেল ড্র ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করা হয়।

ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের উদ্যোগ সদস্য ও তাঁদের পরিবারকে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরো সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%