শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৮ পি.এম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা সামছুল আলম সহেলকে একটি দেশীয় বন্দুক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করে কিছুই পায়নি। এরপর তারা সাদা কাগজে সাক্ষর নিয়ে চলে যাচ্ছিল। কিছুদূর গিয়ে মোবাইলফোনে কারো কল পেয়ে পুলিশ ফের ফিরে আসে এবং ঘরের বাহিরে একটি টয়লেটের ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে। পরে পুলিশ ওই অস্ত্র সহেলকে দাবি করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দেড়পাড়া এলাকায় করিম উদ্দিন মোল্লা বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার, বোন দিলরোজ বেগম হাসি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, "অস্ত্র উদ্ধারসহ সহেলকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি কারাগারে আছেন। মামলাটি তদন্ত চলমান রয়েছে। অভিযোগ অনেক ধরণেরই থাকে। ফাঁসানো হয়েছে কি না তা তদন্ত শেষে বলা যাবে।" পুলিশ চলে যাওয়ার পর ফের ফিরে আসা এবং মোবাইল কল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, "তদন্ত চলমান রয়েছে।"
ভুক্তভোগী সহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এবং করিম উদ্দিন মোল্লা বাড়ির সাবেক ম্যানেজার জাহাঙ্গীর আলমের ছেলে।
বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও প্রত্যক্ষদর্শী তার জেঠি শাশুড়ি ফাতেমা আক্তার জানান, ২৩ নভেম্বর রাতে ঘরে দুই সন্তানসহ সহেল ও তার স্ত্রী আয়েশা ঘুমিয়ে ছিলেন। পুলিশ দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশ ডাকাডাকিতে তারা দরজা খুলছিল না। পরে পাশের ঘর থেকে সহেলের জেঠি ফাতেমা এসে পুলিশ সদস্যদের আসার কারণ জানতে চান। পুলিশ তল্লাশির কথা জানায়, কিন্তু তারা কারণ বলেনি। ফাতেমার আশ্বাসে সহেল দরজা খোলে। পুলিশ তল্লাশি করে কিছু না পেয়ে সাদা কাগজে উপস্থিত সবার সাক্ষর নিয়ে চলে যায়। কিছুদূর যেতেই পুলিশ কর্মকর্তার মোবাইলফোনে কল আসে। এতে তারা ফের ফিরে এসে পূর্ব পাশের টয়লেটের ছাদ থেকে দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে। ওই বন্দুক সহেলের দাবি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব ঘটনায় সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্বজনরা।
সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা কান্না জড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়, সে কখনো কোন খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি। আমার দুটি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি। আমরা অসহায় হয়ে পড়েছি।"
সহেলের জেঠি ফাতেমা আক্তার বলেন, "সহেলের সঙ্গে কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। কারণ পুলিশ চলে যাচ্ছিল, সেখান থেকে মোবাইলফোনে কল পেয়ে ফের ফিরে এসে তারা টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। কেউ আগ থেকেই সেখানে বন্দুকটি রেখেছিল, পরে পুলিশকে তথ্য দিয়ে সহেলকে ফাঁসিয়ে দিয়েছে।"
সহেলের জেঠাতো বোন দিলরোজ বেগম হাসি বলেন, "আমার ভাইকে ফাঁসানো হয়েছে। যাবার সময় তিনি জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে।"
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ জানান, "সহেল ওয়ার্ড বিএনপির নেতা। তার আচার-আচরণে কখনো কোন খারাপ কিছু দেখা যায়নি। যে কোন কারণে তাকে ফাঁসানো হয়েছে।" তারা ঘটনাটি অধিকতর তদন্ত করার দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত কিছু ব্যক্তি গোপনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, "বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই।" তিনি আরও বলেন, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে হবে।
তিনি জানান, "এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাদের কারণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।"
মো. আসাদুজ্জামান আরও বলেন, কিছু ব্যক্তি চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত হয়ে আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে দলটিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছর ধরে তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিলেন। বিএনপিতে এ ধরনের ব্যক্তিদের প্রয়োজন নেই।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত সংলগ্ন একটি পুকুরের তল থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মূর্তিগুলোর আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনে হাটখোলা বিওপির সদস্যরা উপজেলার পূর্ব উচনা এলাকায় অভিযানটি পরিচালনা করেন।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব উচনার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে বলে তাঁদের কাছে খবর আসে। এরপর বিজিবির দুটি টহল দল ওই স্থানে গিয়ে অভিযান শুরু করে এবং পুকুরের পানির নিচে তল্লাশি চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মূর্তিগুলোর মধ্যে একটি ২৫ কেজি এবং অপরটি ১৭ কেজি ওজনের। বিজিবির ধারণা, ভারতে পাচারের উদ্দেশ্যে সেগুলো পুকুরের তলদেশে লুকানো হয়েছিল।
লে. কর্নেল লতিফুল বারী আরও জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) প্রাণ হারিয়েছেন।
এটি ঘটে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মণ্ডলের পুত্র।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনের আপন ছোট ভাই নবিরুল ইসলামের (৫৫) সঙ্গে দীর্ঘ সময় ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে জমির আইল কাটার সময় দেলোয়ার এবং নবিরুল ইসলামের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, "ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভূমিকা রাখা বাংলাদেশি নাগরিক ও শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ উদ্দেশ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। এই নীতিমালার আওতায় বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত এফডিআইয়ের বিপরীতে প্রণোদনা প্রদান করা হবে। তবে প্রণোদনা পাওয়ার জন্য ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে সরকার এই নীতিমালা প্রণয়ন করেছে। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে নীতিমালাটি গেজেটে প্রকাশিত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে।
নীতিমালার অধীনে, প্রবাসী বাংলাদেশিসহ দেশের সকল নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কম্পানি এ প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন।
তবে, এই সুবিধা শুধুমাত্র নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা কিংবা উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য করা বিনিয়োগের ক্ষেত্রে এই প্রণোদনা পাওয়া যাবে না। তবে, কোনো বিদ্যমান বিনিয়োগকারী যদি নিজের বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে অথবা ভিন্ন কোনো কম্পানিতে বিনিয়োগ করে, তবে তা প্রণোদনার জন্য বিবেচিত হবে।
নীতিমালায় প্রণোদনা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। বিনিয়োগ সম্পন্ন হওয়ার পূর্বে আবেদনকারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পোর্টালে প্রাক-নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ প্রদান করা হবে। অন্যদিকে, এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে। আবেদন মূল্যায়নে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পৃক্ততা থাকা যাবে না। এমনকি বিনিয়োগের আগের দুই বছরেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা চলবে না।
প্রণোদনার অর্থ দুই ধাপে বিতরণ করা হবে। আবেদন অনুমোদন এবং সংশ্লিষ্ট রেমিট্যান্স বা এফডিআই এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর মোট প্রণোদনার ৫০ শতাংশ প্রদান করা হবে। অবশিষ্ট ৫০ শতাংশ এক বছর পর প্রদান করা হবে। এ ক্ষেত্রে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি অথবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি এবং বিনিয়োগের ইক্যুইটি বহাল থাকার বিষয়টি যাচাই করা হবে।
বিনিয়োগের অর্থের বৈধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদন যাচাই-বাছাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা নেওয়া হবে। পাশাপাশি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে বিনিয়োগের হিসাব মিলিয়ে দেখা হবে। নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এ সুবিধার আওতায় পড়বে না। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।
নীতিমালায় প্রণোদনা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি গঠনের কথা বলা হয়েছে। এই কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে। অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধির নেতৃত্বে একটি কার্যনির্বাহী কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করবে।
অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় এই প্রণোদনা প্রদান করা হবে। তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে প্রণোদনার অর্থ দেশের বাইরে পাঠাতে পারবেন।
নীতিমালার জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর একটি ডাটাবোর্ড প্রকাশ করবে। এতে প্রাপ্ত আবেদনের সংখ্যা, বিতরণ করা প্রণোদনার পরিমাণ এবং এফডিআই-সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরা হবে। পাশাপাশি জাতীয় পর্যালোচনা কমিটি প্রতিবছর নীতিমালাটি পর্যালোচনা করবে।
নীতিমালাটি কার্যকর হওয়ার পূর্বে দেশে আসা ইক্যুইটি এফডিআইয়ের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না। আবেদন ফরম, লিড রেজিস্ট্রেশন ফরম্যাট ও বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ