ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র-ইরান নতুন উত্তেজনা নিয়ে মুখ খুলল রাশিয়া


যুক্তরাষ্ট্র-ইরান নতুন উত্তেজনা নিয়ে মুখ খুলল রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সংঘাতের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে হামলার ঘটনাকে কেন্দ্র করে মস্কো সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

বুধবার (১০ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অযৌক্তিক আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন ধাপ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’

তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান, যোগ করে বলেন, ‘দুই পক্ষেরই উচিত সামরিক হামলা অবিলম্বে বন্ধ করা এবং উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ নেয়া।’

আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে। মধ্য এশিয়া, আফগানিস্তান ও ইরাকসহ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে। এ সংক্রান্ত প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার তেহরানের সঙ্গে সম্পর্ককে মস্কোর কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন চীন। বৃহস্পতিবার (১০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

চলমান পরিস্থিতি নিয়ে দুই পক্ষকে সম্পূর্ণ শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান লিন জিয়ান। তিনি যুদ্ধরত পক্ষগুলোকে শান্ত থাকতে, সংযম প্রদর্শন করতে এবং উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে সংঘাত প্রশমনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানান।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় অবলম্বনের আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

আরও পড়ুন: কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী

মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

পরে বুধবার ভোরে ইরানের সামরিক সদর দফতর খাতামুল-আম্বিয়া জানায়, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে এই অঞ্চলের কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

তথ্যসূত্র: আল জাজিরা

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩

রাজশাহীর মোহনপুর একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহীগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ মারুফ হোসেন (৩৭), তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পরে গুরুতর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন জানান, দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। আজ বুধবার (১০ জুন) স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতিতে এএফপি এই তথ্য প্রকাশ করেছে।

গত সোমবার (৮ জুন) ভোরে জেনেরাল সান্তোস শহরের দক্ষিণে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। শহরটিতে বর্তমানে সাত লাখ ২০ হাজার মানুষের বাস। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর এটি প্রত্যাহার করে নেওয়া হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ফিলিপিন্সের সারাঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ছিল।

কম্পন মিন্দানাও জুড়ে অনুভূত হয়। এমনকি ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার মানাদো শহরেও ভূমিকম্পের কম্পন বুঝতে পারা যায়। প্রথমদিনেই ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে গেছে।

ভূমিকম্পের তিনদিন পর, উদ্ধারকারীরা আজ বুধবারও ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করছেন। একটি সুপারমার্কেটের ধ্বংসাবশেষের নিচ থেকে একটি ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করার জন্য উদ্ধারকারীরা প্রাণান্তকর চেষ্টা চালান।

স্থানীয় উদ্ধারকর্মী মিশেল চুয়া জানান, উদ্ধার অভিযানের শুরুতে জীবন শনাক্তকারী যন্ত্রে একটি ‘ক্ষীণ স্পন্দনের’ সংকেত পাওয়া গিয়েছিল। তবে ‘যখন তারা মরদেহটির কাছে পৌঁছায়... তখন জীবনের কোনো লক্ষণ আর পাওয়া যায়নি।’

আজ দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, মৃতের সংখ্যা ৪৫ জনে পৌঁছেছে। এ ছাড়াও ১৭ জন নিখোঁজ রয়েছে। একটি সাক্ষাৎকারে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো বলেন, নতুন করে শনাক্ত হওয়া মৃতের অধিকাংশ দাভাও অক্সিডেন্টাল প্রদেশে। তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ভূমিধস বা ভবন ধসে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি’র প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্র জেনারেল সান্তোস সিটির দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতা ছিল। স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে এটি আঘাত হানে।

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের কারণে একটি জোলিবি রেস্তোরাঁর উপরের তলা ধসে গেছে। এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত জেনারেল সান্তোষ সিটির একটি বাণিজ্যিক কমপ্লেক্সের বাইরের কংক্রিটের দেয়ালও ভেঙে পড়ে।

ভূমিকম্পের পর দক্ষিণ ফিলিপিন্স, উত্তর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাবাহ রাজ্যে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছিল। তবে ছয় ঘণ্টার বেশি সময় পর সতর্কতা প্রত্যাহার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টকে ‌‘বিশৃঙ্খলার বিশ্বকাপ’ অ্যাখ্যা ইংলিশ তারকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টকে ‌‘বিশৃঙ্খলার বিশ্বকাপ’ অ্যাখ্যা ইংলিশ তারকার

ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই দিন। এর মধ্যেই মাঠের ভেতরে ও বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে।

দলগুলো যখন বিশ্বকাপ প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ সারছে, তখন খেলোয়াড়, স্টাফ এবং রেফারিকে পড়তে হচ্ছে আয়োজক দেশের কঠোর ভিসা নীতিতে।

এখন সব কিছুকে ছাপিয়ে ফুটবল অঙ্গনে ভিসা সংক্রান্ত সমস্যা শিরোনামে উঠে এসেছে। এই ক্রমবর্ধমান ঘটনা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপকে আর্সেনাল ও ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি খেলোয়াড় এই বৈশ্বিক টুর্নামেন্টকে ‘বিশৃঙ্খলার বিশ্বকাপ’ বলে আখ্যা দিয়েছেন।

বুধবার (১০ জুন) আসন্ন বিশ্বকাপ নিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন ‘দ্য বিউটিফুল গেম’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন পর্ব শুরু করেছে। প্রতিবেদনে তারা বিশ্বকাপ উদ্বোধনী সপ্তাহের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের ভিসা বিতর্কে আলোকপাত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ফলে এখন এটি বাস্তবায়নের জোরালো চিত্র সামনে এসেছে।

এতে নির্দিষ্ট কিছু দেশের মানুষ কীভাবে টুর্নামেন্টে অংশ নিতে পারবে, সে বিষয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে।

চলতি সপ্তাহে এই নীতির কঠোর প্রয়োগ দেখা গেছে সোমালি রেফারি ওমর আব্দুলকাদির আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেন তাকে ফেরত পাঠানো হয়েছে সে বিষয়ে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ইস্তাম্বুল থেকে একটি ফ্লাইটে মায়ামিতে পৌঁছানোর পর তাকে তল্লাশির সম্মুখীন হতে হয়েছে।

কিন্তু আফ্রিকার সেরা পুরুষ রেফারি হিসেবে মনোনীত হয়েছিলেন আরতান। শুধুমাত্র কঠোর অভিবাসন নীতির বলি হিসেবে তিনি বিশ্বকাপে রেফারি হিসেবে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

এরপরই ফিফাও তার নাম বিশ্বকাপ রেফারি থেকে সরিয়ে নিয়েছে। মার্কিন সরকার কারণ হিসেবে যাচাই-বাছাই সংক্রান্ত উদ্বেগের কথা বলেছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯টি দেশের মধ্যে সোমালিয়াও রয়েছে।

ফিফার একজন মুখপাত্র বলেছেন, কে ভিসা পাবে এবং কাকে আয়োজক দেশে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, তা নির্ধারণের দায়িত্ব সেই দেশের সরকারের।

আরতানের নিষেধাজ্ঞার খবরটি এমন সময় এসেছে যেখানে ইরান ফুটবল দলও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। বিশেষত টুর্নামেন্টের জন্য আগত নির্দিষ্ট কিছু দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, বিবিসি স্পোর্টসের খবর অনুযায়ী, বেশ কয়েকজন স্কটল্যান্ড সমর্থকের ভ্রমণ অনুমতি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ফলস্বরূপ তাদের হোটেল ও ফ্লাইট বাবদ খরচকৃত অর্থ ক্ষতি হয়েছে।

এই ক্রমবর্ধমান ঘটনাটি স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনার জন্ম দিয়েছে, এবং আর্সেনালের সাবেক কিংবদন্তি ও ইংল্যান্ডের আন্তর্জাতিক খেলোয়াড় ইয়ান রাইট এই টুর্নামেন্টকে “বিশৃঙ্খলার বিশ্বকাপ” বলে আখ্যা দিয়েছেন।

গত মঙ্গলবার ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) এক বিবৃতিতে জানায়, আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের এক সপ্তাহ আগেই দেশটির সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল করা হয়েছে।

তবে ফিফা কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশের জন্য প্রতিটি ম্যাচের প্রায় ৮% টিকিট সংরক্ষিত রাখার নিয়ম রয়েছে। যাতে ফেডারেশনগুলো তাদের সমর্থকদের কাছে সেগুলো বিক্রি করতে পারে।

ইরান গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে। তবে কেনো ইরানের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিল করা হলো, এ বিষয়ে ফিফা কোনো কিছুই জানায়নি।

১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর এই প্রথমবার কোনো আয়োজক দেশ এমন একটি দেশকে আতিথ্য দেবে, যার সঙ্গে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে।

এসব বিতর্কে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই বৈশ্বিক টুর্নামেন্টটিকে কিছুটা ম্রিয়মাণ করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


শহীদ জিয়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রথম ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।

তিনি বক্তব্যে উল্লেখ করেন, দেশের প্রতিটি থানার হেডকোয়ার্টারে ৩১ শয্যার হাসপাতাল নির্মাণের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে শহীদ জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের উন্নয়নে জিয়াউর রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ জিয়াই প্রথম রাষ্ট্রনায়ক যিনি গ্রামের সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করতে প্রতিটি থানা হেডকোয়ার্টারে ৩১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

মন্ত্রী বলেন, তিনি ছিলেন এ দেশের স্বাস্থ্য খাতের প্রকৃত পথপ্রদর্শক। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শহীদ জিয়ার দেখানো পথ অনুসরণ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩১ শয্যার হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শহীদ জিয়ার উন্নয়ন দর্শনকে ধারণ করে বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রামীণ স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান যে স্বাস্থ্য ব্যবস্থার সূচনা করেছিলেন, তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী ৩১ বা ৫০ শয্যার বিদ্যমান সব হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন।

মন্ত্রী জানান, আমরা এরই মধ্যে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছি। শহীদ জিয়ার অন্যান্য কালজয়ী কর্মসূচির প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে শহীদ জিয়া যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, বর্তমান সরকারও পানি ধারণক্ষমতা বাড়াতে তা পুনরায় চালু করেছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান শিশুদের বিকাশের জন্য শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সততা ছিল প্রশ্নাতীত।

আলোচনা সভায় ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, সংগঠনটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%