০১:৩৯ পি.এম
কুমিল্লা জেলার পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এক রাতের অভিযানে কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ৩৫৩ জনকে আটক করেছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় এই অভিযান পরিচালনা করা হয়। এর ফলে সাত দফার অভিযানে আটক হওয়া মোট ব্যক্তির সংখ্যা ২ হাজার ৯৫১ জনে পৌঁছেছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানার এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশের সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও সক্রিয়ভাবে অংশ নেন।
পুলিশ জানায়, সর্বশেষ অভিযানে আটক হওয়া ব্যক্তিদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করার জন্যও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন