০৮:১৩ এম
বিশ্ববরেণ্য আলেম, ফকিহ এবং সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানী আগামী ২৫ নভেম্বর সিলেটে আসছেন, যা প্রায় দুই দশক পর ঘটছে। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেটসহ সারা দেশের উলামায়ে কেরাম, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সিলেটের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়াতুল খাইর আল ইসলামিয়া’ এই মহাসম্মেলন এবং সফরের আয়োজন করেছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মুফতি আবদুল মুনতাকিম জানিয়েছেন, তিনি দীর্ঘ সময় ধরে শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানীকে সিলেট ও বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। গত বছর সফরের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে, তাঁর সম্মতি ও আগ্রহে আগামী ২৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন: লাগামহীন কথাবার্তা থেকে বিরত থাকার গুরুত্ব ও ফজিলত
সফরের উপলক্ষে আগামী ২৫ নভেম্বর (বুধবার) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের শুরুতে বক্তব্য দেবেন পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা হানিফ জালন্ধরী। এছাড়া, দেশ-বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ এতে অংশগ্রহণ করবেন।
এক বার্তায় মুফতি আবদুল মুনতাকিম বলেন, "শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অনন্যসাধারণ ইসলামী ব্যক্তিত্ব। সমকালীন ইলম, ফিকহ, গবেষণা, ইসলামি অর্থনীতি ও দাওয়াতি মেহনতে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয়।" তিনি আরও বলেন, "এমন মহান মনীষীর সরাসরি সান্নিধ্য লাভ ও দিকনির্দেশনা গ্রহণ করা আমাদের জন্য বিরল নেয়ামত।"
তিনি যোগ করেন, "তাঁর বয়সের বার্ধক্য ও শারীরিক বাস্তবতার কথা বিবেচনা করলে ভবিষ্যতে এ ধরনের সফরের সুযোগ পাওয়া কতটা সম্ভব হবে বলা কঠিন।" তাই তিনি সিলেটের সর্বস্তরের উলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-খতিব এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে এই ঐতিহাসিক মহাসম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: যবিপ্রবিতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন, আনন্দমুখর পরিবেশে বিভিন্ন আয়োজন
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই মহাসম্মেলন সিলেটের দ্বীনি অঙ্গনে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন