ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রংপুরে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ এর কার্যক্রম শুরু


রংপুরে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ এর কার্যক্রম শুরু

রংপুর ২২ নভেম্বর ২০২৬ : জেলার একটি হাসপাতালকে সংস্কার করে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ নামে মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ রোববার দুপুরে হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী।

‘শহীদ আবু সাঈদ’ মেমোরিয়াল হাসপাতালে রংপুর নগরীর লক্ষাধিক মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। সপ্তাহে ৩ দিন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করবেন এবং প্রতিদিন চলবে শিশুদের বিভিন্ন ধরনের টিকা কার্যক্রম। পর্যায়ক্রমে সিজারিয়ান অপারেশন কার্যক্রমসহ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।

আরও পড়ুন: সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনায় ২ আটক

এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ, ডা. ইসমত নিগার স্বপ্নাসহ অন্যান্যরা।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এখানে বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা প্রদান করবেন। প্রতিদিন এখানে টিকা কার্যক্রম চলছে। শিগগিরই এখানে একজন শিশু ও একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করবেন।

তিনি আরও বলেন, আমরা চাই প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। সে লক্ষ্যে রংপুর নগরীর মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল থেকে প্রাথমিক সেবা পাবেন। আগামীতে মাহিগঞ্জসহ আশপাশের এলাকার রোগীদের দুর্ভোগ কমবে। তাদের চিকিৎসাসেবা নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে হবে না।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭১১ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ইউনিভার্সে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য উপস্থাপন করলেন সামিরা খান মাহি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


মিস ইউনিভার্সে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য উপস্থাপন করলেন সামিরা খান মাহি

বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে মাতৃত্বের চিরন্তন ভালোবাসা ও দেশীয় ঐতিহ্যের বার্তা নিয়ে অংশগ্রহণ করেছেন। তিনি লাল-সাদা খাদির শাড়ি, বাংলার ঐতিহ্যবাহী সোনালি গয়না এবং পিঠে মাতৃত্বের গল্প তুলে ধরতে বৃত্তাকার শিল্পকর্মে সজ্জিত হয়ে ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত এই আসরের মঞ্চে উঠেছেন। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর পাঁচটায় এই পর্ব অনুষ্ঠিত হয়, যার মূল ভাবনা ছিল ‘মাতৃত্ব ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’।

কুমিল্লার খাদিতে মাতৃত্বের গল্প

মাহির পরিধানে থাকা শাড়িটি কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি, যার নকশা ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার করেছেন। মঞ্চে হাঁটাচলার সুবিধার্থে ১৬ গজ সুতির খাদি কাপড়ের শাড়িটি রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে। শাড়ির পাড়ে এমব্রয়ডারির মাধ্যমে শাপলা ফুলের নকশা এবং ব্লকপ্রিন্টের কাজ যুক্ত করা হয়েছে।

শাড়ির পাশাপাশি মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি ছিল বিশেষ আকর্ষণ। সেখানে একটি মেয়েশিশুর শৈশব, ধাপে ধাপে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ প্রান্তে মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতার গল্প ফুটে উঠেছে। ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার জানান, তিনি মাত্র তিন দিনে পুরো কাজটি সম্পন্ন করেছেন; যার মধ্যে দুই দিন শিল্পকর্ম তৈরিতে এবং এক দিন শাড়ি তৈরিতে ব্যয় হয়েছে।

সাবেকি গয়নায় বাংলার ঐতিহ্য

পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে মাহির সাজে ছিল সোনালি গয়না। সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো বাংলার মায়েদের ঐতিহ্যবাহী অলংকার থেকে অনুপ্রাণিত হয়ে গয়নাগুলোর নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির। নয়জন কারিগর সাত দিনে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে নিপুণ হাতে এসব অলংকার তৈরি করেন।

শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ায় মাহি শুরুতে জাতীয় পোশাক সঙ্গে নিতে পারেননি। তবে পোশাক ও সাজের প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মাহি জানান, মিথিলার সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি অঙ্গীকার রক্ষা করলে জাতীয় ঐক্যের বিষয় নিয়ে ভাবা হবে: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


বিএনপি অঙ্গীকার রক্ষা করলে জাতীয় ঐক্যের বিষয় নিয়ে ভাবা হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, জাতীয় ঐক্য সর্বপ্রথম বিএনপিই নষ্ট করেছে। তিনি উল্লেখ করেছেন যে, বিএনপি যদি তাদের অতীতের ভুলগুলো সংশোধন করে এবং অঙ্গীকার রক্ষা করে, তবেই জাতীয় ঐক্যের বিষয়টি নিয়ে চিন্তা করা সম্ভব হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে যুক্তরাজ্য সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।

যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি অভিযোগ করেন যে, ১৩ থেকে ২১ নভেম্বর তার সফরকালে ১৬ নভেম্বর লন্ডনে তার ও সফরসঙ্গীদের ওপর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, ওই হামলা ছিল হত্যার উদ্দেশ্যে। এনসিপির এই নেতা হামলার জন্য ‘পলাতক আওয়ামী শক্তিকে’ দায়ী করেন।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিদেশে হামলার পাশাপাশি দেশের মাটিতেও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি ঘটছে। তিনি বলেন, সরকার যদি শুরুতে কঠোর ব্যবস্থা নিত, তবে বর্তমানের এই নৈরাজ্য দেখতে হতো না।

সরকারপ্রধানের দেওয়া জাতীয় ঐক্যের ডাককে ইতিবাচকভাবে দেখলেও বিরোধীদলীয় চিফ হুইপ আস্থাহীনতার কথা জানান। জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে তিনি বলেন, বিএনপিকে সংবিধান সংশোধন কমিটি বাতিল করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে। এ ছাড়া গঙ্গা চুক্তি নবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি। নাহিদ ইসলাম জানান, এসব অঙ্গীকার ও শর্ত পূরণ হলে তবেই জাতীয় ঐক্যের বিষয়ে এনসিপি চিন্তা করবে।

তবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রীর আহ্বানে তার সঙ্গে দেখা করব। আমরা আগে তার বক্তব্য শুনতে চাই। বক্তব্য শুনে সে অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭১১ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭১১ জন গ্রেফতার

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ গত ২৪ ঘণ্টায় ৭১১ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৩৩ জনকে আটক করা হয়েছে। এর পাশাপাশি মাদকবিরোধী অভিযানে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৬৯ জন, পূর্ববর্তী মামলায় ১২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ১২ জন, পরোয়ানামূলে ১০৩ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৩০ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে সরাসরি গ্রেফতার করা হয়েছে আরও ৫৭ জনকে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মাদকসংক্রান্ত ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৪ হাজার ৪৭২ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্ডাডল, ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল বিদেশি মদ এবং ১৪৩ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৯৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ৪১ জন, চট্টগ্রামে ১৮ জন, নোয়াখালীতে ১০ জন, চাঁদপুরে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ৫ জন করে, ফেনীতে ৩ জন এবং কক্সবাজারে ২ জন রয়েছেন। এছাড়া খাগড়াছড়িতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৩৩ জনের মধ্যে ১৬৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের সদস্য আটকের ক্ষেত্রে জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৭৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৪৩ জন, লক্ষ্মীপুরে ২৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ জন, কক্সবাজারে ১৬ জন, খাগড়াছড়িতে ১৫ জন, নোয়াখালীতে ১৪ জন, রাঙামাটিতে ৯ জন, চাঁদপুরে ৮ জন, বান্দরবানে ৭ জন এবং ফেনীতে ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার, কারাগারে পাঠানো হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার, কারাগারে পাঠানো হলো

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পাপিয়াকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর এলাকা থেকে পাপিয়াকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৬ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর-১ ছাপাখানা মোড়ে দায়িত্ব পালনকালে পুলিশ জানতে পারে, মিরপুর-১ ফুটওভারব্রিজের নিচে রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের ভেতরের সিট, ফ্যান ও জানালার কাচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। মিরপুর মডেল থানায় এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%