১০:৩৬ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুর ও লেকে প্রায় দুই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যা সবুজ ক্যাম্পাস গড়ে তোলা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে পরিচালিত হয়েছে। এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ।
সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ ও খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় এই কার্যক্রমটি নেওয়া হয়েছে, যা পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের অংশ। এর আগে, ২ অক্টোবর জাফর আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল।
কর্মসূচির আওতায় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে রুই ও তেলাপিয়া এবং লেকে শিং, মাগুর, রুই, কৈসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল জলজ সম্পদের বিকাশ, ক্যাম্পাসের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় বৈষম্য কমাতে স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, "আমরা চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস শুধু অবকাঠামোগত দিক থেকেই নয়, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের দিক থেকেও সমৃদ্ধ হয়ে উঠুক। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
তিনি আরও বলেন, "সরকারের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা নিজেদের জায়গা থেকে কাজ করতে চাই। শুধু মাছের পোনা অবমুক্ত করেই দায়িত্ব শেষ নয়; জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অন্যদেরও পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করবে এবং দ্বিতীয় ক্যাম্পাসকে একটি সবুজ, সুন্দর ও প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।"
উদ্যোক্তার প্রত্যাশা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ ধারাবাহিক পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজে ঘেরা, জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুকরণীয় ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
আরও পড়ুন: ইবিতে ‘সান্ধ্য আইন’ জারির খবর গুজব: উপাচার্য সতর্কতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন