প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করা হয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিটিশ সরকারের তরফ থেকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি জানান, আইসিজের রায়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকেই কার্যক্রম শুরু হচ্ছে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আগে থেকেই কার্যকর থাকা নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের রায় নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হচ্ছে।
এছাড়া, যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বিষয়টি জানানো হবে। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও জানান মিলিব্যান্ড।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ আচরণের নিন্দা জানায় যুক্তরাজ্য। এসব অপরাধের বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে ব্রিটিশ সরকার পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আইসিজে এবং আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। মিয়ানমারকে আদালতের রায় মেনে চলতে হবে। রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে।
মিলিব্যান্ডের ভাষায়, আদালতের এই রায় থেকে স্পষ্ট বার্তা দিতে হবে যে, এ ধরনের গুরুতর অপরাধ করেও কেউ দায়মুক্তি পেতে পারে না।
এর আগে বৃহস্পতিবার আইসিজে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দেশটিকে দায়ী করে রায় দেয়। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো।
আদালত একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। আইসিজের এই রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন