ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

টিউশনের আয়ে সিনেমা ‘অন্যপাতা’ মুক্তি পাচ্ছে ২৩ অক্টোবর


টিউশনের আয়ে সিনেমা ‘অন্যপাতা’ মুক্তি পাচ্ছে ২৩ অক্টোবর

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’ ২৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে ছয়টি মৌলিক গান ও আবহসংগীত অন্তর্ভুক্ত রয়েছে। চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয়েছে।

প্রথম ধাপে সিনেমাটি দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই প্রেক্ষাগৃহগুলোর মধ্যে রয়েছে—ঢাকার স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখা, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, ঢাকার শ্যামলী সিনেমা, চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের বালি আর্কেড শাখা, চট্টগ্রামের সুগন্ধা সিনেপ্লেক্স, কুমিল্লা ক্যান্টনমেন্টের কে স্ক্রিন, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার মমো ইন সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স। নির্মাতাদের পরিকল্পনা রয়েছে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানোর।

ছয় বন্ধুর শখ থেকে চল্লিশজনের দল

আরও পড়ুন: মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি

এই উদ্যোগের শুরুটা ছিল খুব ছোট আকারে। সিনেমা বানানোর শখ থেকে ছয়জন একসঙ্গে কাজ শুরু করেন। পরে এতে যুক্ত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরও অনেক শিক্ষার্থী। কেউ ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, কেউ পেছনে আলো, শিল্পনির্দেশনা কিংবা সম্পাদনার কাজ সামলেছেন। কেউ লিখেছেন সংলাপ, কেউ সুর বেঁধেছেন। ছয়জনের সেই দল এখন ৪০ জনেরও বেশি সদস্যের একটি বড় পরিবারে পরিণত হয়েছে।

ছবির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন চলচ্চিত্রটির পরিচালক ও চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। তার এই যাত্রা এক দিনে শুরু হয়নি। কোভিডকালে জীবনের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি নিজের ওপর ভরসা পান যে একদিন নির্মাতা হতে পারবেন। এরপর টানা তিন বছর কোনো কাজ করেননি। সেই সময় তিনি চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন এবং অমিতাভ রেজার পরামর্শ নিয়েছেন। যখন তার মনে হয়েছে, এবার তিনি প্রস্তুত, তখনই তিনি ‘অন্যপাতা’ নির্মাণের কাজে হাত দেন।

এ্যানি বলেন, ‘অন্যপাতা’ তৈরি করতে গিয়ে আমি আবিষ্কার করেছি, আমার চারপাশের মানুষগুলো কতটা সুন্দর ও সহযোগিতাপরায়ণ। ছয়জনের একটি দল থেকে ধীরে ধীরে আমাদের দল ৪০ জনে পরিণত হয়েছে। তাই মাঝে মাঝে আমরা বলি, অন্যপাতা আমরা তৈরি করিনি, অন্যপাতা আমাদের তৈরি করেছে।

প্রথম সিনেমা নির্মাণের পথে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। নিজেদের অর্থায়নে সিনেমা নির্মাণের পাশাপাশি বিতরণের দায়িত্বও নিজেদের কাঁধে তুলে নিয়েছেন ‘অন্যপাতা’র তরুণ নির্মাতারা। প্রথম চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা থাকলেও চলচ্চিত্রশিল্পের কার্যপ্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা নানা সময়ে সমস্যায় পড়েছেন। কীভাবে এগোতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে—এসব নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রতারণার শিকার হয়ে তারা প্রায় এক লাখ টাকা হারিয়েছেন। তবু নানা বাধা পেরিয়ে তারা নিজেদের স্বপ্নের সিনেমাটি বড় পর্দায় নিয়ে আসার প্রচেষ্টা থামাননি।

আরও পড়ুন: নেপালের নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘এ ফাদার’স স্কাই’

সিনেমাটির অন্যতম প্রযোজক অংকন দে অনিমেষ বলেন, নির্মাণের সময় আমরা এমন একটি দল নিয়ে শুরু করেছিলাম, যাদের কেউ কখনো শুটিং দেখেনি, কারণ চট্টগ্রামে তেমন শুটিং হয় না। তবে দলের সদস্যরা এতটাই আন্তরিক ছিলেন যে তাদের বোঝাতে খুব বেশি সময় লাগেনি। আমাদের মূল চ্যালেঞ্জ শুরু হয় সিনেমাটি বানানোর পর। গান, মিউজিক ভিডিও ও শুটিংয়ের কাজ শেষ করার পর আমরা সবাই শিক্ষার্থী হওয়ায় চলচ্চিত্রশিল্পে আমাদের তেমন যোগাযোগ ছিল না। ফলে সিনেমাটি কীভাবে মুক্তি পাবে, সেটাই ছিল বড় সমস্যা। অনেকেই প্রেক্ষাগৃহে মুক্তি দিতে ভয় পান, আর সেই ভয় আমাদের মধ্যেও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবু আমরা পিছিয়ে যাইনি। অনেক জটিলতা পেরিয়ে আজ আমরা এই জায়গায় এসেছি। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ১০টি প্রেক্ষাগৃহে চলছে—এটি আমাদের জন্য অনেক বড় অর্জন।

প্রযোজনার পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন অনিমেষ। এমনকি অভিনয়ও করেছেন সিনেমাটিতে। শুরুতে পেছনের দৃশ্যে দু-একটি সংলাপ বলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তার চরিত্রটি আলাদা গুরুত্ব পেয়েছে। চরিত্রটির নিজস্ব গল্প ও বিচিত্র কর্মকাণ্ডে হাস্যরস এবং সমাজের কিছু চেনা বাস্তবতা উঠে এসেছে। প্রকৌশলীদের বেকারত্ব, পলিটেকনিক শিক্ষার্থীদের কোটা এবং প্রকৌশল শিক্ষায় তীব্র প্রতিযোগিতার যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্নও চরিত্রটির কথোপকথনে স্থান পেয়েছে।

অন্যদিকে, সিনেমাটির আরেক প্রযোজক বুয়েটের শিক্ষার্থী আবতাহী শামসের কাছে ‘অন্যপাতা’ কেবল একটি চলচ্চিত্র নয়, বরং স্বপ্নপূরণের অভিজ্ঞতা। তিনি বলেন, ‘অন্যপাতা’ আমার কাছে শুধু একটা সিনেমা নয়, এটি আমার জন্য একটি স্বপ্নকে সত্যি করার গল্প। প্রযোজক হিসেবে এটি আমার প্রথম কাজ, তাই প্রতিটি মুহূর্তেই নতুন কিছু শিখেছি, ভুল করেছি, আবার ঠিক করার চেষ্টা করেছি। সবচেয়ে ভালো লেগেছে, এতগুলো মানুষের বিশ্বাস আর পরিশ্রমকে একটি গল্পের মধ্যে একসঙ্গে দেখতে পারা। আমরা আমাদের জায়গা থেকে যতটা ভালোবাসা দিয়ে কাজটা করতে পেরেছি, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সিনেমাটা দর্শকের, তারা কীভাবে নেন, সেটাই দেখার অপেক্ষা।

পর্দার সামনে ও পেছনে গল্প গড়েছেন যাঁরা। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা পাল। শাকিল বলেন, এটি আমার প্রথম সিনেমা। ছবির গল্প, পুরো দলের আন্তরিকতা এবং আমার অভিনীত চরিত্রের জীবনযাত্রা আমাকে অভিনয়ে অনুপ্রাণিত করেছে। দুই বছরেরও বেশি সময় ধরে একটি চরিত্রের সঙ্গে নিজেকে যুক্ত রাখার অভিজ্ঞতা ছিল দারুণ। সিনেমাটি নিয়ে আমি শতভাগ আশাবাদী। আশা করি, এর মাধ্যমে বাংলাদেশের দর্শকেরা নতুন কিছু দেখবেন এবং প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ হয়ে উঠবে।

আরও পড়ুন: সাত বছরেই ১২ ভাষায় দক্ষ গজনি অভিনেত্রীর মেয়ে, ঘরে নেই টিভি-মোবাইল!

প্রত্যাশা বলেন, ‘অন্যপাতা’র গল্পই আমাকে সবচেয়ে বেশি কাজ করতে অনুপ্রাণিত করেছে। প্রথমবার গল্পটি শোনার পর মনে হয়েছিল, এই গল্পের প্রতি আমার একটি দায়বদ্ধতা রয়েছে। ছবিটির পুরো যাত্রা আমি নিজের চোখের সামনে দেখেছি, তাই এটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করি, ‘অন্যপাতা’ অনেক দূর এগিয়ে যাবে। এসজেএ প্রোডাকশনের সঙ্গে কাজ করাকে আমি সৌভাগ্য মনে করি। পুরো দলের আন্তরিকতা ও সহযোগিতা ভাষায় প্রকাশ করার মতো নয়। অভিনয়ের ক্ষেত্রে আমার বিভিন্ন চ্যালেঞ্জও তারা খুব সুন্দরভাবে সামলেছেন।

পর্দার পেছনেও কাজ করেছেন তরুণ শিক্ষার্থীরা। কারিগরি ও শিল্পনির্দেশনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্দ্র নীল। চিত্রগ্রহণ করেছেন ইব্রাহিম বিন আনছারী। ছয়টি মৌলিক গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়ান তাসজিম মনন, আর আবহসংগীত তৈরি করেছেন আইনান। কাস্টিং পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোমান। সিনেমার রং বিন্যাস করেছেন চুয়েটের তানভীর জানি, আর ত্রিমাত্রিক অ্যানিমেশনশিল্পী হিসেবে কাজ করেছেন মাশরাফি ইসলাম শাফিন।

ভর্তি-যুদ্ধের গল্পে ‘অন্যপাতা’

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, পরিবারের প্রত্যাশা আর টানাপোড়েনের জীবন—এসবের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘অন্যপাতা’র গল্প। ভর্তি পরীক্ষার মৌসুমে যখন চারদিকে কোচিং, ব্যাচ আর মডেল টেস্টের ব্যস্ততা, তখন এক মধ্যবিত্ত পরিবারের তরুণকে লড়তে হয় ভিন্ন বাস্তবতার সঙ্গে। আর্থিক সংকটের কারণে কোচিংয়ে ভর্তি হওয়ার সুযোগ না থাকলেও বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছাড়তে রাজি নয় সে। স্বপ্নপূরণের এই যাত্রায় পারিবারিক চাপের পাশাপাশি তার জীবনে আসে ভালোবাসা, আত্মপরিচয়ের দ্বন্দ্ব আর নানা অপ্রত্যাশিত পরিস্থিতি। চেনা এই গল্পের মধ্য দিয়ে সিনেমাটিতে উঠে এসেছে ভর্তি-যুদ্ধের আড়ালে থাকা এক তরুণের সংগ্রাম ও বেড়ে ওঠার অভিজ্ঞতা।

আরও পড়ুন: জাফর পানাহির ৫ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত ও বিদেশযাত্রা নিষিদ্ধ

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়কে ঘিরেই গল্পের বিস্তার। পরিচালক এ্যানি বলেন, এটা কোনো পরীক্ষামূলক গল্প নয়। এটা আমাদের সবার গল্প, প্রতিদিনের লড়াইয়ের গল্প। দর্শক বড় পর্দায় এই গল্পের মধ্যে নিজেদেরই খুঁজে পাবেন।

প্রযোজক অনিমেষ বলেন, ভর্তি-প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাই যায়, অথচ এ নিয়ে খুব বেশি কাজ হয় না। এই গল্পটা কোথাও না কোথাও বলা খুব দরকার ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের দর্শকেরা এই সিনেমায় একটি মিষ্টি, কমেডির ছোঁয়াযুক্ত অভিজ্ঞতা পাবেন, যা সচরাচর দেখা যায় না। ‘অন্যপাতা’র গল্পের পাশাপাশি এর গান, আবহসংগীত এবং সামগ্রিক চলচ্চিত্রিক উপস্থাপন দর্শকদের প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে বলে আমার বিশ্বাস। তাই আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করেন।

আরও পড়ুন: কৃতি শ্যানন: ইনস্টাগ্রামে এআই দ্বারা তৈরি ছবি সরানোর সুযোগ নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর টাকা ছিনিয়ে পালাল রেল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ এম


রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর টাকা ছিনিয়ে পালাল রেল পুলিশ

রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহির বিরুদ্ধে। অভিযুক্ত সিপাহির নাম আমিনুল ইসলাম পলাশ। ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তিনি স্টেশন থেকে লাপাত্তা হয়ে গেছেন বলে জানা গেছে।

অভিযোগের সূত্রে জানা যায়, কুমিল্লার মুরাদনগর থানার সরকারপাড়া গ্রামের রুবেল (২৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামের অলিউল্লাহ ‘সাগরদাঁড়ি’ ট্রেনে কুষ্টিয়া থেকে রাজশাহী আসেন। রাতের বেলায় গন্তব্যে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় তাঁরা স্টেশনের প্ল্যাটফর্মে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় আরএনবির সিপাহি আমিনুল ইসলাম পলাশ আরও দুজনকে সঙ্গে নিয়ে তাঁদের থানায় নেওয়ার ভয় দেখান। এক পর্যায়ে জোরপূর্বক তাঁদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা আদায় করে নিয়ে যান তিনি।

ঘটনার পর ওই রাতেই ভুক্তভোগী দুজন রাজশাহী রেলস্টেশনের আরএনবি চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহি আমিনুল ইসলাম পলাশ অভিযোগকারীদের সঙ্গে বিষয়টি আপস করার চেষ্টা করেন। তবে ভুক্তভোগীরা অভিযোগ প্রত্যাহারে রাজি না হওয়ায় তিনি গোপনে স্টেশন থেকে পালিয়ে যান। সারাদিন তাঁকে স্টেশনে আর দেখা যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে রাজশাহী রেলস্টেশনের আরএনবি চৌকির ইনচার্জ শিহাবুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিপাহি আমিনুল ইসলাম পলাশ ও তাঁর দুই সহযোগী মিলে ওই দুই যাত্রীর কাছ থেকে টাকা নিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, আগামী রোববার অফিস খোলার পর রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় কমান্ড্যান্টের অনুমতি নিয়ে অভিযুক্ত সিপাহির বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি শোভাযাত্রার বাস যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ এম


বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি শোভাযাত্রার বাস যাত্রা শুরু

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে গোলাপি সড়ক শোভাযাত্রার বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাত্রা শুরু করেছে।

শুক্রবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বাসটি ছাড়ে। এই দুই দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসার বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করা হবে।

দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে প্রায় ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করছে। ‘গোলাপি মানব’ হিসেবে পরিচিত ডা. হাবিবুল্লাহ তালুকদার বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়ক।

২৩ ও ২৪ অক্টোবর ঢাকা-বরিশাল-ঢাকা পথে এই কর্মসূচি চলমান থাকবে। এর উদ্দেশ্য হলো রাজধানীকেন্দ্রিক সচেতনতা কার্যক্রমকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া। এই লক্ষ্যে নির্ধারিত ২১টি স্থানে পথসভা আয়োজন করা হবে। সেইসাথে স্তন ক্যানসার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সহজ বাংলায় লেখা লিফলেট বিতরণ করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় বরিশাল টাউন হল-সংলগ্ন এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার সকাল ৯টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আরেকটি পথসভার আয়োজন করা হয়েছে। এরপর শোভাযাত্রার বাসটি ঢাকার দিকে রওনা হবে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ দিয়ে মার্কারি পুরস্কার জিতলেন রে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ এম


‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ দিয়ে মার্কারি পুরস্কার জিতলেন রে

ব্রিটিশ গায়িকা ও গীতিকার রে ২০২৬ সালের মার্কারি পুরস্কার অর্জন করেছেন। তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’-এর জন্য তিনি এই সম্মান লাভ করেন। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের সংগীতশিল্পীদের সেরা অ্যালবামকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এই পুরস্কার সংগীতজগতে একটি বিশেষ মর্যাদা ধারণ করে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ইংল্যান্ডের নিউক্যাসলের ইউটিলিটা অ্যারেনায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজয়ী হিসেবে রের নাম ঘোষণা করা হয়। এ প্রতিযোগিতায় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন পল ম্যাককার্টনি, ডেভ, অলিভিয়া ডিন, ফ্লোরেন্স অ্যান্ড দ্য মেশিন, জেডসহ আরও অনেক সংগীতশিল্পী।

‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ অ্যালবামটিতে জ্যাজ, অর্কেস্ট্রার সংগীত, ফাঙ্ক ও পপধারার বিভিন্ন উপাদান একত্রিত করেছেন রে। প্রায় ৭৩ মিনিটের এই অ্যালবামে বিভিন্ন ধরনের সংগীতের সমন্বয় রয়েছে। বিচারকেরা অ্যালবামটির ব্যাপ্তি, সৃজনশীলতা ও অনুপ্রেরণামূলক দিকের প্রশংসা করেছেন।

পুরস্কার গ্রহণের পর রে সংগীতের গুরুত্ব এবং আশার বার্তা তুলে ধরেন। তিনি বলেন, "মানুষের জীবনে আশা অত্যন্ত প্রয়োজনীয়, আর সংগীত সেই আশার অনুভূতি ছড়িয়ে দিতে পারে।"

১৯৯২ সালে চালু হওয়া মার্কারি পুরস্কার প্রতিবছর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্য থেকে সেরাটিকে চিহ্নিত করে। বিজয়ী শিল্পী একটি ট্রফি ও ২৫ হাজার পাউন্ড অর্থমূল্যের পুরস্কার লাভ করেন। রের এই অর্জন তাঁর সংগীতজীবনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে যুক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ এম


দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌদি আরবে অনৈতিক কাজের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় তিনি এই তথ্য প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকার এখনও কোনো তথ্য প্রদান করেনি। তবে, বিস্তারিত তথ্য জানার জন্য সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। তিনি জানান, এ ঘটনায় রায়ের কপি চাওয়া হয়েছে, যা পেলে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

এর আগে, ১৫ অক্টোবর, মসজিদে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়।

পরে, ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় শামা ওবায়েদ বলেন, নিহতের পরিবারকে অনুদান দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তিনি আরও জানান, নিহতের পরিবারের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শাহেদের মরদেহসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারানো ১১ জনের মরদেহ দেশে পৌঁছেছে বলেও তিনি জানান।

এ সময় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেকেই আটকা পড়েছেন। তাদের ভিসার মেয়াদ যাতে বাড়ানো যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। এছাড়া, যারা আর সেসব দেশে যেতে পারছেন না, তাদের দেশে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%