০৩:৫৮ পি.এম
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেছেন, “সাংবাদিকরা সমাজের আয়না। আমরা যেমন আয়নার মাধ্যমে নিজেদের চেহারা দেখতে পাই, তেমনি সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে। তাই দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে।”
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাদারীপুর জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেন, “আমার বিষয়ে কোনো তথ্য বা অভিযোগ শুনলে আগে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি তার সঠিক উত্তর দিতে না পারি, তাহলে আপনারা যা সত্য মনে করবেন তা লিখবেন। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথে চলতে সহযোগিতা করবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম আর মর্তুজা, বেলাল রিজভী, এস আর শফিক স্বপন, ফরিদ উদ্দিন মুপ্তি। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, আরিফুর রহমান মোল্লা, মনজুর হোসেন, মহসিন তালুকদার, শাহাদাত জুয়েলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন