প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের পরিচিতি রয়েছে। তবে নিয়মিত ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং অন্যান্য মিডিয়া ফাইলের আদান-প্রদানের ফলে ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। যখন ফোনে জায়গা কমে যায়, তখন অপ্রয়োজনীয় ফাইলগুলো খুঁজে বের করে মুছে ফেলার প্রয়োজনীয়তা দেখা দেয়।
ব্যবহারকারীদের এই কাজটি সহজতর করার জন্য হোয়াটসঅ্যাপে ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা রয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা দেখতে পারেন কোন ফাইল কতটুকু জায়গা দখল করছে, কোন চ্যাটে বেশি মিডিয়া জমা হয়েছে এবং বড় ফাইলগুলো কী। চাইলে একসঙ্গে একাধিক ফাইল মুছে ফোনের জায়গা খালি করা সম্ভব। এছাড়া নির্দিষ্ট কোনো চ্যাট থেকে বেছে বেছে মিডিয়া ফাইল মুছে ফেলার অপশনও রয়েছে।
হোয়াটসঅ্যাপ কত জায়গা নিচ্ছে, তা দেখার পদ্ধতি
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ডান পাশে উপরের তিনটি ডট মেনুতে চাপ দিতে হবে। এরপর ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে যেতে হবে। সেখানে ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করলে ফোনে হোয়াটসঅ্যাপ কতটুকু জায়গা দখল করে আছে, তা দেখা যাবে।
নির্দিষ্ট কোনো চ্যাটের স্টোরেজও পরীক্ষা করা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট চ্যাট খুলে ওপরে থাকা চ্যাটের নামের ওপর চাপ দিতে হবে। এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করলে ওই চ্যাটের মিডিয়া ফাইলগুলো বড় থেকে ছোট আকারের ক্রমানুসারে দেখা যাবে।
অপ্রয়োজনীয় ফাইল মুছবেন যেভাবে
স্টোরেজ খালি করতে আবারও ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ এবং ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যেতে হবে। এরপর নির্দিষ্ট চ্যাট বা চ্যানেল নির্বাচন করতে হবে। যেসব ফাইল মুছতে চান, সেগুলোতে আলাদাভাবে চাপ দিয়ে নির্বাচন করা যাবে। একসঙ্গে সব ফাইল মুছতে ‘সিলেক্ট অল’ নির্বাচন করতে হবে। এরপর ‘ডিলিট’ চাপলেই ফাইলগুলো মুছে যাবে।
তবে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে, কারণ এভাবে মুছে ফেলা ফাইল স্থায়ীভাবে মুছে যেতে পারে। সংশ্লিষ্ট চ্যাট থেকে পরে সেগুলো আবার ডাউনলোড করা যাবে না। এছাড়া ফাইল মুছলে তা শুধু নিজের অ্যাকাউন্ট থেকে সরবে; চ্যাটের অন্য সদস্যরা ফাইলটি দেখতে পারবেন।
সার্চ করেও ফাইল মুছতে পারবেন
চ্যাট তালিকার ওপরের সার্চ বারে চাপ দিয়ে ছবি, ভিডিও বা ডকুমেন্ট খুঁজে বের করা সম্ভব। এরপর যে ফাইলটি মুছতে চান, সেটি খুলে ‘ডিলিট’ অপশনে চাপ দিতে হবে।
মনে রাখতে হবে, কোনো ফাইলের একাধিক কপি থাকলে ফোনের জায়গা পুরোপুরি খালি করতে সব কপি মুছে ফেলতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন