০৭:৩৭ পি.এম
ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের পাঠদান ও নেতৃত্বের গুণাবলী উন্নয়নের লক্ষ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কার প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ মাউশির ওয়েবসাইটে প্রকাশিত একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে সারাদেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুলাই প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরিদর্শনকালে প্রদত্ত দিকনির্দেশনার অংশ হিসেবে শিক্ষার মানোন্নয়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: আলমগীর হোসেনকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ বায়োজেনের
শিক্ষকদের মূল্যায়নের জন্য বিশেষ মানদণ্ড নির্ধারণ করেছে মাউশি। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, শিক্ষা উপকরণ ব্যবহারের দক্ষতা, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে পারদর্শিতা এবং শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা।
এছাড়া শিক্ষকদের চারিত্রিক দৃঢ়তা, সততা, পোশাক-পরিচ্ছদ, চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব, পাঠ্যপুস্তক প্রণয়ন ও গবেষণামূলক প্রকাশনা, গুণগত শিক্ষার উদ্ভাবনী উদ্যোগ, কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখার বিষয়গুলোও মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে।
মাউশি সকল আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠিতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সার্বিক মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন: নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড চাপের মুখে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন