১১:১৬ পি.এম
এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস ইতিমধ্যেই দাবি করেছে যে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী দেশটির ক্লাব সাবাহ এফকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন।
যদি এই খবর সঠিক হয়, তবে ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হবে হামজার। গত মৌসুমে খারাপ পারফরম্যান্সের কারণে লেস্টার ইংলিশ ক্লাব ফুটবলের তৃতীয় স্তর ইএফএল লিগ ওয়ানে নেমে গেছে।
অন্যদিকে, সাবাহ এফকে গত মৌসুমে আজারবাইজান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। যদি তারা বাছাইয়ের প্লে-অফ টপকে যেতে পারে, তাহলেই মূল পর্বে স্থান পাবে।
আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের
যদি সেটি ঘটে, তবে হামজাকে ২০২৬-২৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে দেখা যাবে।
কিছুক্ষণ আগে ডেনমার্কের ক্লাব আরহুসের বিপক্ষে প্লে-অফের প্রথম লেগে সাবাহ এফকে মাঠে নেমেছে। ফিরতি লেগ আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। দুই লেগের ফলাফলের ভিত্তিতে জয়ী হলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আজারবাইজানের এই ক্লাব।
যদি প্লে-অফে হেরে যায়, তাহলেও আগামী মৌসুমে ইউরোপীয় মঞ্চে সাবাহ এফকে-কে দেখা যাবে। এ ক্ষেত্রে তারা ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে।
অফসাইডপ্লাসের খবরে উল্লেখ করা হয়েছে, কিছুদিনের আলোচনা চলার পর শেষতক সাবাহ এফকে এবং হামজা চৌধুরী একটি সমঝোতায় পৌঁছেছে। ২৮ বছর বয়সী এই ফুটবল তারকা আগে লেস্টার সিটি থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন।
আরও পড়ুন: বিসিবি ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়োগ দিল
লেস্টার সিটির হয়ে হামজা উল্লেখযোগ্য কিছু শিরোপা জিতেছেন। ২০২১ সালে এফএ কাপ সহ ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা তিনি অর্জন করেছেন।
ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য ৪০ লাখ ইউরো, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন