ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শীতকালে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে


শীতকালে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে

মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আগামী সপ্তাহে এই বিষয়ে পুনরায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর সূত্র অনুযায়ী, তাপমাত্রা কমে গেলে অথবা শৈত্যপ্রবাহ শুরু হলে মাধ্যমিক স্তরে পাঠদানের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়ে থাকে। শীতকালে এক শিফটের বিদ্যালয়ে ক্লাস সাধারণত সকাল ১০টায় শুরু হয়। তবে ডাবল বা দুই শিফটের প্রতিষ্ঠানের ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয় না।

সূত্রের তথ্য অনুযায়ী, এবারের শীতকালীন সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা সম্ভব কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে। বিশেষ করে আসন্ন রমজান মাসে স্কুলের পাঠদান কীভাবে পরিচালিত হবে তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ই নেবে বলে জানা গেছে।

আরও পড়ুন: রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯-২০ ডিসেম্বর

আবহাওয়া অধিদপ্তর এখনও জানায়নি এবারের শীতকাল কতদিন স্থায়ী হবে। শীতকালে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে থাকে। এই কারণে সরকার এবার স্কুলে পাঠদানের বিষয়টি আগে থেকেই নির্ধারণ করতে চায়। এ জন্য বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ডিবি’র হাতে আটক অভিনেতা তমাল মাহবুব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ এম


ঢাকা ডিবি’র হাতে আটক অভিনেতা তমাল মাহবুব

রাজধানীর আজিমপুর এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

অভিনেতা তমাল মাহবুবকে আটক করা হয়েছে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ‘আলো আসবেই’ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। একই রাতে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে, রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমীকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবির সংশ্লিষ্ট সূত্র থেকে দুজনের আটকের তথ্য পাওয়া গেছে।

এর আগে, গতকাল রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি বাদল মিয়া জোসুর খুনের রহস্য ৫ বছর পর উদঘাটন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ এম


আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি বাদল মিয়া জোসুর খুনের রহস্য ৫ বছর পর উদঘাটন

ঢাকার আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি বাদল মিয়া জোসু (৪০) হত্যার ঘটনা পাঁচ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা রহস্য উদঘাটন করেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাওন আহম্মেদ সুজন (২৮) নামের এক যুবককে দিনাজপুরের বীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ১৫ নভেম্বর রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে সুজনকে গ্রেফতার করা হয়।

​যেভাবে খুন হন বাদল মিয়া জোসু

পিবিআইয়ের তদন্ত ও আসামির জবানবন্দির বরাতে জানা যায়, বাদল মিয়া জোসু তৃতীয় লিঙ্গের পরিচয়ে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও নিরিবিলি এলাকায় চলাফেরা করতেন। এই সূত্রে মোর্শেদ (৩৪) নামের অপর এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং মাঝে মাঝে পুরুষদের নিয়ে মোর্শেদের ভাড়া বাসায় যেতেন তিনি। অন্যদিকে, ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানির ড্রাইভার হিসেবে কাজ করার সময় বাদলের সঙ্গে সুজনের পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

২০২১ সালের ২৪ অক্টোবর রাতে এক তরুণীকে নিয়ে যৌন সম্পর্কের বিষয়ে ফোনে কথা হলে বাদল সম্মতি দিয়ে তাকে বাসায় আসতে বলেন। সে অনুযায়ী রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ায় আবু বকর সিদ্দিকের সেমি পাকা টিনসেড বাড়িতে মোর্শেদের ভাড়াকৃত কক্ষে যান সুজন। সেখানে তরুণীকে না পেয়ে কারণ জানতে চাইলে বাদল নিজেই যৌন সম্পর্কের প্রস্তাব দেন।

পিবিআই জানায়, ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাদল জোর করে সুজনের শার্টের পকেট থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেন এবং আরও ৫ হাজার টাকা এনে দিতে বা যৌন সম্পর্কে রাজি হতে হুমকি দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। সুজন বাদলের ঘাড়ের বাম পাশে ঘুসি মারলে তিনি খাটে পড়ে হাঁপাতে থাকেন। পরে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে এবং মুখে বালিশ চাপা দিয়ে বাদলের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে আত্মগোপনে চলে যান সুজন।

​তদন্তের দীর্ঘ পথপরিক্রমা

ঘটনার পরদিন ২৫ অক্টোবর বাদলের বাবা মো. সিদ্দিকুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা (মামলা নং-৬০, পেনাল কোডের ৩০২/৩৪ ধারা) করেন। প্রায় ছয় মাস থানা পুলিশ তদন্তের পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি সিআইডিতে যায়। প্রায় এক বছর আট মাস তদন্ত শেষে সিআইডি আদালতে চূড়ান্ত রিপোর্ট (সত্য) দাখিল করে। তবে আদালত তা গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই ঢাকা জেলায় পাঠান। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই (নিঃ) ফরহাদ মোল্লা।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ বলেন, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতকে গ্রেফতারে কাজ শুরু করে পিবিআই। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ তারেক রহমানের জন্মদিন উদযাপন করছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ এম


আজ তারেক রহমানের জন্মদিন উদযাপন করছেন প্রধানমন্ত্রী

একসময় বিরোধী দলের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা এবং দীর্ঘ নির্বাসিত জীবন পেরিয়ে গেছেন। দেশের বাইরে থেকেও দলের নেতৃত্ব সামলেছেন। অবশেষে, ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন দলকে। বর্তমানে তিনি দেশের সরকারপ্রধান। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২০ নভেম্বর) তার জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো তিনি জন্মদিন উদযাপন করবেন।

তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল একেবারে তৃণমূল থেকে। সময়ের পরিক্রমায় সেই পথচলা তাকে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছে।

শিক্ষাজীবন ও রাজনীতিতে হাতেখড়ি

তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তীতে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। শিক্ষাজীবনের পাশাপাশি পারিবারিক রাজনৈতিক পরিবেশ তাকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।

১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এই সময় থেকেই তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু হয়।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেন তারেক রহমান। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তিনি। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা বৃদ্ধি পায়।

কারাবাস থেকে দীর্ঘ নির্বাসন

তারেক রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় আসে ২০০৭ সালে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি গ্রেফতার হন। ওই সময় তারেক রহমানকে কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন।

দেশের বাইরে থাকলেও বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি তিনি। লন্ডনে অবস্থান করেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিতে থাকেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে দীর্ঘ সময় বিদেশে থেকেই দলটির নেতৃত্ব দেন তিনি।

প্রবাসজীবনের দীর্ঘ সময়জুড়ে দেশে ফেরা, রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব পেয়েছে।

প্রত্যাবর্তন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর দেশে ফেরার অনুকূল পরিস্থিতি তৈরি হয় তারেক রহমানের জন্য। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সক্রিয় হন তারেক রহমান। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন তিনি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়ী হন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

জন্মদিনে আয়োজন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণহত্যার রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ এম


গণহত্যার রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাজ্য

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করা হয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিটিশ সরকারের তরফ থেকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি জানান, আইসিজের রায়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকেই কার্যক্রম শুরু হচ্ছে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আগে থেকেই কার্যকর থাকা নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের রায় নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হচ্ছে।

এছাড়া, যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বিষয়টি জানানো হবে। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও জানান মিলিব্যান্ড।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ আচরণের নিন্দা জানায় যুক্তরাজ্য। এসব অপরাধের বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে ব্রিটিশ সরকার পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আইসিজে এবং আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। মিয়ানমারকে আদালতের রায় মেনে চলতে হবে। রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে।

মিলিব্যান্ডের ভাষায়, আদালতের এই রায় থেকে স্পষ্ট বার্তা দিতে হবে যে, এ ধরনের গুরুতর অপরাধ করেও কেউ দায়মুক্তি পেতে পারে না।

এর আগে বৃহস্পতিবার আইসিজে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দেশটিকে দায়ী করে রায় দেয়। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো।

আদালত একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। আইসিজের এই রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%