০৪:৪৯ পি.এম
গাইবান্ধার সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি হাসানুর জামান সুমন (৪০) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৪ জুলাই) দুপুরে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার কচুবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৬ জুন বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে ভোগদখলীয় জমিতে রোপণ করা গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় হাসানুর জামান সুমনের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহরাব সরকার, তার ভাই আলামিন এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সোহরাব সরকারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। সোহরাবকে রক্ষা করতে এগিয়ে এলে আলামিন ও স্থানীয় বাসিন্দা জাকির হোসেনও হামলার শিকার হন। এতে এ তিনজনই গুরুতর আহত হন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এ ঘটনায় সোহরাব সরকারের স্ত্রী সুমাকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং তার গলায় থাকা আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। হামলার পর অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পরদিন ৭ জুন সুমা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নয়জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩-এর সিপিসি-৩ गাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার কচুবাড়ী গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি হাসানুর জামান সুমনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন