০৭:৪৮ পি.এম
স্বামীর পিকআপে চড়ে রাতের বেলা ঘুরতে যাওয়ার জন্য স্ত্রী আবদার করেন। স্বামী সেই আবদার পূরণ করতে পিকআপে স্ত্রীকে নিয়ে বের হন। ঘণ্টা খানেক ঘোরাঘুরি করার পর পিকআপটি বিকল হয়ে পড়ে, ফলে বিপাকে পড়েন ওই দম্পতি। স্থানীয়রা গরুচোর সন্দেহ করে ওই দম্পতিকে আটক করেন, পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এই ঘটনা ঘটেছে সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায়। আটকের শিকার দম্পতি হলেন ঈশ্বরদী পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।
গ্রেপ্তার হওয়া রায়হান শেখের দাবি, রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী সুমাইয়া খাতুন ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর তারা নিজস্ব পিকআপ নিয়ে বের হন। প্রায় এক ঘণ্টা ঘোরাঘুরির পর তারা উমিরপুর এলাকায় পৌঁছান, কিন্তু পিকআপটি বিকল হয়ে যায়। স্ত্রীকে দাঁড় করিয়ে রেখে তিনি সেখানে গাড়ি মেরামত করার চেষ্টা করছিলেন।
আরও পড়ুন: কাউখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪, পুলিশের জিম্মায় গাড়ি
এ সময় এলাকার একজন ব্যক্তি তাদের দেখে গরুচোর হিসেবে সন্দেহ করেন। পরে তিনি আরও কিছু লোককে ডাকলে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা তাদের আটক রেখেছিলেন। এ সময় কয়েকজন মিলে রায়হানকে মারধরও করেন। পরে ভোরবেলায় স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ওই দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, গরুচোর সন্দেহে স্থানীয়রা ওই স্বামী-স্ত্রীকে আটক করেছিলেন এবং পুলিশে খবর দিয়েছিলেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। কিন্তু মধ্যরাতে তারা ওই এলাকায় অবস্থান করার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক হওয়া দম্পতির পক্ষে বা বিপক্ষে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন