ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ছাড়াল, মাসিক আদায় ৪৯ গুণ বেড়েছে


ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ছাড়াল, মাসিক আদায় ৪৯ গুণ বেড়েছে

॥ আব্দুর রউফ ॥

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ডাক বিভাগ ডিজিটাল মাশুল আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা ডাকটিকিটের ঐতিহ্যবাহী ব্যবস্থাকে অতিক্রম করে। স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা চালুর পর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫০ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব সংগ্রহ করেছে। এই ডিজিটাল পদ্ধতিতে মাত্র ১১ মাসের মধ্যে মাসিক রাজস্ব আদায় প্রায় ৪৯ গুণ বৃদ্ধি পেয়েছে।

ডাক অধিদপ্তর জানায়, ২০২৫ সালের অক্টোবর থেকে পূর্ণাঙ্গভাবে চালু হওয়া ই-ফ্রাংকিং ব্যবস্থা পরীক্ষামূলক কার্যক্রমের পর ১৫ নভেম্বর পর্যন্ত ৫০ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব জমা হয়েছে। বিশেষ করে গত ছয় মাসে প্রতি মাসে গড়ে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসীদের রক্তের নেশা মেটেনি

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, নতুন পদ্ধতির সূচনা থেকে মাশুল আদায়ে অভূতপূর্ব গতি এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব আদায়ের ঊর্ধ্বমুখী পরিসংখ্যান সত্যিই সন্তোষজনক। ধারাবাহিকতা বজায় রেখে আগামী দুই বছরে ই-ফ্রাংকিংয়ের মাধ্যমে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

স্মার্ট পোস্টেজ ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতিতে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্যের ডাক মাশুল নেওয়া হচ্ছে। গ্রাহক যখন মাশুল পরিশোধ করেন, তখন একটি বারকোডযুক্ত আঠালো লেবেল ছাপা হয়, যা ডাকপণ্যের গায়ে লাগানো হয়। প্রতিটি লেবেলে খরচ হয় মাত্র ৫০ পয়সা। বর্তমানে দেশের সব জেলা শহরের একাধিক ডাকঘরসহ প্রায় ২০০টি ডাকঘরে এই সেবা চালু রয়েছে।

বেড়েছে মাসিক বুকিং ও আদায়

ডাক বিভাগের মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে তিনটি বুকিংয়ের বিপরীতে ডাক মাশুল আদায় হয়েছিল ৫৮ টাকা। নভেম্বরে ৫১৮টি বুকিংয়ে আদায় হয় ১৫ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। চলতি বছরের অক্টোবরে বুকিং বেড়ে ২২ হাজার ৯৯১টিতে দাঁড়িয়েছে, আর আদায় হয়েছে ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ ১১ মাসের ব্যবধানে মাসিক বুকিং বেড়েছে প্রায় ৪৪ গুণ এবং আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস

প্রাথমিকভাবে প্রবৃদ্ধির গতি ছিল তুলনামূলক ধীর। ২০২৫ সালের ডিসেম্বরে ২ হাজার ৩১৯টি বুকিংয়ে আদায় হয় ৮৬ লাখ ৬৮ হাজার ৫১৩ টাকা। চলতি বছরের জানুয়ারিতে মাসিক আদায় প্রথমবারের মতো কোটি টাকা ছাড়িয়ে দাঁড়ায়- ১ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৭৮ টাকায়। ফেব্রুয়ারিতে এটি বেড়ে ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৪৮৮ টাকা হয়। মার্চে আদায় কিছুটা কমে ১ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৭৭২ টাকায় নামে এবং এপ্রিলে ২ কোটি ৭ লাখ ১২ হাজার ৯৭২ টাকা হয়।

মে মাসে বড় উল্লম্ফন ঘটে। ওই মাসে বুকিং আগের মাসের দ্বিগুণের বেশি বেড়ে ৮ হাজার ৬৩১টিতে দাঁড়ায়, আদায় হয় ৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৬৩০ টাকা। জুনে ৪ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৫৯৯ টাকা আদায়ের পর জুলাইয়ে প্রথমবারের মতো মাসিক আদায় ৫ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা দাঁড়ায় ৫ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকায়। আগস্টে ২০ হাজার ৫৬৩টি বুকিংয়ে আদায় হয় ৬ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৪২৯ টাকা। সেপ্টেম্বরে ২১ হাজার ৩৬২টি বুকিংয়ে আসে এক মাসের সর্বোচ্চ ৭ কোটি ৮৪ লাখ ২৭ হাজার ১০১ টাকা।

হিসাব অনুযায়ী, মে থেকে অক্টোবর এই ৬ মাসে আদায় হয়েছে প্রায় ৩৫ কোটি ৫২ লাখ টাকা, যা মাসে গড়ে প্রায় ৫ কোটি ৯২ লাখ টাকা। মাসভিত্তিক হিসাবে অক্টোবর পর্যন্ত মোট আদায়ের প্রায় ৮০ শতাংশই এসেছে এই ৬ মাসে।

তিন খাতে কমছে খরচ

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু, চলছে বাংলাদেশ সচিবালয়ে

ডাক অধিদপ্তরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. শাহ আলম ভূঁইয়া বাসসকে জানান, এতদিন চিঠি ও পার্সেলের মাশুল দিতে ডাকটিকিট বা ফ্রাংকিং মেশিনই ছিল ভরসা। বিদেশগামী ইএমএস ও পার্সেলে বেশি মূল্যের ডাকটিকিট লাগলেও শ্রেণি অনুযায়ী মজুত সীমার কারণে উপজেলার অনেক ডাকঘরে তা পাওয়া যেত না। পথে কাগজের ডাকটিকিট খুলে পড়ার ঝুঁকিও ছিল। অন্যদিকে ফ্রাংকিং মেশিনের সংখ্যা কম, রক্ষণাবেক্ষণ খরচ এবং ডলারের দাম বাড়ায় আমদানি করা কালিতে বাড়তি ব্যয় হতো।

অধিদপ্তরের এই কর্মকর্তা সাশ্রয়ের বিষয়ে বলেন, ঠিক কত টাকা সাশ্রয় হচ্ছে তা হিসাব করা কঠিন। কারণ আগে খরচ হতো তিনভাবে- ডাকটিকিট তৈরি, ফ্রাংকিং মেশিন কেনা ও রক্ষণাবেক্ষণ এবং মেশিনের কালিতে। বর্তমানে এই তিন খাতেই খরচ সাশ্রয় হচ্ছে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বাসসকে বলেন, ডাক মাশুল আদায়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক এই পদ্ধতি যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি ও জালিয়াতি রোধের পাশাপাশি এ খাতে ডাক বিভাগের পরিচালন ব্যয় কমাবে। সর্বোপরি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসে এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ডাক বিভাগের রাজস্ব আয় বাড়বে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের ফলে সনাতন পদ্ধতির দীর্ঘসূত্রতা ও গ্রাহক ভোগান্তি অনেকটাই কমেছে। ইউনিট পর্যায়ের কর্মকর্তারা এখন কেন্দ্রীয়ভাবে প্রতিটি ডাকঘরের রাজস্ব আদায় সরাসরি দেখতে পারছেন। ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তিনজন আটক

নিশ্চিত হচ্ছে লেনদেনের নিরাপত্তা

সরকারি রাজস্বের সুরক্ষা নিশ্চিতে ই-ফ্রাংকিংয়ের প্রতিটি লেবেলে প্রযুক্তিগত নিরাপত্তা বলয় যুক্ত করা হয়েছে। মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, স্মার্ট পোস্টেজ সিস্টেমে ডাক মাশুলের যে স্টিকারটি প্রিন্ট হয়, তার গায়ে একটি স্বতন্ত্র ১৩ অঙ্কের বারকোড থাকে। ডাকপণ্য বুকিংয়ের সময় এই বারকোডটি স্ক্যান করে যাচাই করা হয়। ফলে স্টিকারটি কোন ব্যবহারকারী প্রিন্ট করেছেন এবং কোন প্রিন্টার থেকে বুকিং সম্পন্ন হয়েছে, তা সহজেই শনাক্ত করা যায়।

লেনদেনে শতভাগ জবাবদিহিতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া সংশ্লিষ্ট ডাকঘরের কোনো কর্মচারীই এই সিস্টেমে প্রবেশ করতে পারেন না। এমনকি দিন শেষে প্রতিদিনের লেনদেনের পূর্ণাঙ্গ হিসাবও যথাযথ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে হয়, যার ফলে রাজস্ব ফাঁকি কিংবা জালিয়াতির ঝুঁকি অনেকাংশে কমে এসেছে।

ঘরে বসেই অগ্রিম মাশুল

আরও পড়ুন: আড়াই যুগেও চালু হয়নি খানজাহান আলী বিমানবন্দর

ই-ফ্রাংকিংয়ের আরেকটি বড় সুবিধা হলো প্রি-পেইড পদ্ধতি। এতে সাধারণ গ্রাহক, ই-কমার্স উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ডাকঘরে না গিয়েও অনলাইনে অগ্রিম মাশুল জমা দিতে পারেন।

প্রক্রিয়াটি তুলে ধরে শাহ আলম ভূঁইয়া বলেন, গ্রাহক নিজের মোবাইলের আর্থিক সেবা বা ব্যাংক হিসাব থেকে এ-চালানের মাধ্যমে ডাক মাশুল পরিশোধ করে প্রি-পেইড ব্যালেন্স নিতে পারেন। পরে ডাক বিভাগের ডিজিটাল মেইল সিস্টেম (ডিএমএস) ব্যবহার করে অনলাইনে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্য প্রি-বুকিং করা যায়। এরপর ডাকপণ্য কাউন্টারে তা জমা দিলে, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বুকিং সম্পন্ন হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিয়মিত বেশি পরিমাণে পার্সেল পাঠানো প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যবস্থাপনা ব্যয় কমাতে স্মার্ট পোস্টেজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ই-কমার্স উদ্যোক্তাদের জন্য অগ্রিম মাশুল পরিশোধ ও অনলাইনে বুকিংয়ের সুবিধা ডাকসেবা ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ

আরও পড়ুন: ফোর্ট হুড হামলাকারী নিদাল হাসান মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন

ডাক অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ৯ হাজারের বেশি ডাকঘর থাকলেও রাজস্ব অফিস ১ হাজার ৫০০টি। বাকিগুলো অবিভাগীয় গ্রামীণ শাখা ডাকঘর। সে হিসাবে রাজস্ব অফিসের প্রায় ১৩ শতাংশে বর্তমানে ই-ফ্রাংকিং ব্যবস্থা চালু রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মহাপরিচালক আসাদুল ইসলাম জানান, পর্যায়ক্রমে রাজস্ব অফিসগুলোতে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ের ডাকঘরগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে বেশ কিছু উপজেলা ডাকঘরে এটি চালু হয়েছে। অন্যান্যগুলোতেও ধাপে ধাপে চালু করা হবে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।

গ্রামীণ ডাকঘরগুলোতে একযোগে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি ডাক বিভাগ যে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালু করেছে, তাতেও ই-ফ্রাংকিং সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়েও এ ব্যবস্থা সম্প্রসারণ করা সম্ভব হবে।

এ বিষয়ে অতিরিক্ত জেনারেল ম্যানেজার শাহ আলম ভূঁইয়া বাসসকে বলেন, প্রথম পর্যায়ে উপজেলা ডাকঘরসহ রাজস্ব অফিসগুলোতে এ ব্যবস্থা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ডাকঘর যুক্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তিনির্ভর ডাকসেবা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাক অধিদপ্তরের ‘মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় ই-ফ্রাংকিং চালু করা হয়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন পাওয়া ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’ এ প্রচলিত ডাকটিকিটের পাশাপাশি ডিজিটাল ডাকটিকিট বা ই-স্ট্যাম্পিং চালুর বিধান রাখা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, অনলাইনে মাশুল পরিশোধ করে পাওয়া বারকোড বা কিউআর কোড বৈধ ডাকটিকিটের সমান আইনি স্বীকৃতি পাবে।

সব মিলিয়ে, ই-কমার্সের দ্রুত প্রসারে পার্সেল ও লজিস্টিক সেবার চাহিদা যখন দিন দিন বাড়ছে, তখন ই-ফ্রাংকিং ব্যবস্থাকে শুধু মাশুল আদায়ের বিকল্প পদ্ধতি না ভেবে, ডাক বিভাগের সামগ্রিক ডিজিটাল রূপান্তরের অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


শ্রীমঙ্গলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস এবং হিমেল বাতাস প্রকৃতির চিত্রকে বদলে দিতে শুরু করেছে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও বাতাসে শীতের আমেজ অনুভূত হচ্ছে।

বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অফিসার আনিস আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টির প্রভাব কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর ৯৮৭ গোল, হাজার গোলের আরও কাছে আল নাসরের জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


রোনালদোর ৯৮৭ গোল, হাজার গোলের আরও কাছে আল নাসরের জয়

ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন মাত্র ১৩ গোল দূরে রয়েছেন। আল সাদের বিরুদ্ধে গোল করে তিনি তাঁর ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৭-এ নিয়ে গেছেন। তাঁর সঙ্গে জোয়াও ফেলিক্সের গোলও জয় এনে দিয়েছে আল নাসরকে।

সৌদি আরবের ক্লাব আল নাসর এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে নিজেদের মাঠে আল সাদকে ২-১ গোলে পরাজিত করেছে। এই জয়ের ফলে ইস্টার্ন অঞ্চলের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে আল নাসর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিক দলটি। ১৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। আল সাদের মিডফিল্ডার মোহাম্মদ কামারা বক্সের মধ্যে তাঁকে ফাউল করেন। স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। এটি তাঁর ক্যারিয়ারের ১৮৫তম পেনাল্টি গোল ছিল।

তবে আল নাসরের সেই স্বস্তি মাত্র ৯ মিনিট স্থায়ী হয়। ২২ মিনিটে ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। প্রথমার্ধের শেষ দিকে রোনালদো আবারও গোল করেছিলেন, কিন্তু ভিএআরের পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় তাঁর সেই গোল বাতিল হয়ে যায়।

বিরতির ঠিক আগে যোগ করা সময়ে সরাসরি লাল কার্ড দেখেন আল সাদের ওয়াদ। ফলে সফরকারীদের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়।

দ্বিতীয়ার্ধে সংখ্যাধিক্যের সুবিধা কাজে লাগায় আল নাসর। ৫২ মিনিটে দুর্দান্ত এক ওভারহেড কিকে দলকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর শট ঠেকানোর কোনো সুযোগই পাননি আল সাদের গোলরক্ষক। শেষ পর্যন্ত ওই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


কিশোরগঞ্জে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর আঞ্চলিক পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সভাপতিত্বের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইসরাইল মিয়া, ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার এবং স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং তরুণ ক্রিকেটারদের খেলাধুলায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে হবিগঞ্জ জেলা দল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের খবর আজ কী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের খবর আজ কী

পাকিস্তানের লাহোর আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এর বায়ুমান স্কোর ২৮৯। এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা ষষ্ঠ স্থানে রয়েছে। ঢাকার বায়ুমান স্কোর ১৯৯, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

এই তথ্যগুলো বুধবার (২৫ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে, পাকিস্তানের লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে। এর পর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার বায়ুমান স্কোর ২৩৬। তৃতীয় স্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ২২০। চতুর্থ স্থানে ভারতের দিল্লি রয়েছে, যার স্কোর ২০৮ এবং পঞ্চম স্থানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের স্কোর ২০৭।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ বলে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%