আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি
০৯:১৪ পি.এম
সন্ত্রাস, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে অপরাধমুক্ত রাখতে সন্দ্বীপে এক বর্ণাঢ্য মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন সাবেক কমিশনার ও পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন রহমতপুর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ শাহজাহান, আকবর, হাছান, রাছেল, পৌরসভা যুবদলের কাওছার, আকবর, আলাউদ্দীন, ৮নং ওয়ার্ড রহমতপুরের সহ-সভাপতি ইসলাম, হেলাল ও শিহাবসহ স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, সমাজ থেকে সন্ত্রাস, জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সভা শেষে একটি বিশাল মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে "মাদকমুক্ত সমাজ গড়ি, সন্ত্রাস-জুয়া বন্ধ করি" স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদকে জানিয়েছেন যে, সরকারের আসন্ন পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রে বিদেশি দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাস্তবায়নযোগ্য বেশ কয়েকটি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ অন্তর্ভুক্ত করা হবে।
আজ সংসদে রংপুর-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আখতার হোসেনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ‘স্ট্র্যাটেজিক রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক (জুলাই ২০২৬ উজুন ২০৩১)’ শীর্ষক একটি নতুন অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, 'শিগগিরই প্রকাশিত হতে যাওয়া এই অর্থনৈতিক কৌশলপত্রে বিদেশি দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় কর্মসংস্থান সৃষ্টির জন্য বেশ কয়েকটি সুনির্দিষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।'
আমির খসরু জানান, আঞ্চলিক উন্নয়নে ভারসাম্য আনতে ‘গ্রোথ ক্লাস্টার নেটওয়ার্ক’ বাস্তবায়ন অন্যতম প্রধান উদ্যোগ হবে।
তিনি বলেন, ‘গ্রোথ ক্লাস্টার হলো এমন কৌশলগত অর্থনৈতিক কেন্দ্র, যেখানে শিল্পাঞ্চলগুলোকে ভৌগোলিক ও কার্যকরীভাবে সমন্বিত করে একটি সমন্বিত অর্থনৈতিক ইকোসিস্টেম গড়ে তোলা হবে।’
মনিবর জানান, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি)’ কাঠামোর আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রস্তাবিত অর্থায়নে দেশের বিভিন্ন অঞ্চলে নয়টি সমন্বিত গ্রোথ ক্লাস্টার প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, ‘উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ঢাকা হয়ে দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চল পর্যন্ত একটি মাল্টিমোডাল পরিবহন করিডরের মাধ্যমে এসব ক্লাস্টার সংযুক্ত থাকবে। এ উদ্যোগের আওতায় সিলেট অর্থনৈতিক অঞ্চল ও একটি পর্যটন অঞ্চলও অন্তর্ভুক্ত থাকবে।’
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এ কর্মসূচি আঞ্চলিক প্রতিযোগিতা সক্ষমতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি দেশব্যাপী ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
শ্রমবাজার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি)’র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
তিনি বলেন, ‘আইএলও’র সহায়তায় ট্রেড ইউনিয়নের অধিকার শক্তিশালী করা এবং শ্রমিক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে, যা তৈরি পোশাক খাতসহ অন্যান্য শিল্পে কর্মসংস্থানের মান উন্নয়নে সহায়ক হবে।’
পরিকল্পনা মন্ত্রী আরও জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’র মাধ্যমে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন সরকারের ‘স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি (এসটিএস)’-এর অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে।
ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার বিষয়ে তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের তহবিল সংগ্রহ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের পুনঃঅর্থায়ন কর্মসূচি আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, 'কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পৃথক অর্থায়ন নীতি প্রণয়ন করা হবে। পাশাপাশি নারী ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণসুবিধা প্রদান করা হবে।'
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এসব সমন্বিত উদ্যোগ বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ড. মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের করা ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ’ (এআরটি) চুক্তির বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি উল্লেখ করেছেন, এই চুক্তিটি দেশের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ঠ করা, জ্বালানি নিরাপত্তা জোরদার করা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘটে যাওয়া বিতর্কিত বাণিজ্যিক চুক্তি সম্পর্কে এমন মন্তব্য করেন।
এ কে এম ফজলুল হক মিলন প্রশ্ন করেন, নতুন রপ্তানি বাজার এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে কি কূটনৈতিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে?
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলন আয়োজনের বিষয়গুলো তুলে ধরেন।
তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ (এআরটি)। এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করে। ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে আমেরিকা থেকে তুলা, জ্বালানি পণ্য, সয়াবিন, গম, উড়োজাহাজসহ বিভিন্ন পণ্য আমদানি করতে বাংলাদেশ বাধ্য হবে। চুক্তি অনুযায়ী, এটি কার্যকর করতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের আরোপিত ১৩১টি শর্ত মানতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলায় আজ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল গাছের চারা বিতরণ করেছে।
আজ বুধবার দুপুরে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করার আয়োজন করা হয়, যা হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
চারা বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম।
এছাড়া নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ সৈকত এবং যুগ্ম-আহ্বায়ক মো. মশিউর রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল এই উদ্যোগ নিয়েছে।
ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদকের মতো একটি ভয়াবহ সামাজিক ব্যাধিকে কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের একক প্রচেষ্টায় নির্ম‚ল করা সম্ভব নয় বলে জানিয়েছেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত ঈশ্বরদীর বিভিন্ন অংশীজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার,এসিল্যান্ড আসাদুজ্জামান সরকার,কৃষি অফিসার মোমিনুল ইসলাম, ওসি তদন্ত জামাল উদ্দিন,পিআইও শিহাব উদ্দিন,একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আবুর রাজ্জাক, মিডিয়া কর্মীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন,মাদক ব্যবসায়ীরা বিত্তশালী বা সচেতন নাগরিকদের সন্তানদের টার্গেট করে। কারণ মাদক ব্যবসায় টাকা বেশি। তাই আমরা যারা ভাবছি "আমি ভালো আছি, আমার পরিবার সুরক্ষিত"Ñতারা আসলে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি। সন্তানদের খোঁজ রাখা, সন্তানরা কার সাথে মিশছে তা পর্যবেক্ষণ করা প্রতিটি মা-বাবার মৌলিক দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ