ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ


এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

গত মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত অভিষেকের পর এবার ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে নাম লেখালেন হাসান মাহমুদ।

কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাবেন টাইগার পেসার। গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট ক্রিকেট।

বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে ভাইটালিটি ব্লাস্টে খেলতে যাচ্ছেন হাসান মাহমুদ। এর আগে ২০১৬ সালে সাসেক্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে কেন্ট স্পিটফায়ার্সের হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছেন হাসান।

আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার

ইংল্যান্ডের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হাসান। কেন্টের প্রকাশিত বিবৃতিতে টাইগার পেসার জানান, কেন্টের সময়টা তিনি ভীষণ উপভোগ করছেন এবং দলের প্রয়োজনে আবারও ফিরতে পেরে তিনি আনন্দিত।

হাসান বলেন, ‘কেন্টে সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। ভাইটালিটি ব্লাস্টে ফিরে এসে অবদান রাখার সুযোগ যখন এলো, তখন এক মুহূর্তও দ্বিধা করিনি। এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, আর কেন্টকে নকআউট পর্বে তুলতে আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমার ওপর আস্থা রাখার জন্য আমি কেন্টকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। বাংলাদেশের হয়ে আবারও সাদা বলের ক্রিকেটে ফেরার জন্য নিজেকে এগিয়ে নেওয়ার এটি দারুণ একটি সুযোগ বলে আমি মনে করি।’

আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামিক ব্যাংকগুলোর শরিয়াহ কাউন্সিলের কার্যকারিতা বাড়ানোর তাগিদ গভর্নরের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ইসলামিক ব্যাংকগুলোর শরিয়াহ কাউন্সিলের কার্যকারিতা বাড়ানোর তাগিদ গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, দেশের অধিকাংশ আমানতকারী ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণে আগ্রহী। তিনি উল্লেখ করেন, তাই শরিয়াহ কাউন্সিলকে আরো কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (আইবিআরপিডি) যৌথ উদ্যোগে বিআইবিএম ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের শরিয়াহ-সংক্রান্ত ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর আরো বলেন, ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে দৃঢ়ভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর ‘বাংলা কিউআর’ সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার এ সময় মন্তব্য করেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ব্যাংকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তার মতে, যদি ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে থাকে তবে ব্যবস্থাপনা, তদারকি ও কার্যকারিতা আরো উন্নত হবে।

সভাপতির বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, দেশে ইসলামিক ব্যাংকিংয়ের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে কার্যকর শরিয়াহ গভর্নেন্স ও শরিয়াহ কমপ্লায়েন্স নিশ্চিত করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। তিনি বলেন, শরিয়াহ নীতিমালার যথাযথ অনুসরণ কেবল ইসলামিক ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি করে না, বরং এই খাতের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো বলেন, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা এবং শরিয়াহ সুপারভিশন ব্যবস্থার মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিআইবিএম গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় তিনটি কারিগরি উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্যরা বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, সুশাসন এবং কার্যকর শরিয়াহ তদারকি জোরদারের বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক ম্যাচেই ১১ অনন্য কীর্তি, ইতিহাসে আরও উঁচুতে মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


এক ম্যাচেই ১১ অনন্য কীর্তি, ইতিহাসে আরও উঁচুতে মেসি

কেপ ভার্দের বিপক্ষে জয়ের ম্যাচটি শুধু আর্জেন্টিনার শেষ ষোলো নিশ্চিত করার জন্য নয়, লিওনেল মেসির জন্যও এটি হয়ে থাকল রেকর্ড গড়ার আরেকটি স্মরণীয় রাত। গোল করার পাশাপাশি একের পর এক বিশ্বকাপের রেকর্ড নিজের নামে লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ৩০টি ম্যাচ খেলার কীর্তি গড়েন মেসি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২০ গোলের মাইলফলকও স্পর্শ করেন তিনি।

নকআউট পর্বে টানা পাঁচটি ম্যাচে গোল করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মেসি। এছাড়া, বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন আসরে, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে, সাত বা তার বেশি গোল করার নজিরও গড়েন তিনি।

৩৫ বছর বয়স পার হওয়ার পর বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। যেখানে ৩৫ বছরের বেশি বয়সী অন্য সকল ফুটবলার মিলিয়ে করেছেন ২৫ গোল।

কেপ ভার্ডের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়ার বিপক্ষে গোল করার সময় মেসির বয়স ছিল ৩৯ বছর। ফলে গোলদাতা ও গোলরক্ষকের সম্মিলিত বয়স ৭৯ বছর ৬১ দিন, যা বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড।

বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত ১২টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি। তিনি করেছেন ৬ গোল, এবং করিয়েছেন ৬টি। এই কীর্তিতে তিনি পেলে ও কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন।

এ ছাড়া, বিশ্বকাপের নকআউটে টানা পাঁচ ম্যাচে গোল করা ইতিহাসের তৃতীয় ফুটবল খেলোয়াড়ও তিনি। এর আগে এই কীর্তি ছিল হাঙ্গেরির গিওর্গি সারোসি ও ব্রাজিলের ভাভার।

বিশ্বকাপের সর্বশেষ ছয়টি নকআউট ম্যাচে সরাসরি ১০ গোলে অবদান রেখেছেন মেসি। তিনি করেছেন ৬ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৪টি।

এ পর্যন্ত বিশ্বকাপে ২২টি ভিন্ন দলের বিপক্ষে খেলেছেন মেসি। এর মধ্যে ১৪টি দলের বিপক্ষে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

এখন, আর মাত্র একটি গোল করলে ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা এক আসরে ৮ গোলের আর্জেন্টাইন রেকর্ডে ভাগ বসাবেন মেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


দেশের মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, আন্তর্জাতিক হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী। দেশের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৪৫ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছেন। তাদের সহায়তা প্রদান এবং জনসম্পদে পরিণত করার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

শনিবার দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে রংপুর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দিতে ৪৫টি মোবাইল থেরাপি ইউনিট মাঠপর্যায়ে কাজ করছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশে মোট প্রায় ২ হাজার ৬০০টি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৮৫টি নিবন্ধিত এবং ৭৫টি এমপিওভুক্ত। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ১,৭০০টি বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। সরকার প্রতিটি জেলায় একটি করে মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় এবং প্রতিটি উপজেলায় অন্তত একটি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

ডা. জাহিদ হোসেন আরও জানান, সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে সমাজসেবা অধিদপ্তর, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা সংস্থা এবং প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমন্বিতভাবে কাজ করছে।

দুর্নীতির বিষয়ে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। বিগত সময়ের দুর্নীতির অভিযোগগুলোও দুদকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে তবে নির্ধারিত মানদণ্ড পূরণকারীরাই এ সুবিধা পাবেন। এজন্য প্রথমে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হবে। পরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে কম্পিউটারভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হবে। আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুর নগরীসহ সারাদেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।

মন্ত্রী আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সব ধরনের ভাতা ও আর্থিক সহায়তা বর্তমানে সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। ফ্যামিলি কার্ডের অর্থও একই পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে। এর ফলে মধ্যস্বত্বভোগীর সুযোগ কমে গেছে এবং উপকারভোগীরা স্বচ্ছতার সঙ্গে সেবা পাচ্ছেন।

সমাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে মন্ত্রী জানান, দারিদ্র্য বিমোচনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় সেলাই, কম্পিউটার, হাঁস-মুরগি পালন, প্লাম্বিং, মোবাইল ফোন মেরামতসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের বিনাসুদে ঋণও দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসাসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রচণ্ড দাবদাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


প্রচণ্ড দাবদাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত ঘোষণা

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চলমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাধীনতা দিবসের আয়োজন কমিয়ে ফেলা হয়েছে। ৪ জুলাইয়ের প্রচণ্ড গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্থানের কর্মকর্তারা ডজনখানেক শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল কিংবা স্থগিত করতে বাধ্য হয়েছেন।

ব্যাহত হওয়া অনুষ্ঠানগুলোর মধ্যে আছে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। এই মেলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ ছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এ মেলা গতকাল শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তখন তাপমাত্রা পৌঁছেছিল ১০১ ডিগ্রি ফারেনহাইটে (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস)।

এদিকে, আড়াইশো বছর আগে জাতির কর্ণধাররা স্বাধীনতার ভিত নির্মাণ করেছিলেন তা রক্ষায় দেশবাসীকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেছেন, প্রগতিশীল ডেমোক্র্যাটদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের ব্ল্যাক হিলস অঞ্চলে অবস্থিত বিশ্ববিখ্যাত স্মৃতিসৌধ মাউন্ট রাশমোর। এই মাউন্ট রাশমোর জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন- চার প্রেসিডেন্টের প্রতিকৃতি নিয়ে তৈরি ৬০ ফুট উঁচু একটি মনুমেন্ট।

যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক এই স্মৃতিসৌধ ভ্রমণ করে স্বাধীনতা দিবসের সন্ধ্যার সূচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্বাধীনতার কাণ্ডারিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তব্য শুরু করেন। এ সময় মধ্যবর্তী নির্বাচনের বিষয়টি মাথায় রেখে প্রগতিশীল ডেমোক্র্যাটদের একহাত নিয়েছেন ট্রাম্প।

বর্তমানে বামপন্থী ডেমোক্র্যাটিক প্রার্থীদের সাম্প্রতিক ধারাবাহিক সাফল্য রীতিমতো ভোগাচ্ছে রিপাবলিকানদের। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা, প্রগতিশীল ডেমোক্র্যাটরা একধরনের কমিউনিস্ট হুমকি সৃষ্টি করছে, যা জাতির কর্ণধারদের স্বপ্ন ধূলিসাৎ করে দিতে পারে।

এদিকে, তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দেশটির স্বাধীনতা দিবস উদযাপনও ব্যাহত হচ্ছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বোস্টনের মতো শহরগুলোতে রোদের তীব্রতা এড়ানোর চেষ্টা হচ্ছে। দুপুরের অনুষ্ঠানগুলো বিকেলে সরানো হয়েছে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য শহরে কুলিং সেন্টার ও মিস্ট স্টেশনও বসানো হয়েছে। প্রচণ্ড গরমে বাতিল করা হয়েছে ফিলাডেলফিয়ার বিখ্যাত স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড। নিউ জার্সির হ্যাডন টাউনশিপ এবং নিউ ইয়র্কের ওয়াটারটাউনে প্যারেড ও কনসার্ট বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%