শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৩১ পি.এম
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের কারণে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার পুত্র।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ফরহাদ মোল্যার সঙ্গে একই বংশীয় চাচাতো ভাই দাউদ মোল্যার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরহাদ মোল্যা ও তার সঙ্গে থাকা পাঁচ-ছয় জন শ্রমিক বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। এ সময় দাউদ মোল্যা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ফরহাদ মোল্যাকে পেছন থেকে পিটিয়ে হত্যা করা হয়।
লোহাগড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ বিষয়ে বলেন, "বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের নেতারা জানিয়েছেন, নতুন বছরের শুরুতে সরকার গঠন করা সম্ভব হবে না বলে কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর ফলে ২০২৭ সালের বাজেট সময়মতো পাস না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় সার্বিয়া রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে।
গত ২৫ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থিত প্রার্থীরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হন। এই বিজয়ের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনপ্রিয়তাবাদী নেতা আলেকসান্দার ভুচিচ ক্ষমতা হারান। প্রায় দুই বছর ধরে চলা দুর্নীতিবিরোধী আন্দোলনের ফলস্বরূপ এই পরিবর্তন এসেছে।
তবে নির্বাচনের এক মাস পেরিয়ে গেলেও আন্দোলনের নেতারা নতুন প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের নাম এখনও ঘোষণা করেননি। দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির বিষয়ে তাদের অবস্থানও স্পষ্ট নয়। নতুন সরকার গঠন করার আগেই তিনটি গুরুত্বপূর্ণ সময়সীমা শেষ হতে যাচ্ছে। প্রথমত, ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ অনুমতির মেয়াদ শেষ হবে। এই অনুমতির কারণে সার্বিয়ার একমাত্র তেল শোধনাগারটি এখনও চালু রয়েছে। দ্বিতীয়ত, ২০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের বাজেট পাস করতে হবে। তৃতীয়ত, ৩১ ডিসেম্বর রাশিয়ার সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হবে।
যদি এসব সময়সীমা অতিক্রম হয়, তাহলে নতুন বিনিয়োগের অর্থ ছাড় আটকে যেতে পারে। শীতকালে গ্যাস সরবরাহ নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের সমর্থিত তালিকা থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য অলিভার তোশকোভিচ জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য আন্দোলনটির একটি মূল কাঠামো তৈরি করা হয়েছে। বর্তমানে দেশে ২৫টি মন্ত্রণালয় রয়েছে। নতুন সরকার এই সংখ্যা কমিয়ে আনতে চায়। বৃহস্পতিবার বেলগ্রেডের সাপ্তাহিক সাময়িকী নিনকে তোশকোভিচ বলেন, ‘সময়সীমার বিষয়টি হলো, তাড়াহুড়া করে সরকার গঠন করা আমাদের উদ্দেশ্য নয়। বরং প্রতিটি সিদ্ধান্ত ভালোভাবে পর্যালোচনা করতে চাই। আমার মনে হচ্ছে, বছরের শেষ নাগাদ সরকার গঠনের একটি সম্ভাবনা রয়েছে।’
গত ১৭ নভেম্বর পার্লামেন্টের অধিবেশন শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের তালিকা থেকে নির্বাচিত আইনপ্রণেতা আলেকসান্দার চুপিচকে পার্লামেন্টের স্পিকার করা হয়। ২৭ ডিসেম্বর নতুন প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তবে শিক্ষার্থীদের তালিকার পার্লামেন্টারি দলের প্রধান ইয়োভো বাকিচ চলতি সপ্তাহে বলেছেন, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধের আগে নতুন সরকার গঠন সম্ভব হবে না। সার্বিয়ার সংবিধান অনুযায়ী, সরকার গঠনের জন্য শিক্ষার্থীদের তালিকা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবে। এই সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে নতুন করে পার্লামেন্ট নির্বাচন দিতে হবে।
২০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের বাজেট পাস না হলে ১ জানুয়ারি থেকে তিন মাসের জন্য অস্থায়ী অর্থায়ন ব্যবস্থায় যেতে হবে সার্বিয়াকে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদপ্রার্থী দেশটিকে তখন এই ব্যবস্থায় চলতে হবে।
চলতি সপ্তাহে সার্বিয়ার সংবাদমাধ্যম মাসিনাকে বাকিচ বলেন, ‘ডিসেম্বরে কোনো একসময় সরকার গঠন হলেও প্রায় নিশ্চিতভাবেই অস্থায়ী অর্থায়ন ব্যবস্থায় যেতে হবে।’ বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও শিক্ষক জর্জে জুকিচ মনে করেন, তাড়াহুড়ো করে বাজেট পাস করার চেয়ে অস্থায়ী অর্থায়ন ব্যবস্থায় যাওয়া ভালো। তিনি বলেন, ‘কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা ব্যাখ্যা করে অস্থায়ী অর্থায়ন ব্যবস্থায় যাওয়াই তুলনামূলকভাবে কম ভুল হবে। এরপর একটি শক্তিশালী সরকার গঠন করা উচিত।’
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস কম্পানি গ্যাজপ্রমের সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঐতিহাসিকভাবে রাশিয়ার মিত্র সার্বিয়ার ওপর নিজেদের প্রভাব ধরে রাখতে চায় মস্কো। সার্বিয়ার প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮০ শতাংশই আসে রাশিয়া থেকে। বুলগেরিয়া হয়ে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে দেশটিতে এই গ্যাস সরবরাহ করা হয়। তুলনামূলক কম দামে এই গ্যাস পায় সার্বিয়া। এই চুক্তির কারণে প্রতি বছর কয়েক শ মিলিয়ন ইউরো সাশ্রয় হয় দেশটির। তবে চুক্তির মেয়াদ বাড়ানো এবং গ্যাস সরবরাহের পথ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত বছর ইউরোপীয় ইউনিয়নের যৌথ গ্যাস কেনার ব্যবস্থায় যোগ দেয় সার্বিয়া। পাশাপাশি বুলগেরিয়া-সার্বিয়া সংযোগ পাইপলাইনের মাধ্যমে আজারবাইজান থেকেও গ্যাস আমদানি করে দেশটি।
এ ছাড়া গ্রিস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সুযোগ তৈরি করতে উত্তর মেসিডোনিয়ার সঙ্গে একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সার্বিয়ার। দেশটির রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সার্বিয়াগ্যাস ও রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে আলোচনা চলছে। তবে কত পরিমাণ গ্যাস সরবরাহ করা হবে বা চুক্তির মেয়াদ কত দিন বাড়ানো হবে, তা এখনো জানানো হয়নি। গত সপ্তাহে ভুচিচের ঘনিষ্ঠ সহযোগী ও সার্বিয়াগ্যাসের তদারকি বোর্ডের প্রধান আলেকসান্দার ভুলিন বলেন, ৩১ ডিসেম্বরের পরও রাশিয়ার সঙ্গে গ্যাস চুক্তির মেয়াদ বাড়বে বলে তিনি আশা করছেন। তবে এই মেয়াদ বাড়ানো হতে পারে ‘সতর্কতার সঙ্গে, সীমিত সময়ের জন্য’। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি বলকান টেলিভিশনকে ভুলিন বলেন, ‘মস্কো প্রথমে দেখতে চায়, সার্বিয়ার নতুন সরকার কারা গঠন করবে এবং তারা কী ধরনের নীতি অনুসরণ করবে।’
অক্টোবরের নির্বাচনের পর শিক্ষার্থীদের সমর্থিত তালিকার নেতারা জানিয়েছেন, তারা রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবেন না। তারা অনুকূল শর্তে রাশিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্ক চালিয়ে যেতে চান। তবে দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে লড়াই, বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করাকে তারা অগ্রাধিকার দেবেন। নেতারা আরো বলেছেন, ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করা কসোভোকে তারা দেশের অবিচ্ছেদ্য অংশ মনে করেন।
সার্বিয়ার একমাত্র তেল শোধনাগার এনআইএসের বেশির ভাগ মালিকানা রাশিয়ার গ্যাজপ্রম নেফত ও গ্যাজপ্রমের হাতে। শোধনাগারটি চালু রাখার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া বিশেষ অনুমতির মেয়াদ ১১ ডিসেম্বর শেষ হবে। হাঙ্গেরির তেল কোম্পানি এমওএল এনআইএসের বেশির ভাগ মালিকানা কিনে নেওয়ার বিষয়ে আলোচনা করছে। তবে এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ