ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

নোয়াখালীর গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি সমস্যা সমাধান করবে: ফখরুল ইসলাম


নোয়াখালীর গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি সমস্যা সমাধান করবে: ফখরুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সদ্য আবিষ্কৃত 'সুন্দলপুর সাউথ-১' গ্যাসক্ষেত্রটি দেশের জ্বালানি সমস্যার সমাধানে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম, যিনি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য। রোববার (৮ নভেম্বর) বিকেলে রামপুর ইউনিয়নে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) গ্যাস ক্ষেত্রটি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা অনুযায়ী, প্রাথমিকভাবে কূপটি থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এ ছাড়া, আগামী ২০ বছর ধরে এখান থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে বলেও জানানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার চলতি বছরের ৮ জুলাই থেকে সুন্দলপুর সাউথ-১ নামে নতুন কূপের খননকাজ শুরু করে। পরে তিন হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন করে গ্যাসের সন্ধান পাওয়া যায়। কর্মকর্তাদের ধারণা, কূপটি থেকে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাস পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: হাসিনার কাছে জানতে চাইলেন রিজভী

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এমপি ফখরুল ইসলাম বলেন, উত্তোলনকৃত গ্যাসের স্থানীয় সরবরাহকে অগ্রাধিকার দেয়ার জন্য সরকারকে অনুরোধ জানানো হবে। এছাড়া, গ্যাস ক্ষেত্রের জন্য অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের যথাযথ পাওনা বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি, ইনশাল্লাহ।

এ সময় সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্রের ইনচার্জ রাকিবুল হাসান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, বাপেক্সের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের বৈশিষ্ট্য খুঁজে পান নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের বৈশিষ্ট্য খুঁজে পান নুর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলার ভঙ্গি, আবেগ এবং মানুষের প্রতি দরদের প্রতিফলন দেখেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি মনে করেন, তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের নেতৃত্বের বৈশিষ্ট্য এবং মানুষের অধিকার নিয়ে কথা বলার ধরন স্পষ্টভাবে ফুটে উঠেছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক একটি জাতীয় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে নুরুল হক নুর বলেন, তারেক রহমানের কথাবার্তায় তিনি জিয়াউর রহমানের মতো আবেগপূর্ণ এবং দরদমাখা উপস্থাপনা লক্ষ্য করেছেন। মানুষের অধিকার ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই পরিচিত ভঙ্গি ফিরে এসেছে বলে মনে হয়েছে তার।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান যেভাবে মানুষের সঙ্গে কথা বলতেন, তারেক রহমানের বক্তব্যেও অনেকটা একই ধরনের আবেগ ও নেতৃত্বের ছাপ পাওয়া গেছে। তার মতে, এটি রাজনৈতিক উত্তরাধিকারের পাশাপাশি নেতৃত্বের প্রতি গভীর উপলব্ধিরও পরিচয় বহন করে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, সেখানে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন, বিদায় এবং সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। তারেক রহমান স্মৃতিচারণের সময় এসব বিষয় আন্তরিকভাবে তুলে ধরেছেন বলে মনে করেন নুর।

এ সময় জিয়াউর রহমানের শাসনামল ও দেশের উন্নয়নে তার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে। পরবর্তী সময়ে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্য এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত হন বলে মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুরের মতে, ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সময়কালে জিয়াউর রহমান দেশের অর্থনীতি ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে গ্রামাঞ্চলের মাটির রাস্তার দুই পাশে ফলদ গাছ লাগানো এবং বাড়িতে বাড়িতে হাঁস-মুরগি পালনের মতো উদ্যোগের মাধ্যমে মানুষের পুষ্টি ও আর্থিক অবস্থার উন্নয়নের পরিকল্পনা করেছিলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সে সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল থাকায় অনেক পরিবারের পক্ষে নিয়মিত মাছ, মাংস ও দুধ কেনা সম্ভব ছিল না। এ অবস্থায় বাড়িতে হাঁস-মুরগি পালন এবং রাস্তার পাশে ফলদ গাছ লাগানোর উদ্যোগ গ্রামীণ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারত।

তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগে দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠায় বাংলাদেশের মানুষের জন্য বিদেশে কর্মসংস্থান ও সহযোগিতার সুযোগ সম্প্রসারিত হয়েছিল। আরও কয়েক বছর সময় পেলে তিনি দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারতেন বলেও মন্তব্য করেন নুর।

আলোচনা সভার শেষ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত ১৭ বছরে অনেক নেতাকর্মী নির্যাতন, বঞ্চনা ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। বর্তমান সরকার ক্ষমতায় থাকায় ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত ব্যক্তিদের মূল্যায়নের প্রত্যাশা স্বাভাবিক। তবে সরকারের নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও সবাইকে বুঝতে হবে।

তার মতে, প্রত্যাশা পূরণের পাশাপাশি সরকারের নীতিগত অবস্থান সম্পর্কে সচেতন থাকাও নেতাকর্মীদের জন্য জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্বাগত মিছিল রাজবাড়ীতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


মাকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্বাগত মিছিল রাজবাড়ীতে

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম তার মাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিলের আয়োজন করেছেন।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৬টার দিকে তিনি প্রায় অর্ধশত নেতাকর্মী নিয়ে এই মিছিলটি করেন। মিছিলের একাধিক ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনার পর আজ (রোববার) ভোরে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পাংশার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সাইফুল ইসলাম প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের নয়ন মোল্লা (২০) ও সুহান শেক ওরফে সোহান (২৩)।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থানায় দায়েরকৃত নাশকতা মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আজ (রোববার) দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে তার মাকে সঙ্গে নিয়ে মিছিলের ভিডিও ও ছবি পোস্ট করা হয়। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, সাবেক ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা নজরুল ইসলাম ব্যানারের সামনে তার মাকে সঙ্গে নিয়ে মিছিলের স্লোগান দিচ্ছেন। তাদের পেছনে ব্যানার হাতে বেশ কিছু ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।

ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট করার সময় তিনি লেখেন, ‘এই জনপথ আমার নিজস্ব গ্রামের রাস্তা! বাম পাশে আমার মা, তার বাম পাশে আবার বাড়ি। এই পাংশা আমাদের, এই রাজবাড়ী আমাদের। এখানে বড় হয়েছি! এই আলো-বাতাসের কাছে অনেক ঋণ আছে। তাই এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি! এখানকার পথচলা ঢাকার রাজপথে বিপ্লবের জন্ম দিবে। অনেকদিন পর হাঁটতে পারছি। আমার ও আমার পরিবারকে মব করে ২০২৫ সালে জানুয়ারিতে পঙ্গু করা হয়, বিশেষ করে আমাকে। তারপরও শত থ্রেট, কয়েকবার হামলা আর চাঁদার টাকা। আমি নিজে হাঁটতে পারিনি প্রায় দেড় বছরের বেশি। এখনও আমার পা সুস্থ নয়। কিন্তু আমাদেরকে শেষ করা যাবে না। জানি আবার শুরু হবে বাসা লুটপাট আর ভাঙচুর। তবে মাথায় রাখিয়েন, জবাব একদিন দিতে হবে। পা কিছুটা ভালো হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে। বড় কিছু অপেক্ষা করছে। আমাকে দমানো যাবে না....’

তিনি আরও লেখেন, ৫ আগস্টের পর এখন পর্যন্ত আমাদের বাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। আমার নামে ১৯টির মতো মিথ্যা মামলাও হয়েছে। আমি জানি আজকের মিছিলের পর আবার নতুন করে মামলা হবে। হামলা-মামলার ভয়ে বাড়িতে আমার বা-বাবা কেউ নেই। তারপরও এখন থেকে আর বসে থাকার সুযোগ নেই। যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাব আমরা।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান যুগান্তরকে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়টি সন্ধ্যার পর জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। আমাদের হাতে আসা ভিডিও ও ছবি দেখে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা এই রাষ্ট্রবিরোধী কাজে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার তোশিসুকে কানাজাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার তোশিসুকে কানাজাওয়া

জাপানের বডি বিল্ডার তোশিসুকে কানাজাওয়া, যিনি বয়স ৯০, এখনো তরুণদের সঙ্গে শক্তি ও গঠনে পাল্লা দিয়ে চলেছেন। দীর্ঘকাল ধরে শরীরচর্চা ও নিয়ন্ত্রিত খাদ্যাভাসের ফলে তার এই ফিটনেস বিশ্বকে অবাক করে তুলেছে।

সম্প্রতি, কানাজাওয়া জাপান মাস্টার্স বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ৮৫ বছরের বেশি বয়সিদের বিভাগে শিরোপা অর্জন করেন। এর ফলে, জাতীয় পর্যায়ে তার শিরোপার সংখ্যা ১৯-এ পৌঁছেছে।

অক্টোবর মাসে, তিনি স্পেনের সান্তা সুসানায় অনুষ্ঠিত আইএফবিবি ওয়ার্ল্ড ফিটনেস অ্যান্ড বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করেন। সেখানে, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কয়েক দশক কম বয়সি শরীরচর্চাবিদ। যদিও তিনি পদক জিততে পারেননি, তবে তার অংশগ্রহণকে একটি বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কানাজাওয়া মনে করেন, সুস্বাস্থ্যের জন্য জাপানের ঐতিহ্যবাহী খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি প্রায় ৫০ বছর বয়স থেকে এই খাদ্যাভাস অনুসরণ শুরু করেন। তার দৈনন্দিন খাবারের তালিকায় বাদামী চাল, নাট্টো, মিসো স্যুপ এবং কাঁচা ডিম অন্তর্ভুক্ত রয়েছে।

আগে তিনি দিনে ৬ বার প্রোটিন শেক পান করতেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা কমিয়ে ৩ বার করেছেন। এছাড়া, তিনি মাছ ও মাংস খাওয়ার পরিমাণও কমিয়ে দিয়েছেন। উল্লেখ্য, তিনি জীবনে কখনো ধূমপান করেননি।

৯০ বছর বয়সেও কানাজাওয়া নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন। তবে, এখন তিনি আগের তুলনায় ব্যায়ামের ধরন পরিবর্তন করেছেন। শরীরের সক্ষমতা অনুযায়ী ওজন ও ব্যায়ামের গতি নিয়ন্ত্রণ করার জন্য বর্তমানে তিনি জিমের বিভিন্ন মেশিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বিশেষজ্ঞদের মতে, বয়স্ক ব্যক্তিদের শরীরচর্চার ক্ষেত্রে বয়সের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দেওয়া উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সিদের সপ্তাহে অন্তত দুইদিন পেশি শক্তিশালী করার ব্যায়াম করা উচিত।

সূত্র: সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা-ব্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা-ব্যাগ

নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শিক্ষার্থীপ্রতি বছরে সর্বোচ্চ ১ হাজার ৯৫০ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুল ড্রেসের জন্য ৬০০ টাকা, ব্যাগের জন্য ৬০০ টাকা, জুতার জন্য ৭০০ টাকা এবং মোজার জন্য ৫০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। দরপত্রের মাধ্যমে কেনাকাটা করার সময় ব্যয় কমানোর চেষ্টা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের পুষ্টির নিশ্চয়তা দিতে মিড-ডে মিল কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে এসব উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে সরকার। তবে প্রথম বছরে শিক্ষাবর্ষের শুরুতেই সব উপকরণ বিতরণ করা সম্ভব নাও হতে পারে। পরবর্তী বছরগুলোতে স্কুল খোলার সময় এসব উপকরণ বিতরণের লক্ষ্য রাখা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগান্তরকে এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পোশাক ও অন্যান্য উপকরণের জন্য শিক্ষার্থীপ্রতি ১ হাজার ৯৫০ টাকা বরাদ্দের হিসাবটি এক বছরের জন্য। তবে এই কার্যক্রম বাস্তবায়ন হবে পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) প্রকল্পের আওতায়। এটি সম্ভাব্য সর্বোচ্চ ব্যয়; প্রকৃত ব্যয় দরপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। পিইডিপি-৫ প্রকল্পের মোট ব্যয় ৪১ হাজার ৯০ কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩৩ হাজার ২০৩ কোটি এবং বৈদেশিক অর্থায়ন ৭ হাজার ৮৮৭ কোটি টাকা।

তিনি আরও জানান, স্কুল ড্রেসের মান, রং, কাপড় ও শিক্ষার্থীদের বয়স-শ্রেণি অনুযায়ী মাপ নির্ধারণের জন্য বিজিএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পাইলট কার্যক্রমের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় দুই লাখ ইউনিফর্ম সরবরাহ করেছে। পাশাপাশি বাটা ও অ্যাপেক্সসহ বড় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রায় ৫০ হাজার জুতা দিয়েছে। এসব উপকরণের মান ও উৎপাদন ব্যয় বিবেচনায় বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে। এর জন্য একজন পরিচ্ছন্নতাকর্মীর মাসিক সর্বোচ্চ বেতন ৫ হাজার টাকা ধরা হয়েছে। পাঁচ বছরে এই খাতে মোট ব্যয় হবে প্রায় ২ হাজার কোটি টাকা।

প্রতিমন্ত্রী বলেন, চার থেকে ১০ বছর বয়সি শিশুদের কাছ থেকে সব সময় পরিচ্ছন্নতা বজায় রাখার সচেতনতা আশা করা যায় না। বিদ্যালয়ের শৌচাগার ও পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে পরিচ্ছন্নতাকর্মী প্রয়োজন। শিক্ষকদের দিয়ে বাথরুম পরিষ্কার করানো কিংবা শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহারে বাধ্য করা গ্রহণযোগ্য নয়। প্রয়োজনীয়তা ও হিসাব বিবেচনা না করে এ ব্যয়কে অপচয় বলা ঠিক হবে না।

পিইডিপি-৫ প্রকল্পের ব্যয় প্রসঙ্গে তিনি জানান, প্রথমে প্রকল্পটির ব্যয় ৪৭ হাজার কোটি টাকার বেশি ধরা হয়েছিল। পরে বিভিন্ন খাত পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে প্রায় ৬ হাজার কোটি টাকা কমানো হয়েছে। পিইডিপি-৪ গত জুনে শেষ হয়েছে। এরপর জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি পিইডিপি-৫ চালুর পরিকল্পনা ছিল। প্রকল্পের কিছু খাত বাদ দেওয়া এবং অন্য প্রকল্পের আওতায় নেওয়ার কারণে ব্যয় কমেছে।

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিকের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময় নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইও বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। শিক্ষার্থী ও অভিভাবকরা ফল নিতে এসে পরবর্তী বছরের বই নিয়ে যেতে পারবেন।

তবে ইউনিফর্ম, জুতা, ব্যাগসহ অন্যান্য উপকরণ একই সময়ে বিতরণ করা সম্ভব হচ্ছে না। প্রতিমন্ত্রী বলেন, এক কোটির বেশি শিক্ষার্থীর জন্য পোশাক ও জুতার মাপ, মানসহ নানা বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমবার এত বড় পরিসরে কার্যক্রম বাস্তবায়নে বাড়তি প্রস্তুতির প্রয়োজন। তারা তাড়াহুড়া করে ত্রুটিপূর্ণ উপকরণ দিতে চান না। আগামী বছর এগুলো সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৫০টিতে মিড-ডে মিল কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে অন্যান্য বিদ্যালয়গুলোতেও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রান্না করা খাবার ও কুপনের মাধ্যমে খাবার দেওয়ার দুটি প্রস্তাব এসেছে। দেশব্যাপী চালুর আগে পদ্ধতি দুটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। ফলাফল পর্যালোচনা করে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, শুধু খাবার দেওয়া নয়, শিশুদের পুষ্টি নিশ্চিত করাই এ কর্মসূচির লক্ষ্য। বিদ্যালয়ের খাবার থেকে শিশুর দৈনিক পুষ্টির চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণের পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফ্যাট ও কার্বোহাইড্রেটের চাহিদা বিবেচনায় খাবারের তালিকা করা হয়েছে। রান্না করা খাবারে স্থানীয় সবজি, মাছ, মাংস ও ডিম রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%