১১:৪৭ পি.এম
দোয়া হলো ইবাদতের একটি অপরিহার্য অংশ। ভাগ্য পরিবর্তনের জন্য দোয়ার থেকে ভালো কিছু নেই।
এ কারণে বিপদ-আপদ কিংবা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য বা কল্যাণের আবেদন জানাতে সবসময় মুমিনরা সৃষ্টিকর্তার কাছে দু’হাত উঠিয়ে ধরেন। রাসুল (সা.) বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষ্কাল বৃদ্ধি করতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো মাধ্যমে তাকদীর (ভাগ্য) পরিবর্তন সম্ভব নয়। (সুনান ইবনু মাজাহ, হাদিস: ৪০২২)
নামাজ অপরিহার্য ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা উল্লেখ আছে।
আরও পড়ুন: পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে
ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)। হাদিসেও নামাজ আদায়ের গুরুত্ব বারবার উল্লেখ হয়েছে। পাশাপাশি ওয়াক্তমতো নামাজ আদায়েও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। মহান আল্লাহ’র কাছে যথাসময়ে সালাত আদায় করা অধিক প্রিয় আমল। (সহিহ বুখারি, হাদিস: ৫০২)
নামাজ আদায়ের সময় এমন কিছু বিশেষ দোয়া আছে যেগুলোর ফজিলত উল্লেখযোগ্য। এর মধ্যে রুকু শেষে পড়া বিশেষ দোয়ার কথাও এসেছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসুল (সা.) বলেছেন, যখন ইমাম ‘সামিআল্লাহু লিমান হামিদা’ বলেন, তখন তোমরা ‘আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ্’ বলবে। কেননা, যার এই উক্তি ফেরেশতাদের সঙ্গে একই সময়ে উচ্চারিত হয়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হয়। (সহিহ বুখারি, হাদিস: ৭৬০)
অন্য একটি হাদিসে রুকু শেষে একটি বিশেষ দোয়া পড়ার কথা উল্লেখ আছে, যা পড়লে ফেরেশতারা বান্দার সওয়াব লেখার জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেন।
রিফা’আ ইবনু রাফি যুরাকী (রা.) বলেন, একবার আমরা রাসুল (সা.) এর পেছনে নামাজ আদায় করছিলাম। তিনি যখন রুকু থেকে মাথা উঠিয়ে ‘সামিআল্লাহু লিমান হামিদা’ বললেন, তখন এক সাহাবী ‘রাব্বানা ওয়া লাকাল হামদ্, হামদান কাছিরান তাইয়্যিবান মুবারাকান ফিহি’ বললেন।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
পরবর্তীতে নামাজ শেষ করে রাসুল (সা.) জিজ্ঞাসা করলেন, কে এ কথা উচ্চারণ করেছিলেন। তখন ওই সাহাবী বললেন, আমি। জবাব হিসেবে রাসুল (সা.) বললেন, আমি দেখলাম ৩০ জনের বেশি ফেরেশতা এর সাওয়াব কে আগে লিখবেন, তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। (সুনান আবু দাউদ, হাদিস: ৭৭০; সহিহ বুখারি, হাদিস: ৭৬৩)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন