ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

হালান্ডসহ ১০ পরিবর্তন নিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নরওয়ে


হালান্ডসহ ১০ পরিবর্তন নিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নরওয়ে

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ফ্রান্স ও নরওয়ে। তবে এই ম্যাচে বড়সড় পরিবর্তন এসেছে কারণ দুই দলই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে।

নকআউটের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের ঠিক আগে, দলের সেরা তারকা ও গোলমেশিন আর্লিং হালান্ডকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নরওয়ে কোচ। শুক্রবারের এই ম্যাচে, হালান্ডকে ডাগআউটে রেখেই শুরুর একাদশ সাজানোর সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ানরা।

অন্যদিকে, ফরাসি শিবিরে ছড়িয়ে পড়েছে শোক। ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম মাকে হারিয়েছেন। মায়ের শেষকৃত্যে যোগ দিতে জরুরি ভিত্তিতে দেশে ফিরে গেছেন তিনি। দেশমের অনুপস্থিতিতে, আজ ফরাসিদের ডাগআউট সামলাচ্ছেন সহকারী কোচ।

আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

বিশ্বকাপের নকআউটের টিকিট আগেই পকেটে পোরায়, এই ম্যাচে পরীক্ষামূলক পরিবর্তনের দারুণ সুযোগ গ্রহণ করেছেন নরওয়েজিয়ান বস সোলবাকেন। গত ম্যাচের একাদশ থেকে আজ একাধিক পরিবর্তন করে ১০টি নতুন মুখ নিয়ে এসেছেন তিনি! নকআউটের হাই-ইনটেনসিটি ম্যাচের আগে ফুটবলারদের তাজা রাখা যে তার মূল লক্ষ্য, তা স্পষ্ট।

অবশ্য ফ্রান্স শিবিরে পরিবর্তনগুলো অতটা বেশি নয়। দেশমের সহকারী গি স্তেফান মাত্র ৪টি পরিবর্তন নিয়ে সাজিয়েছেন দিদিয়ের দেশমের রেখে যাওয়া ব্লুপ্রিন্ট। তবে ফরাসি সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো যে, শুরুর একাদশেই আছেন দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন কিলিয়ান এমবাপ্পে।

দুই দলের একাদশ বিবরণ:

নরওয়ে: এগিল সেলভিক, লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।

আরও পড়ুন: হবিগঞ্জের দুই যুবকের সউদী আরব ও লিবিয়ায় মৃত্যু

ফ্রান্স: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে ইটভাটা ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০২:২৪ এম


লালপুরে ইটভাটা ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় ব্রিকফিল্ডের ব্যবসায়ীর বাড়িতে দীর্ঘ এক ঘণ্টাব্যাপী ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত ভোর চারটার দিকে উপজেলার জোতদৈবকি এলাকায় এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ব্রিকফিল্ড ব্যবসায়ী আব্দুল হালিমের বাড়িতে ভোর প্রায় চারটার সময় হামলা চালানো হয়। হামলার নেতৃত্বে ছিলেন দক্ষিণ লালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে সাকলাইন। তার সঙ্গে ছিল লোকমানের ছেলে মোহনসহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

ভুক্তভোগী আব্দুল হালিম জানিয়েছেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় নগদ ৩২ লাখ টাকা, প্রায় ১১ ভরি স্বর্ণালংকারসহ মোট প্রায় ৫৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি অভিযোগ করেছেন যে হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটে সন্ত্রাসী এনে এই হামলা চালিয়েছে।

হালিমের স্ত্রী মোছা. মুন্নি বেগম অভিযোগ করেন, হামলার সময় সাকলাইন তাদের মেয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে তারা ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনার সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে ছিলেন বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হালিম বিএনপির একজন সক্রিয় কর্মী এবং সাবেক ছাত্রদল নেতা। অপরদিকে অভিযুক্ত সাকলাইন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তার পরিবারের সদস্যরাও একই রাজনৈতিক দলে রয়েছে বলে এলাকায় পরিচিত।

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, এ ঘটনার পেছনে পূর্ব শত্রুতা এবং জমিজমার বিরোধের বিষয় রয়েছে। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয়দের একটি অংশ জানিয়েছেন।

তবে অভিযুক্ত সাকলাইনের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু তার বক্তব্য পাওয়া যায়নি। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, 'এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রকাশ্যে এ ধরনের হামলার ব্যাপারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে ধাক্কা, বিধ্বস্ত ছোট উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০২:২৭ এম


চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে ধাক্কা, বিধ্বস্ত ছোট উড়োজাহাজ

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে ধাক্কা খেয়ে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে গেছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) বিকেলে ৫২৮ মিটার উঁচু এ ভবনটিতে উড়োজাহাজটি আঘাত হানে।

তবে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তাতে ভবন থেকে ধ্বংসাবশেষ নিচে পড়তে দেখা যায়। ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুলেন্স নিযুক্ত করা হয়। মাটিতে উড়োজাহাজের পেছনের অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালা দেখা গেছে।

ঘটনার পর ভবনের ভেতরে থাকা লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী এক নারী সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন, বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তাকে জরুরিভাবে ভবন থেকে বের করে দেওয়া হয়। তিনি জানান, পরিচয়পত্র বা ব্যাগ নেওয়ার সুযোগ পাননি এবং দ্রুত দৌড়ে বের হয়ে আসতে হয়েছে।

পাশের একটি ভবনের আরেক কর্মী জানিয়েছেন, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তিনি বিকট শব্দ শুনতে পান।

দুর্ঘটনাকালে উড়োজাহাজটিতে কতজন আরোহী ছিলেন, কোথা থেকে এটি উড্ডয়ন করেছিল এবং কীভাবে ভবনে আঘাত হানল, তা এখনো নিশ্চিত করা হয়নি। সিএনএন জানাচ্ছে, অনলাইনে পাওয়া উড়োজাহাজটির নিবন্ধনসংক্রান্ত ছবিতে দেখা গিয়েছে, এটি চীনে তৈরি একটি হালকা উড়োজাহাজ, যেটি একটি স্থানীয় সাধারণ বিমান চলাচল প্রতিষ্ঠানের মালিকানাধীন।

এদিকে অনলাইনে প্রকাশিত ফ্লাইটরাডার২৪ এর যাচাই না করা তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে উড়োজাহাজটির উড্ডয়ন পথ অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছিল। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এটি চীনের স্টারএয়ার এয়ারক্রাফট কোম্পানির তৈরি দুই আসনের একক ইঞ্জিনবিশিষ্ট হালকা উড়োজাহাজ। ২০১৮ সালের শেষ দিকে নির্মিত সিআইটিআইসি টাওয়ার চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশনের সদর দপ্তর। ৫২৮ মিটার উচ্চতার এই ভবনটি বর্তমানে বেইজিংয়ের সবচেয়ে উঁচু স্থাপনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩-০ গোলে এগিয়ে সেনেগাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০২:৪৫ এম


৩-০ গোলে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপে 'আই' গ্রুপের বাঁচা-মরার ম্যাচে ইরাকের বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে রয়েছে সেনেগাল। গোলগুলো এসেছে দিয়ারা, সার এবং গুয়েরের পা থেকে।

এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই দুই দলের সামনে টুর্নামেন্টে টিকে থাকতে।

গ্রুপ পর্বের কোনো ম্যাচ জিততে না পারলেও সেনেগালের নকআউটের স্বপ্ন এখনো টিমটিম করে জ্বলছে। তবে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নির্ভর করছে আজকের ফলাফলের ওপর। বিশেষ করে জয় ছাড়া পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা কার্যত অনেকটাই অনিশ্চিত হয়ে পড়বে।

আজকের ম্যাচে সেনেগালের জয়ের ভালো সুযোগ রয়েছে। দলের আক্রমণভাগে গতি ও শারীরিক শক্তি ইরাকের রক্ষণভাগকে চাপে ফেলতে পারে। আজকের এই ম্যাচ সেনেগালের জন্য একটিমাত্র বাঁচা-মরার লড়াই।

আগের দুই ম্যাচের একটিতেও তারা জিততে পারেনি। একই দশায় রয়েছে ইরাকও। তবে আজকের ম্যাচে জয় পেলে সেনেগাল ও ইরাক উভয় দলই নকআউট পর্বের আশা টিকিয়ে রাখতে সক্ষম হবে। কিন্তু হার বা ড্র হলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:১০ এম


ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

ভেনিজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে।

দেশটির এক শতকের বেশি সময়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে জানা যাচ্ছে, যেখানে বহু ভবন ধ্বংসস্তূপে রূপ নিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারের জন্য ধীরগতির উদ্ধারকাজের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে।

ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই এবং দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার (২৬ জুন) জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে।

এর আগে, ডেলসি রদ্রিগেজ ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন বলে তথ্য দেন।

শুক্রবার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা স্টেট পরিদর্শনকালে তিনি জানিয়েছেন, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে শুরু করেছে।

যদিও উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছলেও বিশেষজ্ঞরা মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন।

রদ্রিগেজ আরো বলেন, বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারী দল জীবন রক্ষার জন্য জীবিতদের সন্ধান কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি খাদ্য ও পানিও বিতরণ করছে ক্ষতিগ্রস্তদের কাছে।

হাজারো মানুষ নিখোঁজ হওয়ায় হতাহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া, উদ্ধারকারী দলগুলো কয়েক ডজন মানুষকে উদ্ধার করে তাদের পরিবার ও প্রিয়জনদের কাছে ফিরিয়ে দিয়েছে।

এই অভিব্যক্তি প্রকাশ করে উদ্ধাকার কর্মীরা প্রেসিডেন্টকে জানান, এটি আমাদের আনন্দ দেয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে ভেনিজুয়েলার প্রায় ৬৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

যাদের মধ্যে শুধুমাত্র কারাকাসের প্রায় ২০ লাখ মানুষ রয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রসের আমেরিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক লয়েস পেস বলেছেন, মানুষ এখনো তাদের বাড়িতে ফিরতে ভয় পাচ্ছে।

এদিকে, বুধবারের এই ভয়াবহ ভূমিকম্প নিয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) আশঙ্কা করা হচ্ছে যে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%