১২:৩০ পি.এম
ভারতের তেলেঙ্গানা রাজ্যে কালোজাদু চর্চার সন্দেহে ২১ বছর বয়সী এক যুবক তার মাকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগের সম্মুখীন হয়েছেন। পুলিশের দাবি, অভিযুক্ত যুবক তার মায়ের বিরুদ্ধে অভিযোগ তুলতেন যে, গ্রামের অতীতের একাধিক মৃত্যুর জন্য তিনি দায়ী। এই ঘটনার পর যুবকটিকে আটক করা হয়েছে।
অভিযুক্ত যুবকের নাম কারে দুর্গেশ। তিনি একজন অটোরিকশাচালক। পুলিশ জানায়, শনিবার (১০ অক্টোবর) দুর্গেশ তার অটোরিকশা থেকে ডিজেল নিয়ে এসে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন। এতে তার ৪০ বছর বয়সী মা কারে সায়াম্মা গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশের তথ্য অনুযায়ী, সায়াম্মা কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। দুর্গেশের অভিযোগ ছিল যে, তার মা অলৌকিক শক্তি বা কালোজাদুর চর্চা করতেন এবং গ্রামের কয়েক বছর আগে ঘটে যাওয়া মৃত্যুর জন্য তিনি দায়ী ছিলেন।
আরও পড়ুন: ইরান যুদ্ধের পক্ষ, হুথিদের অস্ত্রদাতারা মধ্যস্থতাকারী হতে পারে না: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
ঘটনার প্রায় ১০ দিন আগে দুর্গেশ হায়দরাবাদ থেকে তার গ্রামে ফিরে আসেন। পুলিশের ধারণা, মাদকাসক্তির কারণে তিনি মদ্যপ অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তে এখন পর্যন্ত নিহত নারী কালোজাদু বা অন্য কোনো ধরনের তন্ত্রমন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আল্লাদুর্গ সার্কেলের পুলিশ পরিদর্শক এম রেণুকা বলেন, ‘আমাদের তদন্তে অলৌকিক চর্চার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলেছি। তাদের কেউই বলেননি যে ওই নারী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন।’
ঘটনার খবর পেয়ে সার্কেল ইনস্পেক্টর রেণুকা এবং টেকমল থানার উপপরিদর্শক অরবিন্দ কুমার গ্রামে গিয়ে তদন্ত শুরু করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জোগিপেটের একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে দুর্গেশকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় ৭১% মার্কিন নাগরিক: জরিপ
তথ্যসূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন