০৭:০৭ পি.এম
ঢাকার ডেমরার একটি মাদরাসায় বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।
মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, এই বিস্ফোরণের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটেছে। পুলিশ জানায়, ডেমরা পূর্ব বক্সনগর এলাকার ‘দারুল আজাদ তাকসিসি মাদরাসা’র ষষ্ঠ তলায় সোমবার বিকেল ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘এই আবাসিক মাদরাসাটিতে শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিল। সেখানের একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।’
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি
আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোৱান নামের একজনের অবস্থা গুরুতর।
ওই মাদরাসার শিক্ষার্থী মো. আকাশ জানিয়েছে, ষষ্ঠ তলায় বৈদ্যুতিক বোর্ড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, ঘটনার সময় ওই কক্ষে শিক্ষার্থীরা ঘুমাচ্ছিল। ঘুমে থাকা শিক্ষার্থীরাই আহত হয়েছে। অন্যরা দ্রুত কক্ষ থেকে বের হয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন