০৫:২৩ এম
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকার পুলিশ ক্যাম্পের খাওয়ার পানিতে 'বিষ মেশানোর' অভিযোগের ফলে ৪৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় এই মামলাটি করেছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার সকালে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা পানি পান করতে গিয়ে দুর্গন্ধ এবং পানিতে সাদা ফেনা দেখতে পান। তাদের সন্দেহ হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে পানি পান করা থেকে বিরত থাকেন। পরে পানির সরবরাহ লাইনের ট্যাংক খুলে সেখানেও ফেনা দেখতে পাওয়া যায়।
আরও পড়ুন: বিদ্যালয়ের পাশেই ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ সেতু, শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার
পানির সরবরাহ লাইনের কাছাকাছি এলাকা থেকে বিষের একটি খালি কৌটাও উদ্ধার করা হয়। সেই সঙ্গে ওই পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সন্দেহজনক পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র এই নাশকতামূলক ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের খাবারের পানিতে বিষ মেশানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন