বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪২ পি.এম
বছরের পর বছর ধরে চলতে থাকা সামরিক চাপ এবং সউদী নেতৃত্বাধীন বিমান হামলার মাঝেও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নিজেদের অবস্থান দেশটির ভেতরে আরও শক্তিশালী করে তুলছে। একই সময়, সউদী আরবের লক্ষ্যবস্তুতে গোষ্ঠীটি প্রায় নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ তাদের হাতে না থাকলেও, মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা কীভাবে ধারাবাহিক সামরিক সক্ষমতা বজায় রেখেছে, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, দুই দশকেরও বেশি সময়ের যুদ্ধের অভিজ্ঞতা, ইরানের সামরিক সহায়তা, ইয়েমেনি সরকারি বাহিনীর অভ্যন্তরীণ বিভাজন এবং দুর্গম ভূখণ্ডে কেবল আকাশপথে হামলার সীমাবদ্ধতা হুথিদের এই অগ্রগতির পেছনে মূল ভূমিকা রেখেছে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও প্রভাব পড়েছে। ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলরেখায় হুথিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার খবর বাব আল-মান্দাব প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌবাণিজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
সউদী আরবে অব্যাহত হামলা
সাম্প্রতিক সময়ে সউদী আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলার দাবি করেছে হুথিরা। বুধবার তারা সউদী আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করে। সউদী নেতৃত্বাধীন জোট জানায়, ওই এলাকায় চারটি ড্রোন প্রতিহত করা হয়েছে, তবে শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেনি। অন্যদিকে, রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির আশপাশে ব্যাপক ধোঁয়া দেখা গেছে। এর আগের দিন রিয়াদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ভবনে হামলায় ১১ জন আহত হন। এ ছাড়া ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালানো হলে জেদ্দা ও লোহিত সাগরের অন্যান্য সউদী বন্দরে পাল্টা আঘাতের হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।
যেভাবে শক্তিশালী হয়ে উঠল হুথিরা
২০০৪ সালে ইয়েমেন সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করা একটি ছোট গোষ্ঠী থেকে হুথিরা আজ সুসংগঠিত সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ১৯৯০-এর দশকে উত্তর ইয়েমেনের জায়েদি শিয়া ধর্মীয় গোষ্ঠী 'বিলিভিং ইয়ুথ' থেকে এর সূচনা ঘটে। প্রতিষ্ঠাতা হোসেন আল-হুথি ২০০৪ সালে সরকারি বাহিনীর হাতে নিহত হওয়ার পরও বিদ্রোহ থামেনি। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ছয় দফা সংঘাতে লড়ে তারা যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করে।
২০১১ সালের আরব বসন্তের সময় ইয়েমেন সরকার দুর্বল হয়ে পড়লে হুথিরা এলাকা বাড়াতে থাকে এবং ২০১৪ সালে রাজধানী সানা দখল করে রাষ্ট্রীয় কাঠামো ও সামরিক সম্পদের নাগাল পায়। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ইয়েমেন ও উপসাগরীয় বিশেষজ্ঞ বারা শাইবান নিউইয়র্ক টাইমসকে বলেন, হুথিদের প্রস্তুতিকে অবমূল্যায়ন করেছিল সরকার। ২০১৫ সালে সউদী নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করলেও ২০১৭ সালে সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর তাকে হত্যা করে উত্তর ইয়েমেনে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ পোক্ত করে হুথিরা।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ২০২৩–২০২৫ সময়ে গাজা যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে তারা আঞ্চলিক পরিসরে নিজেদের তৎপরতা বাড়ায়। সর্বশেষ গত আগস্টে ইরানকে ঘিরে বৃহত্তর সংঘাতের প্রেক্ষাপটে ইয়েমেনে লড়াই আবার তীব্র রূপ নেয় এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তারা উপকূল ও দক্ষিণে অগ্রসর হয়।
বিমান হামলার সীমাবদ্ধতা ও সরকারি বাহিনীর বিভাজন
বিশ্লেষকদের মতে, পুরো দেশ দখলে না থাকলেও রাজধানীসহ বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ, ইরানি সহায়তা এবং স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদনের সক্ষমতা হুথিদের সীমান্ত পেরিয়ে হামলা চালানোর শক্তি জোগাচ্ছে। সউদী আরবের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করলেও প্রতিটি হামলা ঠেকানো কঠিন হয়ে পড়ছে এবং এতে গোষ্ঠীটির হামলার সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না।
অন্যদিকে, কেবল বিমান হামলার মাধ্যমে ভূখণ্ড পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না; এর জন্য সমন্বিত স্থলবাহিনী প্রয়োজন। ইয়েমেনের পাহাড়ি ভূখণ্ড ও হুথিদের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে মধ্য ইয়েমেনে সরকারি বাহিনীর পাল্টা অভিযান ব্যাহত হচ্ছে। পাশাপাশি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াইরত বিভিন্ন সামরিক উপদল ও গোষ্ঠীর মধ্যকার অনৈক্য ও কোন্দল হুথিদের সুবিধা দিয়েছে। যদিও সরকার জানিয়েছে, তারা সামরিক কমান্ড একীভূত করার উদ্যোগ নিয়েছে, তবুও এখন অগ্রাধিকার দিতে হচ্ছে অস্থায়ী রাজধানী এডেন রক্ষায়।
এডেন ও আঞ্চলিক সংকট
হুথি বাহিনী এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান নেওয়ায় শহরটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি জানিয়েছেন, এডেনের পতন হবে না এবং তাদের অগ্রাধিকার এডেন রক্ষা, প্রণালি পাহারা দেওয়া ও তাইজ অবরোধের অবসান ঘটানো। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আগস্ট থেকে এ পর্যন্ত সংঘাতে ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
হরমুজ প্রণালিতে ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনার মধ্যে বাব আল-মান্দাব ঘিরে নতুন অস্থিরতা বৈশ্বিক বাণিজ্যপথের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। পর্যবেক্ষকদের মতে, দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল সামরিক অভিযানের বাইরে গিয়ে রাজনৈতিক ও আঞ্চলিক সমাধানের পথ খুঁজতে হবে। সূত্র: গালফ নিউজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ