০৬:২৪ পি.এম
বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন সচেতন ছাত্রসমাজ ও স্থানীয় বাসিন্দারা। সড়ক অবরোধ করে তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এই ঘটনায় সড়কটিতে প্রায় পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টা থেকে পৌনে ৪টা পর্যন্ত শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেন। একইসাথে, গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিক্ষোভ চলাকালে নিহত গালিবের মা ময়না কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলেকে বিনা কারণে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।"
আরও পড়ুন: বিএনপি অঙ্গীকার রক্ষা করলে জাতীয় ঐক্যের বিষয় নিয়ে ভাবা হবে: নাহিদ ইসলাম
এম আর ইসলাম স্বাধীন বলেন, "একজন শিক্ষার্থীকে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গালিবের বাবা নেই, শুধু মা আছেন। পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের কাজ চলছে। গালিবের মা আবেদন করলে আগামী এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে তার চাকরির ব্যবস্থা করা হবে।"
তিনি আরো বলেন, "হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে একজন যুবদলের সাথে সম্পৃক্ত। তাকে দল থেকে বহিষ্কারের জন্য বলা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় কোনো হত্যাকাণ্ড বরদাশত করা হবে না। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমিও এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দাবি করছি।"
নিহত মনিরুল ইসলাম গালিব ছিলেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় তার ধূমপানের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় যুবক মিশু (২১)। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে গালিবের সাথে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২০) মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিশু ও বাবু গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নিয়োগ-অর্থ আত্মসাৎ ও জাল সনদে ক্ষেপলেন মাদ্রাসা অধ্যক্ষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন