প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা সামছুল আলম সহেলকে একটি দেশীয় বন্দুক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করে কিছুই পায়নি। এরপর তারা সাদা কাগজে সাক্ষর নিয়ে চলে যাচ্ছিল। কিছুদূর গিয়ে মোবাইলফোনে কারো কল পেয়ে পুলিশ ফের ফিরে আসে এবং ঘরের বাহিরে একটি টয়লেটের ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে। পরে পুলিশ ওই অস্ত্র সহেলকে দাবি করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দেড়পাড়া এলাকায় করিম উদ্দিন মোল্লা বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার, বোন দিলরোজ বেগম হাসি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, "অস্ত্র উদ্ধারসহ সহেলকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি কারাগারে আছেন। মামলাটি তদন্ত চলমান রয়েছে। অভিযোগ অনেক ধরণেরই থাকে। ফাঁসানো হয়েছে কি না তা তদন্ত শেষে বলা যাবে।" পুলিশ চলে যাওয়ার পর ফের ফিরে আসা এবং মোবাইল কল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, "তদন্ত চলমান রয়েছে।"
ভুক্তভোগী সহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এবং করিম উদ্দিন মোল্লা বাড়ির সাবেক ম্যানেজার জাহাঙ্গীর আলমের ছেলে।
বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও প্রত্যক্ষদর্শী তার জেঠি শাশুড়ি ফাতেমা আক্তার জানান, ২৩ নভেম্বর রাতে ঘরে দুই সন্তানসহ সহেল ও তার স্ত্রী আয়েশা ঘুমিয়ে ছিলেন। পুলিশ দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশ ডাকাডাকিতে তারা দরজা খুলছিল না। পরে পাশের ঘর থেকে সহেলের জেঠি ফাতেমা এসে পুলিশ সদস্যদের আসার কারণ জানতে চান। পুলিশ তল্লাশির কথা জানায়, কিন্তু তারা কারণ বলেনি। ফাতেমার আশ্বাসে সহেল দরজা খোলে। পুলিশ তল্লাশি করে কিছু না পেয়ে সাদা কাগজে উপস্থিত সবার সাক্ষর নিয়ে চলে যায়। কিছুদূর যেতেই পুলিশ কর্মকর্তার মোবাইলফোনে কল আসে। এতে তারা ফের ফিরে এসে পূর্ব পাশের টয়লেটের ছাদ থেকে দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে। ওই বন্দুক সহেলের দাবি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব ঘটনায় সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্বজনরা।
সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা কান্না জড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়, সে কখনো কোন খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি। আমার দুটি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি। আমরা অসহায় হয়ে পড়েছি।"
সহেলের জেঠি ফাতেমা আক্তার বলেন, "সহেলের সঙ্গে কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। কারণ পুলিশ চলে যাচ্ছিল, সেখান থেকে মোবাইলফোনে কল পেয়ে ফের ফিরে এসে তারা টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। কেউ আগ থেকেই সেখানে বন্দুকটি রেখেছিল, পরে পুলিশকে তথ্য দিয়ে সহেলকে ফাঁসিয়ে দিয়েছে।"
সহেলের জেঠাতো বোন দিলরোজ বেগম হাসি বলেন, "আমার ভাইকে ফাঁসানো হয়েছে। যাবার সময় তিনি জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে।"
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ জানান, "সহেল ওয়ার্ড বিএনপির নেতা। তার আচার-আচরণে কখনো কোন খারাপ কিছু দেখা যায়নি। যে কোন কারণে তাকে ফাঁসানো হয়েছে।" তারা ঘটনাটি অধিকতর তদন্ত করার দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন