ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই শুরু হচ্ছে কবি আল মাহমুদ স্মরণোৎসব


ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই শুরু হচ্ছে কবি আল মাহমুদ স্মরণোৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ৯ জুলাই শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের ‘সোনালী কাবিন পদক-২০২৬’ পাচ্ছেন কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার।

রবিবার (৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত এবং সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ। এই সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, জেলা প্রশাসন এবং কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত এ স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের সূচনা হবে ৯ জুলাই সকালে কবির কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন।

আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের সাহিত্য, জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তাঁর সাহিত্যচর্চাকে উৎসাহিত করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা এই স্মরণোৎসবের প্রধান উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হবে।

তিন দিনের কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণাভিত্তিক আলোচনা এবং স্কুল-কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা।

‘গদ্য সাহিত্যে আল মাহমুদ’ ও ‘কবিতায় আল মাহমুদ’ শীর্ষক আলোচনা সভায় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

১১ জুলাই বিকেলে সমাপনী অনুষ্ঠানে কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি আব্দুল হাই সিকদারের হাতে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ তুলে দেবেন। পরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধির অর্থ কী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধির অর্থ কী

'আয়াতুল্লাহ' একটি আরবি শব্দ। এর অর্থ 'আল্লাহর নিদর্শন' অথবা 'ঐশ্বরিক চিহ্ন'। এটি দ্বাদশ শিয়া ইসলামের একটি উচ্চ ধর্মীয় পদবি। পদবিটি সাধারণত ঐ আলেমদের জন্য রাখা হয়, যারা সেমিনারে কয়েক দশক ধরে ইসলামী আইনশাস্ত্র ও ধর্মতত্ত্বের অধ্যয়ন ও শিক্ষাদান করেন।

একজন আয়াতুল্লাহকে সাধারণত একজন মুজতাহিদ বলে গণ্য করা হয়। তিনি স্বাধীন আইনি যুক্তি প্রয়োগ করতে ও ধর্মীয় ফতোয়া জারি করতে যোগ্যতার অধিকারী একজন আইনজ্ঞ হন।

যদিও 'আয়াতুল্লাহ' মূলত একটি ধর্মীয় উপাধি, কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে এটি ইরানে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ে। বিশেষত, দেশটির সর্বোচ্চ নেতার জন্য উচ্চ পর্যায়ের ধর্মীয় যোগ্যতার প্রত্যাশা করা হয়। শিয়া ইসলাম ইরানের সরকারি রাষ্ট্রধর্ম, যা আনুমানিক ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ অনুসরণ করে।

সাম্প্রতিক বছরগুলোতে এই উপাধিটি একটি বিশেষ রাজনৈতিক তাৎপর্য লাভ করেছে। কারণ ইরানের রাষ্ট্র-সমর্থিত প্রতিষ্ঠান ও গণমাধ্যমগুলো মোজতবা খামেনিকে তার ধর্মীয় মর্যাদা জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে ক্রমবর্ধমানভাবে 'আয়াতুল্লাহ' বলে উল্লেখ করছে।

তার প্রয়াত পিতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ নেতা হওয়ার আগে, মোজতবা খামেনিকে ব্যাপকভাবে 'হোজাতে ইসলাম' হিসেবে বর্ণনা করা হতো। এটি আয়াতুল্লাহর চেয়ে এক ধাপ নিচের পদমর্যাদা।

ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতাকে অবশ্যই একজন জ্যেষ্ঠ ইসলামী আইনবিদ হতে হবে। এবং পর্যবেক্ষকদের মতে, উত্তরাধিকারী হিসেবে মোজতবা খামেনির ধর্মীয় পদমর্যাদা বৃদ্ধি করা ছিল প্রয়োজনীয় ধর্মীয় বৈধতা জোরদার করার একটি উপায়।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপটি চরম অস্থিতিশীলতার এই সময়ে কট্টরপন্থি ক্ষমতা কেন্দ্রগুলোর প্রতি, যার মধ্যে ইসলামিক রিভল্যুশনারি গার্ড কোরের সমর্থক গোষ্ঠীও রয়েছে, এমন একজন প্রার্থীর প্রতি পছন্দের ইঙ্গিত দেয়। যিনি ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখবেন।

বিশেষত, ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রথম দিনেই একটি মারাত্মক বিমান হামলায় আলী খামেনিই নিহত হওয়ার প্রেক্ষাপট তৈরির ঘটনা ঘটে। পরবর্তীকালে, তাকে সর্বোচ্চ নেতা বানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডভোকেসি সভা

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


আমতলীতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডভোকেসি সভা
বরগুনার আমতলী পৌরসভায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং একটি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৫ জুলাই ২০২৬) বিকেল ৩টায় আমতলী পৌরসভা মিলনায়তনে এনএসএস ও একশনএইড বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় পৌর এলাকার ক্রমবর্ধমান বর্জ্য সংকট, অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা, পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য ঝুঁকি এবং দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে একটি আধুনিক ও স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, এনজিও ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জিহাদ এবং আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান সালেহ।
এ ছাড়া সভায় তারুণ্যের আলো যুব ফোরামের সদস্যবৃন্দ, আমতলী পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ফলে প্রতিদিন পৌর এলাকায় বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। কিন্তু পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও স্থায়ী ডাম্পিং স্টেশনের অভাবে বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, জলাবদ্ধতা এবং বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকি বাড়ছে।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, একটি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের পাশাপাশি বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার (রিসাইক্লিং), জনসচেতনতা বৃদ্ধি এবং পৌরসভার সক্ষমতা উন্নয়নের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় পৌর কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব স্বীকার করে বলেন, নাগরিকদের সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
সভা শেষে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং আমতলী পৌরসভায় একটি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। সভা শেষে পৌর প্রশাসন বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকো ইংল্যান্ড ম্যাচের আগে প্রকাশ্যে মদ বিক্রিতে নিষিদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


মেক্সিকো ইংল্যান্ড ম্যাচের আগে প্রকাশ্যে মদ বিক্রিতে নিষিদ্ধ ঘোষণা

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা শেষ ষোলোয়। এই ম্যাচের জন্য মেক্সিকো সিটি প্রশাসন জোরদার প্রস্তুতি নিচ্ছে। শহরের খেলা দেখার জন্য নির্ধারিত বিভিন্ন স্থানে জনসমাগমকে সীমিত করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইকুয়েডরের বিরুদ্ধে জয়ের পর মেক্সিকোর উদযাপনের সময় চার সমর্থকের মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ করা হয়েছে।

যদিও ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভ এবং মেক্সিকো সিটির প্রধান চত্বরের ফ্যান ফেস্টে দর্শকসংখ্যা সীমিত রাখা হবে, কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার, মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা ম্যাচের আগে ও পরের নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি জানান, শ্বাসরোধ ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চার সমর্থকের মৃত্যুর ঘটনার পরে এসব অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেয়র ক্লারা ব্রুগাদা সাংবাদিকদের বলেন, রোববার মনুমেন্ট টু ইন্ডিপেনডেন্স, যা সাধারণভাবে ‘অ্যাঞ্জেল’ নামে পরিচিত এবং জোকালো চত্বরে প্রবেশ সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সংখ্যার বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হবে না।

অন্যদিকে, মেক্সিকো সিটির সরকারবিষয়ক সচিব সিজার ক্রাভিওতো জানান, ৫ জুলাই ভোর থেকে পরদিন পর্যন্ত শহরের কেন্দ্রস্থলে মদজাতীয় পানীয় বিক্রি নিষিদ্ধ থাকবে। তবে ভোজসভা কক্ষ, রেস্তোরাঁ, হোটেল, ব্যক্তিগত ক্লাব, সিনেমা হল, থিয়েটার ও অডিটোরিয়ামে মদপানের অনুমতি দেওয়া থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবি শিক্ষার্থী মানিকের উদ্যোগে হাজার রক্তকাঞ্চন রোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


ইবি শিক্ষার্থী মানিকের উদ্যোগে হাজার রক্তকাঞ্চন রোপণ কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের ভিতর ১০০০ রক্তকাঞ্চনের চারা রোপণের উদ্যোগ নিয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী মানিক রহমান। তিনি জানান, পরিবেশ সংরক্ষণ, ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন এবং সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।

রবিবার (৫ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় বাংলা বিভাগের প্রফেসর ড. মো. সরওয়ার মুর্শেদ এবং অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানিক রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমি নিজ উদ্যোগে ক্যাম্পাসে ১০০০টি রক্তকাঞ্চন গাছ (জার্মানির ল্যাভেন্ডার প্রজাতী) লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। গাছটি খুবই দৃষ্টিনন্দন। আমাদের ক্যাম্পাসের পাশাপাশি অন্যান্য ক্যাম্পাসের দুইটা গাছও আছে। আমি ভাবলাম, ক্যাম্পাসে যদি আরও সৌন্দর্য বাড়াতে কিছু ফুল গাছ লাগানো যায়, তাহলে ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগবে। সেই অনুপ্রেরণা থেকেই আমি শহিদ আনাস হলের দুইটা গাছ খেকে বীজ সংগ্রহ করি।"

তিনি আরও বলেন, "পরবর্তীতে শাহ আজিজুর রহমান হলের পরিত্যক্ত জায়গায় বীজগুলো রোপণ করে চাষযোগ্য করে তুলি। এখন ৩০০০-৪০০০ বীজ থেকে প্রায় ২০০০ চারা হয়েছে। সেই গাছগুলো থেকেই এখন আমি পুরো ক্যাম্পাসে ধাপে ধাপে ১০০০ গাছ লাগাব ইনশাআল্লাহ। যদি পরিকল্পিতভাবে চারাগুলো লাগানো যায়, আমি আশা করি কয়েক বছরের মধ্যে আমাদের ইবি ক্যাম্পাস বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসে রূপ নিবে।"

বাংলা বিভাগের প্রফেসর ড. মো. সরওয়ার মুর্শেদ বলেন, "বৃক্ষ হচ্ছে মানুষের সবচেয়ে পুরাতন বন্ধু, যে মানুষকে বাঁচতে সাহায্য করেছে এবং পৃথিবীতে টিকে থাকতে সাহায্য করেছে। তোমাদের মধ্যে এই বৃক্ষ প্রীতি, প্রকৃতি প্রীতি, নদী প্রীতি, এসব যদি আসে তাহলে সেটা খুবই আনন্দের। এই ছেলেটি (মানিক রহমান) আজ সবাইকে স্বপ্ন দেখাচ্ছে ১০০০ গাছ লাগানোর। ওর অসম্ভব ভালোবাসা গাছের প্রতি। আমি আশা করব, শিক্ষার্থীরা শুধু লেখাপড়া শিখে এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবে, তা না। প্রত্যেকে যেন একটা করে গাছ লাগিয়ে যায়। তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আমাদের লেকের ধারে তোমরা কিছু শোভাবর্ধন গাছ লাগাও। প্রকৃতির সঙ্গে থাকো। প্রকৃতি তোমাদেরকে নির্মল আনন্দ দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%