০৮:৩২ এম
নির্বাচন কমিশন (ইসি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের পরিকল্পনা করছে। ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের এই নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন।
ইসি সূত্রে জানা যায়, সম্প্রতি কমিশনের একটি বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি উত্থাপন করেন। তিনি ৬ থেকে ১৬ বছর বয়সীদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব দেন।
আরও পড়ুন: হাসিনার কাছে জানতে চাইলেন রিজভী
বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। কর্মশালার মাধ্যমে সুপারিশ তৈরি করে তা উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে নির্বাচন কমিশন ১৭ বছর বয়স থেকে এনআইডি সেবা প্রদান করে আসছে। তবে, বিভিন্ন মহল কম বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবি জানিয়ে আসছে। সেই দাবির প্রেক্ষিতে অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি নিয়ে কমিশন নতুনভাবে চিন্তা করছে।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
আরও পড়ুন: যশোরে রঞ্জন মন্ডলকে ইঞ্জেকশন পুশ করে হত্যা, মরদেহ নদীতে ফেলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন