০৮:২৬ পি.এম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপ রোববার (২৯ নভেম্বর) শুরু হবে এবং আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত চলবে। প্রথম দিনে কমিশন নিবন্ধিত ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে এই সংলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কমিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভাটি সরাসরি সম্প্রচার করা হবে।
দেশে আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও মতামত নিতেই এই সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের সেরা পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই অবস্থানের কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করব, যাতে জোটের জন্য আলাদা সময় বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করা হয়।" বৈঠকে সবার ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় সংলাপের বিষয়েও জোটের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরে হামিদুর রহমান আজাদ জানান, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে ১১ দল জাতীয় সংলাপে বসবে এবং সেখানেও জোটগতভাবে একসঙ্গে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পিকেএসএফের সহায়তায় গ্রামীণ এলাকায় ৯ লাখ টুইন-পিট টয়লেট নির্মাণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন