০৮:৫৪ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান। একদিনের সফরে কক্সবাজারে গিয়ে তিনি দিনের অন্যান্য কর্মসূচি শেষে চকরিয়ায় একটি জনসভায় এই কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে এসে তারেক রহমান আরও বলেন, "কথা একটাই, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।"
তিনি আরো বলেন, "আমরা সারা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ বেডে উন্নীত করব।" এর ফলে বাংলাদেশের গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে হবে না।
আরও পড়ুন: সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় সম্পদ: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
প্রধানমন্ত্রী আরো বলেন, "আজকে নতুনভাবে বলতে চাই, করব কাজ গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।"
শনিবার রাতে পৌর বাস টার্মিনালের সামনের সমাবেশ মঞ্চে গিয়ে পৌঁছান সরকারপ্রধান। জেলা বিএনপি আয়োজিত এ সভায় স্থানীয় নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর, বক্তৃতা দিতে উপস্থিত হন তারেক রহমান।
এদিন সকালে আকাশপথে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান কক্সবাজারে যান। এরপর সরকারপ্রধান পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন এবং সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেন।
এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন। পরে তিনি পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।
আরও পড়ুন: আজ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, বৃষ্টির শঙ্কা চট্টগ্রাম, খুলনা ও বরিশালে
এরপরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। চকরিয়ার জনসভা শেষে তিনি কক্সবাজারে লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন। এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরে যাবেন।
দেড় দশকেরও বেশি সময় লন্ডনে থাকার পর, গত বছরের ২৫ ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন