০১:২৫ এম
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এবার নির্বাচন কমিশন (ইসি) সংলাপ করার চিন্তা করছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ না কি ইউনিয়ন পরিষদ- কোন প্রতিষ্ঠানের নির্বাচন আগে হবে, তা নিয়ে নানা আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
কমিশনের পরিকল্পনার মধ্যে রয়েছে রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন বিশ্লেষক ও অন্যান্য সংশ্লিষ্টদের মতামত নিয়ে জনগণের জন্য কোন প্রতিষ্ঠানের নির্বাচন আগে আয়োজন করা বেশি জরুরি ও উপযোগী হবে, সে বিষয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো। এ জন্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সংলাপ শুরু করে আগস্টে শেষ করার পরিকল্পনা রয়েছে। সংলাপ শেষে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। ইসি সচিবালয় সংলাপের তারিখ নির্ধারণের জন্য ফাইল উপস্থাপন করবে। ইসির চূড়ান্ত সিদ্ধান্ত পেলে সংশ্লিষ্টদের সংলাপের আমন্ত্রণপত্র পাঠানো হবে।
অন্যদিকে, প্রায় দুই বছর ধরে দেশের বেশির ভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনপ্রতিনিধিহীন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। নির্দলীয় স্থানীয় নির্বাচনে অনেক রাজনৈতিক দল তাদের প্রার্থীর নামও ঘোষণা করেছে।
আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
এ বিষয় নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে আমাদের আচরণবিধি সংশোধনের কাজ চলছে। এই কাজ শেষ হলে ঠিক করা হবে কোন স্থানীয় সরকার নির্বাচন কখন অনুষ্ঠিত হবে।
বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে কোন স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে, জানতে চাইলে কমিশনার বলেন, এসব নিয়ে আমরা এখনই ভাবছি না। তবে প্রয়োজন হলে সংলাপের আয়োজন করা হতে পারে। এ ক্ষেত্রে আমরা অংশীদারদের সঙ্গে বসতে পারি।
সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, হয়তো সব দলের সঙ্গে বড় আকারে না হলেও যদি কমিশনে মনে হয়, তাহলে বসতে পারি। কারণ অংশীদারদের মতামতের প্রয়োজন রয়েছে।
ইসির কর্মকর্তারা বলছেন, তারা অন্তত তিন মাসের মধ্যে প্রস্তুতি শেষে ভোটে যেতে চান। এর মধ্যে কোন নির্বাচন আগে হবে, তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে। এদিকে, স্থানীয় সরকারের সিটি, উপজেলা, পৌর, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের অধিকাংশ প্রতিষ্ঠানই এখন মেয়াদোত্তীর্ণ। বর্তমান পরিস্থিতিতে আচরণবিধি সংস্কার করে ভোটে নামতে চায় নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।
আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত
ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতিমূলক কাজের জন্য ‘কর্মপরিকল্পনা তৈরিতে’ মাঠ কর্মকর্তাদের তথ্য পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন। রবিবার ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় প্রাথমিকভাবে বেশ কিছু আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
নির্বাচন উপযোগী দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা ও ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদের বিষয়ে ইতিমধ্যে তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটের প্রস্তুতির লক্ষ্যে আচরণবিধি হালনাগাদ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য আলাদা আচরণবিধির খসড়ার বিষয়ে গত ৩০ জুন মতামত দেওয়ার শেষ দিন ছিল।
এমন পরিস্থিতিতে রবিবার অনানুষ্ঠানিক সভায় সার্বিক অগ্রগতির তথ্য পর্যালোচনা করা হয়। স্থানীয় সরকার নির্বাচনের জন্য কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে আলোচনা চলছে। তবে সরকারের তরফ থেকে এখনো এ-সংক্রান্ত কোনো চিঠি আসেনি।
আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ শুরু
জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, রবিবার আমরা আলোচনা করেছি প্রাথমিকভাবে। আমরা অক্টোবরকে একটি লক্ষ্য ধরে কাজ করছি। মাঠের সব তথ্য আমরা পেয়ে গেছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন