ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কার্যকর কৌশল


রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কার্যকর কৌশল

রান্নাঘর অগোছালো থাকলে তা দেখতে আকর্ষণীয় নয়। বিশেষ করে প্রয়োজনের সময় কাঙ্খিত জিনিসটি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। কম জায়গায় রান্নাঘরকে পরিপাটি করে রাখার জন্য কিছু সহজ কৌশল রয়েছে।

রান্নাঘরের দেয়ালে র‍্যাক লাগান

রান্নাঘরের প্রয়োজনীয় সব বাসনপত্র গুছিয়ে রাখার জন্য দেওয়ালে মজবুত র‍্যাক স্থাপন করা যেতে পারে। এই র‍্যাকের সাহায্যে ছোট কড়াই, প্যান, ছাঁকনি, চামচসহ আরও অনেক পাত্র ঝুলিয়ে রাখা সম্ভব। এভাবে বাসনগুলো রাখলে স্ল্যাবের উপর জায়গা অনেক ফাঁকা হয়ে যায় এবং প্রয়োজনীয় বাসনপত্র সহজেই খুঁজে পাওয়া যায়।

আরও পড়ুন: শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ, সতর্কতা প্রয়োজন

অনেক বাসন একসঙ্গে রাখুন

অনেক সময় প্রতিটি বাসন আলাদা করে রাখার ফলে অনেক জায়গা নষ্ট হয়। তবে যদি একটি বড় বাসনের মধ্যে আরেকটি ছোট বাসন ঢুকিয়ে রাখা যায়, তাহলে অনেক জায়গা খালি থাকবে।

রান্নাঘরে একটি পুল আউট ড্রয়ার বসানো যেতে পারে।

রান্নাঘরের নীচের দিকে জায়গা থাকলে সেখানে পুল আউট ড্রয়ার তৈরি করা সম্ভব। এই ড্রয়ারের মধ্যে প্রয়োজনীয় বাসনপত্র রেখে দিলে দরকারের সময় তা সহজেই পাওয়া যাবে। হাঁড়ি, কড়াই-এর মতো ভারী বাসনপত্রও এর মধ্যে রাখা যেতে পারে। এই ড্রয়ারের বিশেষত্ব হলো এটি টানার সঙ্গে সঙ্গেই বাসনপত্র হাতের কাছে চলে আসে। তাই রান্নাঘরে প্রতিদিনের প্রয়োজনীয় বাসন রাখার জন্য এটি অত্যন্ত কার্যকর।

আরও পড়ুন: আইসিসিবিতে শুরু হয়েছে বারভিডার গাড়ি প্রদর্শনী

সব পাত্রের ঢাকনা আলাদা রাখুন

রান্নাঘরে ঢুকলেই দেখা যায় বেশিরভাগ বাসনপত্রের ঢাকনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাসন এইভাবে অগোছালো হয়ে পড়ার কারণে রান্নাঘরের অর্ধেক জায়গা নষ্ট হয়। তাই প্রথমে রান্নাঘরে গিয়ে সমস্ত পাত্রের ঢাকনা আলাদা করে নেওয়া উচিত। এগুলি রাখার জন্য একটি আলাদা স্ট্যান্ড কেনা যেতে পারে। সেই স্ট্যান্ড শুধুমাত্র পাত্রের ঢাকনা রাখার জন্য ব্যবহার করুন। এর ফলে রান্নাঘরে অনেক বেশি বাসনপত্র রাখা সম্ভব হবে।

ফাঁকা জায়গায় ছোট র‍্যাক বসান

রান্নাঘরে ফাঁকা জায়গা থাকলে সেখানে রান্নার মশলা, চায়ের কাপ কিংবা অন্যান্য ছোট বাসন রাখার জন্য একটি ছোট র‍্যাক স্থাপন করা যেতে পারে।

আরও পড়ুন: নায়িকার গোসলের পানি দিয়ে তৈরি সাবান, লাখ টাকায় কিনেছিল ভক্তরা

রান্নাঘর পরিষ্কার করার সময় সেখান থেকে ভাঙা অথবা বাতিল বাসনগুলি সরিয়ে ফেলুন। যে বাসনগুলি প্রতিদিন প্রয়োজন হয় এবং যে বাসনগুলি মাঝে মাঝে ব্যবহৃত হয়, সেগুলি আলাদা করুন। তবে রান্নাঘরে বাসন রাখার সময় সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে, শুকিয়ে রাখা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ, সতর্কতা প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ এম


শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ, সতর্কতা প্রয়োজন

মৌসুম পরিবর্তনের সঙ্গে বাজারের চেহারা পাল্টে যায়। শীতকাল আসলে বাজারে সয়লাভ হয় রংবেরঙের সব্জিতে। শীতের সময় শাকপাতা বা কপির কদর বৃদ্ধি পায়।

কিছু শীতকালীন সব্জির গঠন এমন যে, বাহ্যিকভাবে পরিষ্কার দেখালেও ভিতরে মাটি, ধুলোবালি, ক্ষুদ্র পোকা, কৃমি অথবা কীটনাশকের অবশিষ্টাংশ থাকতে পারে। তাই রান্নার আগে শুধুমাত্র কলের পানির নীচে ধোয়া যথেষ্ট নয়। বিশেষ করে কিছু সব্জি ধোয়ার সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।

ফুলকপি: বাহ্যিকভাবে পরিষ্কার মনে হলেও এর ভিতরে ছোট ছোট পোকামাকড় এবং ময়লা থাকতে পারে। রান্নার পূর্বে ফুলকপি ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। খাওয়ার আগে এটি ভালোভাবে রান্না করা উত্তম।

বাঁধাকপি: বাঁধাকপির ঘন পাতাগুলির মধ্যে ময়লা ও জীবাণু আটকে যেতে পারে। বাইরের পাতাগুলি ফেলে দিয়ে বাকি পাতাগুলি আলাদা করুন এবং ভালোভাবে ধুয়ে নিন। খাওয়ার আগে বাঁধাকপি ভালোভাবে রান্না করা অত্যন্ত জরুরি।

পালংশাক: আয়রন, ফাইবার, ভিটামিন এ, ভিটামিন কে সমৃদ্ধ এই শাকটির পাতার সঙ্গে মাটি লেগে থাকার প্রবণতা বেশি। বিশেষ করে ডাঁটার গোড়ায় এবং পাতার পিছনের দিকে ময়লা জমতে পারে। তাই শাকের গোড়া ও নষ্ট পাতা বেছে ফেলে দিন। প্রয়োজনে একাধিকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে।

ক্যাপসিকাম: ক্যাপসিকামের ভিতরে, বিশেষ করে বীজের চারপাশে ময়লা এবং অন্যান্য দূষিত পদার্থ জমতে পারে। রান্নার আগে সব্জিটি অর্ধেক করে কেটে বীজগুলি ফেলে দিন এবং ভিতরের অংশ ভালোভাবে ধুয়ে নিন। এই সব্জি কাঁচা খাওয়াও ভালো নয়।

বেগুন: সব্জি কাটার সময় ভিতরের অংশ ভালো করে দেখে নিন। কারণ, বেগুনের ভিতরে পোকা থাকতে পারে। যদি কালো অংশ দেখতে পান, তবে সেটি ফেলে দিতে হবে। আর যদি বেগুনের অধিকাংশই পোকায় আক্রান্ত হয়, তাহলে তা না খাওয়াই ভালো। নয়তো রান্নার আগে সব্জিটি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ এম


মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

ভোলার চরফ্যাশন থেকে নদীপথে মিয়ানমারে পাচারের সময় কোস্ট গার্ড একটি ট্রলারসহ ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে। সার পাচারের অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন: নোয়াখালীর আজগর হোসেন, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, ভোলা চরফ্যাশনের মো. শামীম, মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাটের মো. সিরাজ, দৌলতখানের মো. রায়হান ও নোয়াখালীর মো. সেলিম।

এর আগে, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা তেঁতুলিয়া নদীতে অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে (ট্রলার) তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার জব্দ করে। পাশাপাশি, পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা সার, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক করা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাব্বির আলম সুজন জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটদের নেতৃত্ব নিয়ে বিরোধ, চাক শুমারের চাপে বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ এম


ডেমোক্র্যাটদের নেতৃত্ব নিয়ে বিরোধ, চাক শুমারের চাপে বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় সাফল্য অর্জনের পরও ডেমোক্র্যাটিক পার্টি স্বস্তিতে নেই। দলের নেতৃত্ব নিয়ে নতুন বিভক্তি দেখা দিয়েছে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর। নবনির্বাচিত একাধিক ডেমোক্র্যাট সিনেটর বর্তমান নেতা চাক শুমারকে আবারও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দেখতে চান না। তাদের সঙ্গে দলের সমর্থক ও প্রগতিশীল সংগঠনগুলোও নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছে।

বুধবার (৪ নভেম্বর) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৭৫ বছর বয়সী শুমার আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আগামী মাসে তিনি আবারও দলের নেতা নির্বাচিত হবেন। তবে তার এই প্রত্যাশার বিপরীতে দলের ভেতরে অসন্তোষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তত সাতজন নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর শুমারকে আগামী মাসের নেতৃত্ব নির্বাচনে সমর্থন না করার ইঙ্গিত দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইলিনয়ের জুলিয়ানা স্ট্র্যাটন, কানসাসের অ্যাডাম হ্যামিলটন, মেইনের ট্রয় জ্যাকসন, মিশিগানের আবদুল এল-সাইয়েদ, মিনেসোটার পেগি ফ্লানাগান, নিউ হ্যাম্পশায়ারের ক্রিস পাপাস ও টেক্সাসের জেমস তালারিকো।

মেইনের নবনির্বাচিত সিনেটর ট্রয় জ্যাকসন মনে করেন, শুমার শ্রমজীবী মানুষের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে পারছেন না। অন্যদিকে পেগি ফ্লানাগানের বক্তব্য, ডেমোক্র্যাটদের এখন নতুন নেতৃত্বের প্রয়োজন। নিউ হ্যাম্পশায়ারের ক্রিস পাপাসও বলেছেন, ভোটাররা সিনেটে নতুন প্রজন্মের নেতৃত্ব প্রত্যাশা করছেন।

শুমারের বিরুদ্ধে অসন্তোষের পেছনে একাধিক কারণ রয়েছে। সমালোচকদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ ঠেকাতে তিনি যথেষ্ট কার্যকর ভূমিকা রাখেননি। গত বছর সরকারের অচলাবস্থা নিরসনে রিপাবলিকানদের একটি প্রস্তাবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সমালোচনার মুখে পড়েন তিনি। সমালোচকদের মতে, এর মাধ্যমে স্বাস্থ্যসেবা ভর্তুকিসহ ডেমোক্র্যাটদের গুরুত্বপূর্ণ দাবি বিসর্জন দেওয়া হয়েছিল।

এছাড়া ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে শুমারের অবস্থান নিয়েও দলের প্রগতিশীল অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। তিনি প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলকে সহায়তা দেওয়া তাঁর অন্যতম দায়িত্ব।

সম্ভাব্য বিকল্প নেতা হিসেবে মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেনের নাম আলোচনায় এসেছে। তিনি বলেছেন, সাহসী রাজনৈতিক কর্মসূচির প্রতিশ্রুতি ছাড়া শুমারকে সমর্থন দেওয়া উচিত নয়।

এদিকে প্রগতিশীল সংগঠন ইনডিভিজিবল বৃহস্পতিবার শুমারের বিরোধিতা করে একটি স্মারকলিপি প্রকাশ করেছে। সংগঠনটি ডেমোক্র্যাটদের নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট আয়োজনের আহ্বান জানিয়েছে।

তবে শুমারের পক্ষে এখনো দলের গুরুত্বপূর্ণ নেতাদের সমর্থন রয়েছে। নিউ জার্সির সিনেটর কোরি বুকার মধ্যবর্তী নির্বাচনে তার ভূমিকার প্রশংসা করেছেন।

শুমারকে পুনর্নির্বাচিত হতে সিনেটের ডেমোক্র্যাটিক সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সমর্থন প্রয়োজন। ফলে আগামী মাসের নেতৃত্ব নির্বাচনেই স্পষ্ট হবে, দলের ভেতরে তার অবস্থান কতটা শক্তিশালী এবং নেতৃত্বে পরিবর্তনের দাবিতে কতজন সিনেটর একমত হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ এম


মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দক্ষিণে রণতরিটির অবস্থান শনাক্ত করা হয়েছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও চারটি নৌযান রয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে, রণতরিটি চারটি নৌযানের একটি বহর নিয়ে দক্ষিণ চীন সাগর অতিক্রম করছে। তাদের চলাচলের গতিপথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে যে, বহরটি মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

ইউএসএস থিওডোর রুজভেল্ট ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি ত্যাগ করে। এরপর এটি জাপানের ইয়োকোসুকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে অবস্থান নেয়। সেখানে সামরিক মহড়ায় অংশগ্রহণের পর রণতরিটি দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হয়।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, শুক্রবার থেকে কয়েক দিন সিঙ্গাপুরে অবস্থান করবে বিমানবাহী রণতরিটি। এরপর এটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখবে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় রণতরিটির পৌঁছাতে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত লাগতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নৌবহরের গতিবিধি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে রণতরিটি ওই অঞ্চলে পাঠানোর সুনির্দিষ্ট কারণ কিংবা সেখানে পৌঁছানোর পর কী ধরনের দায়িত্ব পালন করবে, সে বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%